আমায় তুমি চিনলে না,
ক্ষুধার আগুনে জ্বললো প্রাণ,
একটা রুটিও দাওনি আমায়,
প্রশ্ন করলে, তুমি ধর্মপ্রাণ?
আমার চোখে নীরব আরজ,
তোমার দরজায় পেতেছি হাত,
পারতে তুমি, তবু দাওনি ভিখ,
অসহায়ের আরেক রাত।
আল্লাহ যেদিন ডেকে আমায়,
বিচারের দিন জবাব নেবে!
আমিইতো ভিখ চেয়েছি, খাবারও!
বলো এখন জবাব দেবে।
আমি করজোড়ে তখন বলবো,
হে প্রভু, দেরিতে আমি বুঝেছি,
তোমার সৃষ্টিতেই তুমি থাকো
অথচ সারা দুনিয়া খুঁজেছি।