এক। বস কাজ দিলেই চলে আসবেন না। কাজ বুঝে আসবেন এবং কখন দিতে হবে, তা জেনে আসবেন।
দুই। সময়মতো কাজ দিতে পারবেন না বুঝতে পারলে আগেই বসকে বুঝিয়ে সময় বাড়িয়ে নিন। যুক্তি দিয়ে বোঝাতে হবে, আবেগ দিয়ে নয়।
তিন। বসের দোষ বলে বেড়াবেন না। আজ যে কাজ আপনাকে দিয়ে করাচ্ছেন, সেটার গুরুত্ব বুঝতে আপনার সময় লাগবে।
চার। মনে রাখবেন, আপনি ক্যাপাবল। এর প্রমাণ হলো, টিমের অন্য কাউকে দিয়ে কাজটি না করিয়ে আপনাকে দিয়ে করাচ্ছেন। এটি একধরনের স্বীকৃতি।
পাঁচ। একটু ভুল করলে বা একটু দেরিতে রিপোর্ট দিলে সেলস টিমকে গালি দেবেন না। তাদের বুঝিয়ে সঠিক পথে নিয়ে আসবেন।
ছয়। নিজের কাজের ভেতর থেকে এমন কিছু ইনসাইট বের করে বসকে দিন, যা আপনার ভ্যালু অ্যাড করবে এবং কোম্পানির উপকারে আসবে।
সাত। অফিসে কেউ আপনার শত্রু নয়। তাই সবার সঙ্গে পেশাদার আচরণ করুন। কাউকে ভালো না লাগলে চুপ থাকুন। তবুও দোষ বলে বেড়াবেন না। নিজের দিকে তাকান। আপনার মধ্যেও দোষ আছে, ভুল আছে।
আট। সব সময় নিজের চরকায় তেল দিতে চেষ্টা করুন, অন্যের চরকায় নয়। অন্য কারও প্রমোশন হয়েছে, সেটা তাঁর যোগ্যতায়। আপনি সেই যোগ্যতা অর্জন করার চেষ্টা করুন।
নয়। বেসরকারি চাকরির দরজা সব সময় খোলা থাকে। ভালো না লাগলে, অশান্তি অনুভব করলে এক দরজা দিয়ে বেরিয়ে অন্য দরজা দিয়ে ঢুকুন। আপনি মধ্যবিত্ত হলে মনে রাখবেন, কাজ করেই আপনাকে খেতে হবে।
দশ। এগুলো সব আমার মনের কথা। আপনি একমত না হলেও কিছু যায় আসে না। কিন্তু যে কাজই করেন, কাজটা যেন উপভোগ করতে পারেন, সেটা মাথায় রাখবেন।
মুহাম্মদ সফিকুর রহমান
ফেয়ার গ্রুপ