আরেকবার শুরু হতেই পারে।
আগের বারের মতো,
দুই অচেনা মানুষের সাক্ষাৎ দিয়ে যেভাবে শুরু হয়েছিল,
তখন শহরের কোনো এক মোড়ে ট্রাফিকের ভিড়ে কিংবা
অচেনা কফি শপের এক কোণে আমরা হাত বাড়িয়েছিলাম।
আমি জানি, সেই প্রেম আজ আর নেই,
যে তুমি প্রতিদিন বিকেলে আমার ছায়ায় এসে দাঁড়াতে,
সেই প্রেমিকাও আজ আর নেই।
সময় আমাদের আলাদা করে দিয়েছে অনেক দূরে,
তবু হঠাৎ কোনো বিষণ্ণ সন্ধ্যায় স্মৃতির ভেতর পুরনো সেই সুর বেজে ওঠে।
হয়তো অন্য কোনো এক রূপকথা লেখা হবে নতুন কোনো নামে,
হয়তো নতুন বিষণ্ণতায় এ পৃথিবীতে আমি একটা ব্যর্থ মানুষ হিসেবেই ভাবতে থাকব।
ভাবনায় এখনো তুমি বর্তমান।
তোমার রেখে যাওয়া কোনো পুরনো দীর্ঘশ্বাস আমার নিঃশ্বাসের আড়ালে বসে রয়,
তাই বহু পথ হেঁটে আবার যদি কখনো কোনো শূন্যতায় আমাদের মুখোমুখি হতে হয়,
তবে অতীতকে ভুলে দুটি অচেনা নদীর মতো এসো আবার নদী হয়ে যাই।
তুমি আর আমি হয়ে নয়,
একেবারে নতুন দুটি অচেনা মানুষ হয়ে, নতুন কোনো গল্পের প্রথম চরণ হয়ে।