Poetry

আবার কখনো দিন ফিরলে

October 7, 2026

25 views

আবার কখনো দিন ফিরলে
আমরা একসাথে ভোর দেখতে দুর্গাপুর যাবো।
চিনেমাটির পাহাড় হতে একদলা মাটি নিয়ে
আমরা একসাথে বসে নতুন একটা পাহাড় বানাবো।
আমাদের বাসভূমে কোন পাহাড় নেই। তুমি
প্রায়ই বলতে পাহাড়ের পাশে একটা বাড়ি বানাবে।

পরিযায়ী পাখির মতো মানুষ হয়, তোমায়
না দেখলে আমার জানা হতো না। তোমার
আমার গল্পগুলো কোন গেরস্থালী জীবনের
ঘটনাও হতে পারেনি। সকালে চুলোর পাশে বসে
তোমার ব্যাস্ততার কোন দৃশ্যও ঘটেনি।
অদ্ভুত অনেক কিছুর কথা বলতে তুমি। সেগুলো
আমাকে আকূল করতে বলা হয়েছিল, নাকি
তোমারও আকূলতা- জানা হয়নি। সব শেষে
তোমার পরিযায়ী পরিচয়ে বোঝা গেল,
এমনি এমনিতেও অনেকে প্রেমকথা বলে।

বুকের ভেতর তোমাকে পুষে রেখে আমি একা একা
সাঁতার কাটতে চলে যাবো সোমেশ্বরী নদীতে।
ভালবাসার গল্পরা পূর্ণতা পায়না, কল্পনার যদি'তে।
আবার কখনো দিন ফিরলে,
না না, দিন আবার ফিরবে কি? একা মানুষের
দিনগুলোতো সব ফিরে পাওয়া নিজের দিনই।


(কবিতাটি আমার স্বগতোক্তি কাব্যগ্রন্থে প্রকাশিত)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login