আমাদের সূর্যের বয়স বেড়ে গেছে,
কতো পাখি হারিয়ে গেছে,
দিনান্তে শীত এসে যখন উঠোনে দাঁড়ালো,
আমরা অবাক হয়ে জানলাম,
আমাদের নদীটাও মরে গেছে।
জোনাকীরা চলে গেছে পাখিদের সাথে,
বর্ষার বৃষ্টি বলেছিলো, সে আসবে কালেভদ্রে।
হারিয়ে যায় দিনমানের অসংখ্য গল্প,
সবুজ ধানের ক্ষেতের আলে নাম না জানা
ছোট হলুদ ফুল,
নিশি পাওয়া একলা মানুষ হেঁটে বেড়ায় সারা উঠোন।
অন্ধকারে কেউ কি আসবে তার কাছে মাটি ফুঁড়ে।
ডানা ঝাপটে জানান দেবে পাখিদের ফিরে আসা?
মুখের সামনে জোনাকি এসে বলবে, এইতো আমি।
মানুষটা তখনো বলবে, আমি এখনো একা কেন?
আমাদের নদীটা কাউকে কিছু না বলে
মরে গেল কেন?
Comments
-
-
Ayesha akter Shilpi
3 weeks ago
এক আকাশ মুগ্ধতা রেখে গেলাম কবি💗