আসক্তি টের পায় আকাঙ্ক্ষার তীব্র গতি,
কত কি.মি. বেগে এগোবে-
তার হিসাব রাখে না কোনো ট্রাফিক সিগন্যাল,
কোনো নীতির লাল বাতি
তার সামনে জ্বলে না দীর্ঘক্ষণ।
মনের ভেতর এক অদৃশ্য মহাসড়ক,
সেখানে স্পিডোমিটার ভাঙা,
ব্রেক কষতে গেলে
হাত কেঁপে ওঠে অভ্যাসের কম্পনে।
আকাঙ্ক্ষা বলে- 'আরও একটু,
আরও কিছু দূর, আরও কিছু বেশি।'
শুরুর পথে ছিল কৌতূহল,
শিশিরভেজা ঘাসের মতো স্বচ্ছ।
ধীরে ধীরে তা হলো চাহিদা,
চাহিদা থেকে প্রয়োজন,
প্রয়োজন থেকে নির্ভরতা-
আর নির্ভরতা একদিন
নিজের নাম বদলে নিলো 'আসক্তি।'
আসক্তি খুব নিঃশব্দে জন্মায়,
চিৎকার করে না,
ঘোষণা দেয় না পতাকা উড়িয়ে।
সে আসে
প্রতিদিনের ছোট্ট অভ্যাস হয়ে,
এক কাপ অতিরিক্ত চা,
একটু বেশি প্রশংসা পাওয়ার লোভ,
একটু বেশি ক্ষমতা, একটু বেশি স্বীকৃতি।