Poetry

শুধু তোমাকেই পাওয়া হলো না

October 28, 2026

33 views

জীবনে কত কিছুই তো পাওয়া হলো, 

কত অচেনা পথ একদিন চেনা হয়ে গেল, 

কত হারানো বিকেল ফিরে এলো স্মৃতির জানালায়, 

কত অসমাপ্ত গল্প পেল পূর্ণতার ছোঁয়া, 

শুধু তোমাকেই পাওয়া হলো না।

কত মানুষের ভিড়ে নিজেকে খুঁজে পেলাম, 

কত মুখের হাসিতে দিনের ক্লান্তি ভুললাম, 

কত সম্পর্ক সময়ের পরীক্ষায় টিকে রইল, 

কত স্বপ্ন বাস্তবতার দরজায় এসে দাঁড়াল, 

শুধু তোমার কাছে পৌঁছানো হলো না।

তোমাকে ঘিরে কত নিঃশব্দ আয়োজন ছিল, 

কত কথা জমেছিল বুকের গোপন ঘরে, 

কতবার ভেবেছি, এবার বুঝি বলা হবে, 

কতবার ঠোঁটের কাছে এসে থেমেছে শব্দ, 

তবু তোমাকে বলা হলো না, ভালোবাসি।

অথচ তোমাকে নিয়ে কত কবিতা লেখা হলো, 

কত রাত তোমার স্মৃতির কাছে জেগে রইল, 

কত বৃষ্টিতে তোমার মুখ ভেসে উঠল, 

কত বসন্ত তোমার অপেক্ষায় পার হয়ে গেল, 

শুধু তোমার সঙ্গে বসন্ত দেখা হলো না।

তুমি হয়তো জানোই না, 

আমার প্রতিদিনের কতটুকু জুড়ে তুমি ছিলে, 

কত সাধারণ মুহূর্ত তোমার জন্য অসাধারণ হয়ে উঠত, 

কত নির্জন দুপুর তোমার কল্পনায় আলো পেত, 

কত বিষণ্ন সন্ধ্যা তোমার নামেই শেষ হতো।

আমি তো তোমার কাছে আকাশ চাইনি, 

চাইনি কোনো অলৌকিক প্রতিশ্রুতি, 

শুধু চেয়েছিলাম, জীবনের কোনো এক ক্লান্ত বিকেলে 

তুমি পাশে বসে বলবে..আমি আছি, 

অথচ সেই বিকেলটুকুও আমাদের হলো না।

আজ জীবন তার নিজের নিয়মে এগিয়ে যায়,

সময় পুরোনো ক্ষতগুলোকে নীরব হতে শেখায়, 

মানুষের মুখে আবার স্বাভাবিক হাসি ফিরে আসে, 

শুধু মনের এক গোপন দরজার ওপাশে 

তোমার না-আসার গল্পটি রয়ে যায়।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login