প্রহসন

October 9, 2026

10 views

আমি তারে নদী বইলা ডাকি

সে আমারে মাঝে মইধ্যে আকাশ বইলা ডাকে

আমাগো দুই জনরে খুব কাছাকাছি মনে হয় দূর থেইকা

যেমন দূর থেইকা আকাশ আর নদীরে দেখলে মনে হয়

ওরা মিলামিশা একাকার হইয়া গ্যাছে

আমাগোরেও অমনডাই লাগে

কাছাকাছি আইলেই বুঝা যায়

আমরা কোথাও মিলি নাই

আমাগো মইধ্যে ঐ আসমান জমিনের ফারাক

.

আমি তারে নদী বইলা ডাকি

সে আমারে মাঝে মইধ্যে মাঝি বইলা ডাকে

আমি তার বুকে বইঠা বাই

তার বুকের ঢেউয়ে উথাল-পাতাল নাও বাই

খালি তারেই পাই না

যার শুরু নাই শ্যাষ নাই তারে কোনখান থেইকা শুরু করুম

আমার আর শুরুও করা হয় না শ্যাষও করা হয় না

আমি মাঝখান থেইকা ভাসি তার বুকে

.

আমি তারে নদী বইলা ডাকি

সে আমারে মাঝে মইধ্যে ডুবুরি বইলা ডাকে

ডাক দিয়া কয়- কি খুঁজো এতো

আমি কই- তোমার মইধ্যে আমি আমারে খুঁজি

তোমার কোন কিনারায় আমারে রাখছো সেইডা খুঁজি

সে তখনই আমারে আকাশ বইলা ডাকে

আমাগো মইধ্যে তখন আসমান জমিনের ফারাক নাইমা আসে

Picked up where you left off

Comments

Borhan mahmud was this story’s first reader

+25 XP

    Please login to post comment. Login

  • Borhan mahmud 4 hours ago First reader

    কাছাকাছি আইলেই বুঝা যায়, আমরা কোথাও মিলি নাই- রূঢ় বাস্তবতাটা লিখেই দিলেন! ভালো লিখেছেন। সুখপাঠ্য হয়েছে। শুভেচ্ছা।

    • Shakil Rony 1 hour ago

      অনেক অনেক শুকরিয়া ভাই।

  • হৃদয়ের কাছে যে থাকে কোনো দূরত্বই তাকে দূরে নিতে পারে না।

    • Shakil Rony 6 hours ago

      একদম। আমরা কেবল খুঁজে নিতেই ভুল করে ফেলি কে আছে হৃদয়ের কাছে। অনেক শুকরিয়া আপু।

    • Ayesha akter Shilpi 5 hours ago

      শুকরিয়া কবি💗