ঘন কুয়াশায় অনিন্দ্য সে মুখ ভীষণই কুন্ঠিত,
ক্ষীণ আলোয় দেখা না দেখার রহস্যে অবগুণ্ঠিত।
বিক্ষত মন যেটুকুই বাঁচে তাহারই মায়ার ঘোরে,
তাহারই আভা ছড়ায় যা আলো নির্জনতার ভোরে।
নিভৃত হৃদয়ের বিষাদই সখা বিলক্ষণ সে জানি,
রাত্রির পালকে স্বপ্নে ভাসে স্মৃতিময় ভেলাখানি।
শ্রুতির যন্ত্রে জমেছে হাজার কথার বালি ও ধুলো,
অচেনা সুরে অঝোর ঝরে শ্রাবণের গানগুলো।
যাপিত এই দহকাল, এই দিবা-রাত্র ক্রুর ও ক্লিষ্ট,
নিয়তির নিগড় মর্মে মেনেছি আমরা সংশ্লিষ্ট।