Poetry

মানুষখেকো শহর

October 17, 2026

24 views

সকাল নয়, যেন একটা ক্লান্ত শবদেহ
রাস্তায় হাত পা ছড়িয়ে আছে।
ট্রাফিক সিগন্যাল বারবার চোখ টিপে জিজ্ঞেস করে,
বাঁচার মতো কিছু পেয়েছি কীনা এই শহরে?
চৌরাস্তার মাঝখানে দাঁড়িয়ে
একজন চিৎকার করে কিছু বলছে।
কেউ শোনে না,
শুধু গাড়িগুলো পাশ কাটিয়ে যায়,
ঠিক যেভাবে আমিও
নিজেকে পাশ কাটিয়ে যাই প্রতিদিন।
ল্যাম্পপোস্টগুলো রাত হলে থুতু ফেলে নিচে,
ভিখারির কাঁধে বৃষ্টির মতন ঝরে পড়ে ক্লান্তি।

একটা মেয়ে মোবাইল হাতে বলে ওঠে,
আমার প্রাইভেসি দরকার।
তাকে দেখে ভাবি,
আমি কখনো এ বাক্যটা উচ্চারণ করিনি।
অফিস ফেরত মানুষগুলো আত্মহত্যা স্থগিত
রেখে মাথা গুঁজে দিন পার করছে।
তারা কেউ হাসে না,
তাদের হাসির রুটিন,
অ্যাক্সেল ফাইলের মতো নির্ধারিত।
এই শহর একদিন আমাকে খেয়ে ফেলবে,
আমি জানি।

তবু দাঁড়িয়ে থাকি,
এক আশ্চর্য ব্যানারের নিচে,
সেখানে লেখা আছে,
এটি এক মানুষখেকো শহর, সাবধানে থাকুন।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login