Poetry

টাইটান

October 8, 2026

42 views

এই যে আমি দোষছি তোমায়, আমিও তো শুদ্ধ নই,

তোমার মতো আমিও ঠিকই, ভুলের ভিতর রুদ্ধ হই।

তোমার বুকে পচন দেখে, নিজের পচন পুষে রই,

শুদ্ধ করার যুদ্ধে নেমে, নিজের সাথেই যুদ্ধ কই?

এই যে আমি রাগছি তোমায়, আমিও তো শান্ত নই,

তোমার মতো আমিও ঠিকই, ক্রোধের কাছে মুক্ত নই।

তোমার কথায় কাঁটা খুঁজি, নিজের কথায় কাঁটা বই,

তোমার ক্ষতটা গুনতে গুনে, নিজের ক্ষতটা গুনি কই?

এই যে আমি ধর্ম বুঝি, আমিও তো ধার্মিক নই,

ঠোঁটে আমার দোয়া থাকেও, কাজে তারই ছায়া কই?

সিজদাতে মাথা নোয়াই ঠিকই, অহংকারটা নোয়াই কই,

রবের কাছে ক্ষমা চেয়ে, মানুষের কাছে ক্ষমা কই?

এই যে আমি মাকে ভালোবাসি, মায়ের পাশে থাকি কই,

তারই দেওয়া সুখে বাঁচি, তারই দুঃখ দেখি কই?

তার অপেক্ষা ছোট বলি, নিজের ব্যস্ততায় ডুবে রই,

মা যে একদিন থাকবে না-এই সত্যটাকে মানি কই?

এই যে আমি শোক বুঝি খুব, শোকের ভিতর থাকি কই,

অন্যের চোখে জল দেখিলে, নিজের চোখের জলও সই।

কারবালার তৃষ্ণা জানি, তৃষ্ণার্তকে পানি কই,

বেহুলার শোক বুঝতে গিয়ে, নিজের শোকটা বুঝি কই?

এই যে আমি মানুষ খুঁজি, আমিও তো মানুষ নই,

তোমার ভিতর দোষটা দেখি, নিজের ভিতর দেখি কই?

তোমার পচন ঘৃণা করেও, নিজের পচন বুকে পুষি,

তোমায় শুদ্ধ করার আগে, নিজের কাছেই হেরে যাই।

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 1 week ago First reader

    তোমার পচন ঘৃণা করেও, নিজের পচন বুকে পুষি- ক্লাসিক হয়েছে ভাই। সুখপাঠ্য।