46 views

- "ফ্ল্যাটের দলিলে তোমার নাম থাকবে কেনো তাসনিম? ডাউনপেমেন্টের ত্রিশ লাখ টাকা আর ব্যাংকের লোন,সবই তো জাহিনের অ্যাকাউন্ট থেকে যাচ্ছে! বিয়ের পর স্বামীর সম্পত্তিই তো স্ত্রীর সম্পত্তি, এখানে আবার আলাদা করে কাগজে নাম লেখানোর কী আছে? আজকালকার চাকরিজীবী মেয়েদের এই এক সমস্যা, সংসারের চেয়ে হিসাব বোঝে বেশি!"

শাশুড়ির ঝাঁঝালো কথাটা শুনে ড্রয়িংরুমের সোফায় বসে থাকা তাসনিমের হাতের ফাইলটা যেন হঠাৎ পাথরের মতো ভারী হয়ে গেলো। পাশেই বসে আছে তার স্বামী জাহিন। দীর্ঘ পাঁচ বছরের প্রতীক্ষার পর আজ তাদের নতুন ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের কাগজ হাতে এসেছে। অথচ ফাইলটা খুলে তাসনিম দেখলো, ফ্ল্যাটের একক মালিক হিসেবে শুধু জাহিনের নাম, আর নমিনির জায়গায় শাশুড়ির নাম!

তাসনিম ছলছল চোখে স্বামীর দিকে তাকিয়ে ভাঙা গলায় বললো,

- "জাহিন, ফ্ল্যাট কেনার প্ল্যান করার সময় তো তুমি নিজেই বলেছিলে আমাদের দুজনের জয়েন্ট রেজিস্ট্রেশন হবে। তাহলে আজ আমাকে না জানিয়েই..."

জাহিন চোখ ফিরিয়ে একটু বিরক্তির সুরেই বললো,

- "আহ তাসনিম, মা যখন চাইছে না, তখন একটা কাগজের নাম নিয়ে কেনো অশান্তি করছো? তাছাড়া টেকনিক্যালি দেখলে ফ্ল্যাটের টাকাটা তো আমার স্যালারি অ্যাকাউন্ট থেকেই জমেছে। ব্যাংক লোনটাও আমার নামে। তুমি তো শুধু সংসারের টুকটাক খরচগুলো চালিয়েছো। এতে তো আর ফ্ল্যাটের মালিকানা দাবি করা যায় না, তাই না?

'তুমি তো শুধু সংসারের টুকটাক খরচ চালিয়েছো',

- নিজের শিক্ষিত, আধুনিক স্বামীর মুখ থেকে বেরোনো এই কথাটা তাসনিমের বুকের ভেতরটা তোলপাড় করে দিলো।

পাঁচ বছর আগে এই জাহিনই তাকে জড়িয়ে ধরে বলেছিলো,

- "তাসনিম, চলো একটা বুদ্ধি করি। আমার পুরো বেতনটা প্রতি মাসে ব্যাংকের ডিপিএসে জমা হোক ফ্ল্যাটের ডাউনপেমেন্টের জন্য। আর তোমার বেতনটা দিয়ে বাসা ভাড়া, বাজার, আমাদের হাতখরচ আর মা-বাবার ওষুধের খরচ চলুক। এক অ্যাকাউন্টে টাকা জমলে পরে ব্যাংক লোন পেতে সুবিধা হবে।"

তাসনিম সেদিন স্বামীর কথায় অন্ধ বিশ্বাস করেছিলো। সে ভেবেছিলো, ঘরটা তো দুজনেরই হচ্ছে! কার অ্যাকাউন্ট থেকে টাকা জমলো, তাতে কী আসে যায়? গত পাঁচ বছরে নিজের জন্য একটা ভালো শাড়ি কেনার আগেও সে দশবার ভেবেছে, অফিসের কলিগরা যখন বাইরে লাঞ্চ করেছে তখন সে বাসা থেকে রুটি ভাজি নিয়ে গেছে,শুধু সংসারের সব খরচ একা হাতে টেনে জাহিনের বেতনটা অক্ষত রাখার জন্য।

অথচ আজ সে ই হয়ে গেলো বাইরের লোক! তাসনিম আর একটাও কথা বললো না। চোখের কোণে জমে ওঠা জলটুকু আঙুলের ডগায় মুছে সে চুপচাপ নিজের ঘরে চলে গেলো। জাহিন আর তার মা ভাবলেন, নতুন বউ হয়তো রাগ করে চুপ হয়ে গেছে, দুদিন পর এমনিতেই ঠিক হয়ে যাবে।

কিন্তু আসল দৃশ্যপট বদলে গেলো পরের মাসের পাঁচ তারিখে।

সকালে অফিসে যাওয়ার আগে জাহিন অস্থির হয়ে শোবার ঘরে ঢুকে বললো,

- "তাসনিম, আজ পাঁচ তারিখ হয়ে গেলো! বাড়িওয়ালা ভাড়ার জন্য তাগাদা দিচ্ছে, মেয়ের স্কুলের ফি টাও দেওয়া হয়নি, আবার মায়ের ইনসুলিনও শেষ। তুমি এখনও টাকা তুললে না? আমার অ্যাকাউন্ট থেকে তো ফ্ল্যাটের প্রথম কিস্তির পুরো টাকাটা কেটে নিয়েছে, পকেটে তো একদমই টাকা নেই!"

তাসনিম আয়নার সামনে দাঁড়িয়ে খুব শান্তভাবে অফিসের আইডি কার্ডটা গলায় ঝোলালো। তারপর টেবিলের ওপর থেকে একটা খাম আর একটা ব্যাংকের কাগজ তুলে জাহিনের হাতে দিয়ে বললো,

- "এখানে এই মাসের সংসার খরচের ঠিক অর্ধেক টাকা আছে জাহিন। বাকি অর্ধেকটা তোমাকে দিতে হবে।"

জাহিন আকাশ থেকে পড়লো।

- "অর্ধেক মানে? আমার পুরো বেতন তো ফ্ল্যাটের কিস্তিতে চলে যায়, তুমি জানো না? আর এই ব্যাংকের কাগজটাই বা কিসের?"

তাসনিম এবার সরাসরি জাহিনের চোখের দিকে তাকালো। তার কণ্ঠে কোনো আবেগ নেই, আছে নিরেট বাস্তবতার ধার। সে বললো,

- "এটা আমার নামে খোলা নতুন ফ্ল্যাট স্কিমের ডিপিএস, যেখানে আজ থেকে আমার অর্ধেক বেতন জমা হবে। কারণ গত মাসে তুমি আমাকে খুব সুন্দর একটা টেকনিক্যাল হিসাব শিখিয়েছো জাহিন।"

জাহিনের মুখটা মুহূর্তেই শুকিয়ে গেলো।

তাসনিম শান্ত অথচ স্পষ্ট গলায় বললো,

- "গত পাঁচ বছরে প্রতি মাসে আমার পঞ্চাশ হাজার টাকা করে মোট ত্রিশ লাখ টাকা এই সংসারের চুলোর আগুনে পুড়েছে, বাড়িওয়ালার পকেটে গেছে আর তোমার পরিবারের পেছনে খরচ হয়েছে। আমার উপার্জনের টাকাটা প্রতি মাসে হাওয়ায় মিলিয়ে গেছে বলেই তোমার অ্যাকাউন্টের ত্রিশ লাখ টাকা আজ অক্ষত থেকে ইট-পাথরের ফ্ল্যাট হতে পেরেছে! আমি যদি সংসারের জোয়ালটা একা না টানতাম, তবে তোমার বেতনের টাকা দিয়ে ডাউনপেমেন্ট তো দূরের কথা, একটা ইট কেনারও সামর্থ্য হতো না।"

জাহিন মাথা নিচু করে রইলো, তার মুখে কোনো কথা সরছে না।

তাসনিম একটু থেমে আবার বললো,

- "অথচ দিনশেষে আমার খরচ করা টাকাটা হয়ে গেল টুকটাক খরচ, আর তোমার জমানো টাকাটা হয়ে গেলো তোমার একার সম্পত্তি! যে সংসারে খরচের বেলায় আমরা এক পরিবার, কিন্তু সম্পদের মালিকানার বেলায় আমি পরের মেয়ে সেই সংসারে আমি আর বোকার মতো নিজের ভবিষ্যৎ বিসর্জন দেবো না। যে ফ্ল্যাটের দলিলে আমার নাম নেই, তার কিস্তি টানার দায়ও আমার নেই। আজ থেকে সংসার খরচ যেমন অর্ধেক-অর্ধেক হবে, তেমনি মাসের সঞ্চয়ও হবে আলাদা।"

কথাটা শেষ করে তাসনিম ব্যাগটা কাঁধে তুলে দরজার দিকে পা বাড়ালো। আর জাহিন ও দরজার বাইরে দাঁড়িয়ে থাকা তার মা স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন তাসনিমের চলে যাওয়ার দিকে। আজ তারা বুঝতে পারলেন, কাগজের দলিলে চালাকি করে নাম বাদ দেওয়া যায়, কিন্তু যার নীরব ত্যাগের ওপর দাঁড়িয়ে সেই ছাদ তৈরি হয়, সে নিজের হাত সরিয়ে নিলে পুরো ইমারতটাই তাসের ঘরের মতো নড়বড়ে হয়ে পড়ে।

বর্তমান সমাজের অনেক আধুনিক পরিবারেই কর্মজীবী মেয়েদের উপার্জনকে সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচে নিঃশেষ করে দেওয়া হয়, যাতে দিনশেষে তার নামে কোনো স্থায়ী সম্পদ না থাকে। ভালোবাসা আর বিশ্বাসের দোহাই দিয়ে মেয়েদের অর্থনৈতিকভাবে শূন্য করে রাখার নাম সংসার নয়, ওটা চরম স্বার্থপরতা।

(সমাপ্ত.....)

#অণুগল্প

#দলিল

#ইয়াছির_আরাফাত_রামিম

Picked up where you left off

Comments

তারিক হোসেন was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • তারিক হোসেন 4 weeks ago First reader

    অনেক সুন্দর বর্তমান প্রেক্ষাপটের ওপর একটি গল্প। অনেক অনেক ভালো লাগলো। শুভকামনা।