Article

"চলো খাল বাঁচাই" অভিযান।

October 29, 2026

19 views

প্যারিস খাল বাঁচাতে মাঠে নামল তরুণরা: ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের "চলো খাল বাঁচাই" অভিযানে গো আপ ফাউন্ডেশন।

আজ মিরপুরের ঐতিহ্যবাহী প্যারিস খালে ডিএনসিসির সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ফুটস্টেপস বাংলাদেশের "চলো খাল বাঁচাই" উদ্যোগের আওতায় তিন দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। অভিযান চলবে ২৭ থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত। এর লক্ষ্য খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা, জলাবদ্ধতা কমানো এবং আশপাশের মানুষের জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা।

উদ্যোগটি সফল করতে গো আপ ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী নিয়ে এই কার্যক্রমে যুক্ত হয়েছে। স্বেচ্ছাসেবীরা খাল থেকে বর্জ্য অপসারণ, স্থানীয় বাসিন্দাদের সচেতন করা এসকল কাজে ফুটস্টেপস বাংলাদেশকে সহায়তা করছেন।

খাল পরিদর্শনে এসে অতিথিরা খালের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, "যত বাধাই আসুক, নগরবাসীকে সাথে নিয়ে ক্লিন ও গ্রিন ঢাকা রূপকল্প বাস্তবায়ন করা হবে। খালের চূড়ান্ত সীমানা নির্ধারণের কাজ ৮৫-৯০% শেষ। দ্রুতই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তবে নাগরিকরা সচেতন না হলে এবং খালে ময়লা ফেলা বন্ধ না করলে এই উদ্যোগ সফল হবে না। এরপর কেউ খালে ময়লা ফেললে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেঁরে-শার্লে বলেন, "নগরীর পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। ঢাকার জলাবদ্ধতা দূরীকরণে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার এই যৌথ উদ্যোগ প্রশংসনীয়। এই খালের দীর্ঘমেয়াদী উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে ফ্রান্স সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও অংশীদারিত্ব বজায় থাকবে।"

ফুটস্টেপস বাংলাদেশ জানায়, "চলো খাল বাঁচাই" ক্যাম্পেইনের মূল লক্ষ্য শুধু খাল পরিষ্কার করা নয়, বরং স্থানীয় নাগরিকদের সচেতন করা। তারা বলে, তরুণ ও স্বেচ্ছাসেবকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে নতুন প্রজন্ম পরিবেশ নিয়ে কতটা সচেতন। খালটি পরিষ্কারের পর যেন পুনরায় আবর্জনার ভাগাড়ে পরিণত না হয়, সেজন্য স্থানীয় কমিউনিটিকে সাথে নিয়ে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।

গো আপ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী আব্দুল জাহিদ বলেন, "এই দেশ আমাদের, শহরটাও আমাদের। তাই এই শহরে বসবাস করতে হলে একে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মানুষকে সচেতন করার কাজও আমাদেরকেই করতে হবে। গো আপ ফাউন্ডেশন সবসময় দেশের কল্যাণে ভালো কাজ করে, তাই আজও এই ভালো উদ্যোগে যুক্ত হয়েছে।"

খালটি পুরোপুরি পরিষ্কারের পর দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে (হাঁটার পথ), বসার জায়গা ও গ্রিন পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।

আয়োজকরা স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তাঁরা যেন খালে ময়লা না ফেলেন এবং খাল পরিষ্কার রাখতে এগিয়ে আসেন। তাঁদের মতে, খালের পাশে বসবাসকারী মানুষের সচেতনতা ছাড়া খালকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। আয়োজকরা ডিএনসিসি, ফ্রান্স সরকার এবং অংশগ্রহণকারী সব স্বেচ্ছাসেবী ও স্থানীয় বাসিন্দাকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁরা আশা করেন, এই অভিযান ঢাকার অন্যান্য খাল রক্ষায়ও তরুণদের অনুপ্রাণিত করবে।

গো আপ ফাউন্ডেশন একটি বাংলাদেশি অলাভজনক সংগঠন, যা শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবার মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login