Poetry

কাপলেট,ম্যাক্সিম ও শের গুলো

October 4, 2026

223 views

১.


কয়েকখানি পাখির ডানায় গান

শুনতে শুনতে বহু ক্রোশ পথ হাঁটি

পৌঁছে দেখি, সেসব ডানা -ভর্তি অপমান।

-

২

জেনেছিলে

মরণের আগে

ক্লান্ত পাখির চোখ

কেন রাত জাগে।

.

কী ভীষন

বিষন্ন রোগে-

হাসি খুশি বৃক্ষরা

সারা রাত ভোগে।


কী ভীষন

বিষন্ন রাগে-

হাসি খুশি বৃক্ষরা

চলে যায় আগে।

-

৩


আত্মহত্যা গোত্রীয় যারা তারা জানে,পৃথিবীর

সবচেয়ে সোয়াদী বনস্পতি বিষন্নতা গাছ।

-

৪

শারাব জানে কোন পেয়ালায় কান্না কেমন

মদের সাথে জলের সঠিক মাত্রা যেমন।

-

৫

আপাতত তোমার চোক্ষে

আমার চোখের জল।

আপাতত তোমার শরীর

আমার ছিটমহল!

-

৬

 নি:সঙ্গ একা মানুষের সবচেয়ে বড় শাস্তি উৎসবের

দিন।

-

৭

আমাদের শহর এক হাজার দুয়ারী

আমি,তুমি পালাতে চাওয়া এক অক্ষম নবাব।

-

৮

কোন এক কালে,কোন এক বিদ্বেষে

আমরা এক হই চিরই পাতার মত,....আড়ষ্টে,আড়ষ্টে।

-

৯

ঈশ্বর,শহরের বেওয়ারিশ ল্যাম্পপোস্ট আর ক্রিমসন লাইটগুলো নিভিয়ে দাও প্লিজ!আমি একটু ঘুমাব।

-

১০

আমাদের রাতগুলো শুধু বাড়ে।একেবারে অযত্নে

বাড়া দাড়ির মত।শুধু দীর্ঘ থেকে দীর্ঘতর হয়।

-

১১

যা কিছু মন খারাপ করে দেয়,তার সবই তো দু:খ নয়।তার কেউ কেউ নারী।

-

১২

আমার চোখ যেন এক পরিযায়ী পাখি।কাঁদতে কাঁদতে চলে যায় সাইবেরিয়া! 

-

১৩

অকেজো জানোয়ারের আর কেউ থাকে না,অধ:পতন ছাড়া।

- ১৪

প্রত্যেক অক্ষম বট কী স্থির, ক্লান্ত ভণিতায় অপেক্ষারত!

-

১৫

মাথা উঁচু করে ধুঁকে আছি।

মাথা নত করে টিকে আছি।

- ১৬

অনেকগুলো কবি,তাদের মা, বাবা,ক্যারিয়ার, প্রেমিকা ইত্যাদি নষ্ট হয়ে একেকটা কবিতার জন্ম হয়।

-

১৭

তোমার ভিতরে যে পাখি,গান গায়,দাপায় ও হাঁপায় অক্ষমে;তাকে গলা টিপে মেরে ফেলার পর্যাপ্ত সময়টুকুই তোমার আয়ু,কবি!

-

১৮

কবি, আপনি এক হত-ভাগ্য গজ ফিতা।দীর্ঘ দৈর্ঘের কষ্ট,আর অতি স্বল্প প্রস্থের জীবন নিয়ে আপনি আরামে হেঁটে বেড়ান।

-

১৯

মাছেদের মত এক স্বভাব হয়েছে।

দ্রবীভূত বেদনায় জোরে শ্বাস নেই।

-

২০

কোথায় যাব মা!চারপাশে বড় বেশি সফল মানুষ! 

-

২১

পেলে পুষে বড় কর যদি,ক্ষত বেড়ে যাবে

ইক্ষুর তারের মত প্যাঁচাবে,প্যাঁচাবে।

২২

তোমার দেশে

                    এ বিদ্বেষে...

দক্ষ এক

              দোষ হয়েছি।

২৩

দূরে থাকো মানুষেরা,দূরে থাকো কাক

কাছে এসেছিলো যারা;দূরে চলে যাক।

দূরে কাঁদো মানুষেরা,দূরে কাঁদো রাত

কেঁদেছিলে যারা খুব,ছেড়ে যেও হাত।


২৪

ওপাশে কফিন প্রিয়

এপাশে কফির সোয়াদ

মদের গেলাশে হেমলক

আমার চোখেতে ঢেলে দিও।


২৫.

আমার চোখ খুবলে খাবে

মানুষ

আমার চোখ খুবলে খাবে

চিল


আমায়

খুবলে খাওয়ার আয়োজনে

তাদের

সমান সমান মিল।


২৬.

পালাতে গিয়ে হারিয়ে যাচ্ছে মানুষ

তবু পালায় হারানোর ঝুঁকি নিয়ে।

হারানো মানুষ একদিন ফিরে আসে

পালানো মানুষ হারায় চৈত্র মাসে।




Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login