Story

সিলগালা বগি

November 22, 2026

19 views

[১৮+ এলার্ট কঠোরভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য।]

পৌষ মাসের শেষ দিকের শীতটা উত্তরবঙ্গে খুব নির্দয়ভাবে নামে। সূর্য ডোবার আগেই চারপাশ থেকে সাদা ধোঁয়ার মতো কুয়াশা উঠে এসে গাছপালা, সরিষা ক্ষেত আর রেললাইন গিলে ফেলে। কদমতলী হল্ট স্টেশনটা এমনিতেই প্রায় পরিত্যক্ত। দিনে মাত্র দুটো লোকাল ট্রেন এখানে দুই মিনিটের জন্য দাঁড়ায়, আর বাকি বাইশ ঘণ্টা স্টেশনটা মড়ার মতো পড়ে থাকে।

স্টেশন মাস্টার কামরুল হক তার কাঠের টেবিলের ওপর পা তুলে বসে আছেন। তার বয়স ছাপ্পান্ন। মাথায় উলের একটা পুরোনো মাঙ্কি-ক্যাপ, গায়ে মোটা চাদর। মানুষটা ভীষণ খামখেয়ালি আর রসিক। তার সামনে একটা স্টিলের বাটিতে সরিষার তেল, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে মাখা মুড়ি। তিনি এক হাত দিয়ে মুড়ি খাচ্ছেন, আর অন্য হাত দিয়ে টেবিলে পাতা দাবার বোর্ডে একাই সাদা আর কালো ঘুঁটি চালছেন।

উল্টো দিকের বেতের চেয়ারে বসে আছে সাজ্জাদ। বয়স আটাশ। রেলওয়ের জুনিয়র ট্র্যাক ইঞ্জিনিয়ার। লাইনের স্লিপার পরিদর্শন করতে এসে বিকেলে তার মোটরসাইকেলের চেইন ছিঁড়ে গেছে। আশেপাশে কোনো মেকানিক নেই, আর এই ঘন কুয়াশায় আট কিলোমিটার দূরের শহরে যাওয়ার কোনো বাহনও মিলছে না। বাধ্য হয়ে আজকের রাতটা তাকে এই নির্জন স্টেশনেই কাটাতে হবে। শহুরে, স্মার্ট এই ছেলেটির চোখেমুখে চরম বিরক্তি।

— "কামরুল সাহেব, এই কবরের মতো জায়গায় আপনি বারো বছর চাকরি করছেন কীভাবে? মানুষের তো এখানে থাকলে তিন দিনে মাথা খারাপ হয়ে যাওয়ার কথা।"
সাজ্জাদ নিজের দামি জ্যাকেটের চেইনটা গলা পর্যন্ত টেনে দিয়ে বললো।

কামরুল হক এক মুঠো মুড়ি মুখে পুরে আরাম করে চিবোতে চিবোতে বললেন,
— "মানুষের মাথা খারাপ হয় অতিরিক্ত কোলাহলে, সাজ্জাদ সাহেব। নির্জনতায় মাথা ঠান্ডা থাকে। তা ছাড়া এই স্টেশনে আমি তো একা নই। কুদরত আছে, দুটো কুকুর আছে, আর রাতে মাঝে মাঝে শিয়াল ডাকে। মন্দ কী?"

— "তা আপনার ওই চা কি আজ আসবে, নাকি কুদরত চাচা চা-পাতা আনতে আসাম চলে গেছেন?"

ঠিক তখনই ঘরের কাঠের দরজা ঠেলে ঢুকলো কুদরত আলী। বয়স বাষট্টি। গত ত্রিশ বছর ধরে এই স্টেশনে পয়েন্টসম্যানের কাজ করছে। তার বাঁ পায়ে পুরোনো বাত, তাই হাঁটার সময় একটু খুঁড়িয়ে হাঁটে। হাতে দুটো কাচের গ্লাসে ধোঁয়া ওঠা রং চা। তবে গ্লাস দুটো টেবিলে রাখার সময় বুড়ো মানুষটার হাত এমনভাবে কাঁপছিলো যে, গরম চা ছলকে টেবিলের ওপর রাখা স্টেশনের লগবুকটা ভিজিয়ে দিলো।

কামরুল হক ভ্রু কুঁচকে বললেন,
— "কী হলো কুদরত? তোমার হাত কাঁপছে কেনো? শীতে জমে গেলে নাকি?"

কুদরত আলী কোনো উত্তর না দিয়ে দরজার বাইরে ঘন কুয়াশার দিকে একবার ভীত চোখে তাকালো। তারপর গলা নামিয়ে ফিসফিস করে বললো,
— "স্যার, বিকেলে যে মালগাড়িটা ক্রসিংয়ে দাঁড়াইছিলো, হেইডার গার্ড সাব চার নম্বর ডেড লুপলাইনে যে পুরানা বগিটা কাইটা রাইখা গেছে, ওইটা কি আপনি কাছ থেইকা দেখছেন?"

— "আরে, চাকার বিয়ারিং ভেঙে গিয়েছিলো বোধহয়। ওদের কন্ট্রোল রুম থেকে অর্ডার আছে, কাল সকালে রিলিফ ইঞ্জিন এসে টেনে নিয়ে যাবে। ওটা নিয়ে তোমার এত ভাবনার কী আছে?"
কামরুল হক চায়ের গ্লাসে চুমুক দিলেন।

— "ওইটার চাকা ভাঙে নাই স্যার।"
কুদরত আলীর গলাটা শুকনো পাতার মতো খসখসে শোনালো।
— "আমি বিকেলে সিগন্যাল নামাইতে গিয়া কাছ থেইকা দেইখা আইছি। বগিটার গায়ে রেলের কোনো নম্বর নাই। পুরা লোহার বডিতে আলকাতরা দিয়া অদ্ভুত অদ্ভুত নকশা আঁকা। দরজায় সাতটা মোটা লোহার শিকল পেঁচানো, আর তার উপরে লাল মোমের সিলগালা। আর স্যার... বগিটার কাছ থেইকা পচা গোশত আর পোড়া গন্ধকের মতো কেমন জানি বোটকা গন্ধ বাইর হইতেছে।"

সাজ্জাদ এতক্ষণ মোবাইলে নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করছিলো। কুদরতের কথা শুনে সে বিরক্ত হয়ে ফোনটা পকেটে রাখলো।
— "চোরাই মাল বা পচা চামড়া-টামড়া আছে হয়তো। রেলের কিছু অসাধু লোকজন এসব করে। আপনি খামোখা ঘাবড়াচ্ছেন কেনো চাচা?"

কুদরত আলী সাজ্জাদের দিকে স্থির চোখে তাকালো।
— "চোরাই মাল না বাবু। ওই বগিটা আমি চিনি। আজ থেইকা পনেরো বছর আগে পার্বতীপুর ইয়ার্ডে একবার ওই বগিটা দেখছিলাম। এক জাদুকর নাকি সীমান্তের ওপারের এক পুরানা ভাঙা মাজারের নিচ থেইকা কালো পাথরের একটা স্তম্ভ তুলছিলো। হেইডা তোলার পর আশেপাশের গ্রামের বারোজন মানুষরে এক রাইতে কেউ জ্যান্ত চামড়া ছিইলা মারছে। পরে বড় বড় আলেমরা মিলা সেই পাথরের সাথে জড়ায়ে থাকা খবিস জিনটারে এই লোহার বগির ভেতর বন্দি কইরা সিলগালা কইরা দেয়। এই বগি কোনো জনবসতিতে রাখা নিষেধ। খালি নির্জন কোনো ইয়ার্ডে ফালায়া রাখা হয়, যাতে কোনো মানুষ ভুল কইরাও ওই তালা না খোলে।"

সাজ্জাদ হো হো করে হেসে উঠলো।
— "কামরুল সাহেব, আপনার পয়েন্টসম্যানকে তো দেখছি সিনেমা বানানোর স্ক্রিপ্ট লিখতে পাঠানো উচিত! এই ডিজিটাল যুগে লোহার বগিতে জ্বীন বন্দি করে রাখা হয়েছে! তা চাচা, জ্বীন যদি সত্যিই এতো শক্তিশালী হয়, তবে সে মরচে ধরা একটা লোহার বগি ভেঙে বেরোতে পারে না কেনো?"

কামরুল হক এবার আর হাসলেন না। তিনি চায়ের গ্লাসটা নামিয়ে রেখে শান্ত গলায় বললেন,
— "সাজ্জাদ সাহেব, আপনি শিক্ষিত মানুষ, সবকিছু যুক্তি দিয়ে মাপতে চান। ভালো কথা। তবে একটা কথা জেনে রাখুন। মৃ'ত মানুষের আত্মা-টাত্মা বলে পৃথিবীতে কিছু নেই। মানুষ ম'রে গেলে তার খেলা শেষ। কিন্তু ধোঁয়াহীন আগুন থেকে তৈরি শ'য়তান প্রজাতির কিছু জ্বীন আছে, যাদের বলে 'মারিদ'। এরা মানুষের চেয়ে শতগুণ শক্তিশালী, কিন্তু কিছু বিশেষ বন্ধনে,যেমন পবিত্র কালাম আর নির্দিষ্ট ধাতুর গণ্ডির ভেতর এদের আটকে রাখা যায়। যতক্ষণ না কোনো মানুষ নিজের ইচ্ছায় সেই বন্ধন খুলে দেয়, ততক্ষণ এরা গণ্ডি ভাঙতে পারে না।"

— "বাহ! চমৎকার গল্প জমিয়েছেন দুজনে মিলে।"
সাজ্জাদ তাচ্ছিল্যের হাসি হাসলো।
— "রাত বাড়ছে, বাইরে কুয়াশা জমে বরফ হয়ে যাচ্ছে। আমি একটু ঘুমাবো। আপনার ওই পাশের বিশ্রামঘরটা কি খালি আছে?"

কামরুল হক মাথা নাড়লেন।
— "হ্যাঁ, ভেতরে খাট আর কম্বল আছে। তবে রাতের বেলা বাইরে বেরোবেন না। বাথরুম ঘরের লাগোয়া।"

রাত দশটার দিকে পুরো স্টেশন নিশ্ছিদ্র কুয়াশা আর অন্ধকারে ডুবে গেলো। বাইরে তিন হাত দূরের কিছুও দেখা যাচ্ছে না। স্টেশনের প্ল্যাটফর্মে জ্বলা দুটো টিমটিমে হলুদ বাল্ব কুয়াশার চাদরে ঢাকা পড়ে মরা জোনাকির মতো দেখাচ্ছে। কুকুর দুটো কখন যেন চুপচাপ স্টেশন ছেড়ে গ্রামের দিকে পালিয়ে গেছে।

রাত তখন সাড়ে এগারোটা।

সাজ্জাদ বিশ্রামঘরের শক্ত খাটে শুয়ে এপাশ-ওপাশ করছে। ঠান্ডার চোটে ঘুম আসছে না। হঠাৎ করেই কুয়াশা ভেদ করে খুব মৃদু একটা শব্দ তার কানে এলো। প্রথমে মনে হলো বাতাসের শোঁ শোঁ আওয়াজ। কিন্তু কান পাততেই সে স্পষ্ট শুনতে পেলো,কেউ যেন ভারী লোহার দেয়ালে হাত দিয়ে আঘাত করছে।

ঢং... ঢং... ঢং...

সাথে একটা ফ্যাসফেসে, অসহায় নারীর কান্না।
— "কেউ আছেন? আমাকে বাঁচান... আমার দম বন্ধ হয়ে আসছে... দয়া করে দরজাটা খুলুন..."

সাজ্জাদ তড়াক করে বিছানায় উঠে বসলো। শব্দটা আসছে স্টেশনের পশ্চিম দিকের চার নম্বর ডেড লুপলাইন থেকে,যেখানে সেই সিলগালা করা বগিটা রাখা আছে! সাজ্জাদের মাথায় র'ক্ত চড়ে গেলো। তার যুক্তিবাদী মন এক মুহূর্তে দুইয়ে দুইয়ে চার করে নিলো। জ্বীন-টিন সব ভাঁওতাবাজি! নিশ্চয়ই কোনো মেয়েকে বা পাচার হওয়া কাউকে ওই বগির ভেতর আটকে রাখা হয়েছে, আর রেলের লোকজন সেটা ধামাচাপা দেওয়ার জন্য জ্বীনের গল্প ফেঁদেছে!

সাজ্জাদ জ্যাকেটটা গায়ে চাপিয়ে শক্তিশালী একটা টর্চলাইট হাতে নিলো। পাশের ঘরে উঁকি দিয়ে দেখলো, কামরুল হক চেয়ারে বসেই ঝিমোচ্ছেন, আর কুদরত আলী মেঝেতে পাটি বিছিয়ে কম্বল মুড়ি দিয়ে নাক ডাকছে। এদের ডেকে লাভ নেই, এরা ভয়ে বাধা দেবে। সাজ্জাদ স্টোররুমের কোণা থেকে প্রায় তিন ফুট লম্বা একটা ভারী লোহার শাবল তুলে নিলো। তারপর নিঃশব্দে দরজা খুলে হাড়কাঁপানো কুয়াশার ভেতর পা রাখলো।

প্ল্যাটফর্ম পেরিয়ে পাথর বিছানো রেললাইন ধরে সে চার নম্বর লুপলাইনের দিকে এগোলো। কুয়াশা এত ঘন যে টর্চের আলো দশ ফুট দূরে গিয়েই সাদা দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। যত সে বগিটার কাছাকাছি আসছে, সেই পচা মাংস আর পোড়া গন্ধকের বোটকা গন্ধটা ততই তীব্র হয়ে নাকে ঝাপটা মারছে।

বগিটার সামনে এসে সাজ্জাদ থমকে দাঁড়ালো। কালচে লাল রঙের বিশাল লোহার ওয়াগনটা অন্ধকারে কোনো মৃ'ত তিমির মতো পড়ে আছে। দরজার গায়ে পেঁচানো শিকল আর লাল মোমের সিলগালা স্পষ্ট দেখা যাচ্ছে। আর ঠিক তখনই ভেতর থেকে আবার সেই অসহায় কণ্ঠস্বর ভেসে এলো,
— "কে ওখানে? আমার খুব ঠান্ডা লাগছে ভাই... তালাটা ভাঙুন না..."

সাজ্জাদ আর এক মুহূর্তও ভাবলো না। সে লোহার শাবলের চোখা মাথাটা শিকলের তালাটার ভেতর ঢুকিয়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে চাপ দিলো। পুরোনো মরচে ধরা তালা আর মোমের সিলটা মট করে ভেঙে ছিটকে পড়লো।

শিকলটা মাটিতে ঝনঝন করে খসে পড়ার সাথে সাথেই একটা অদ্ভুত ঘটনা ঘটলো।

বগির ভেতরের কান্নার শব্দটা এক নিমেষে থেমে গেলো। আর সেই সাথে স্টেশনের দুটো টিমটিমে বাল্ব দপ করে নিভে গেলো। চারপাশে কবরের মতো ঘুটঘুটে অন্ধকার।

সাজ্জাদ ঢোক গিলে ভারী লোহার স্লাইডিং দরজাটা দুহাতে ঠেলে সরালো। ক্যাঁচ করে এক কর্কশ শব্দে দরজাটা খুলে গেলো। সাথে সাথে বগির ভেতর থেকে এক ঝলক জ্বলন্ত চুল্লির মতো প্রচণ্ড গরম বাতাস সাজ্জাদের মুখে এসে আছড়ে পড়লো। এই পৌষের শীতেও তার কপাল ঘেমে উঠলো।

সে কাঁপা হাতে টর্চের আলোটা বগির ভেতরে ফেললো।

ভেতরে কোনো মেয়ে নেই। কোনো মানুষই নেই।

বগির লোহার মেঝেতে ছড়ানো রয়েছে অসংখ্য শেয়াল, কুকুর আর পাখির শুকিয়ে কালো হয়ে যাওয়া হাড়গোড়। তার মাঝখানে রাখা আছে চার ফুট লম্বা, কুচকুচে কালো রঙের একটা পাথরের স্তম্ভ, যা মাঝখান থেকে সদ্য দুভাগ হয়ে ফেটে গেছে। ফাটলের ভেতর থেকে এখনো পাতলা, দুর্গন্ধযুক্ত কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠছে। আর পাথরের গায়ে তাজা, আঠালো র'ক্তের মতো কী যেন চুঁইয়ে পড়ছে।

সাজ্জাদের বুকের ভেতরটা হঠাৎ বরফের মতো জমে গেলো। সে এক কদম পিছিয়ে আসতে যাবে, ঠিক তখনই বগির অন্ধকার কোণা থেকে একটা ভারী, ঘড়ঘড়ে নিশ্বাসের শব্দ ভেসে এলো। যেন কোনো বিশাল চামড়ার হাপর ওঠানামা করছে।

সাজ্জাদ টর্চের আলোটা কোণার দিকে ঘোরাতেই তার হাত থেকে লোহার শাবলটা খসে পাথরের ওপর পড়ে গেলো।

বগির ছাদের লোহার বিমের সাথে বাদুড়ের মতো উল্টো হয়ে ঝুলে আছে এক বীভৎস অবয়ব। ওটা কোনো মানুষ নয়। প্রায় নয় ফুট লম্বা, অস্বাভাবিক রকমের কৃশকায় অথচ শক্তিশালী তার দেহ। গায়ের চামড়া আগুনে ঝলসে যাওয়া কয়লার মতো কালো আর জায়গায় জায়গায় ফেটে গেছে, আর সেই ফাটলের ভেতর দিয়ে গনগনে লাল কয়লার মতো আভা জ্বলছে। তার মুখটা লম্বাটে, কোনো নাক বা কান নেই। শুধু দুটো গভীর গর্তের ভেতর জ্বলছে দুটি সাদাটে হলুদ চোখ। আর তার হাঁ করা মুখের ভেতর অসংখ্য কালচে, সূঁচালো দাঁত।

প্রাণীটা ছাদ থেকে নিঃশব্দে মেঝেতে নেমে এলো। কোনো ভারী শব্দ হলো না। তার গলাটা অস্বাভাবিক লম্বা হয়ে সাপের মতো বেঁকে সাজ্জাদের দিকে এগিয়ে এলো। আর সেই বীভৎস মুখ থেকে অবিকল সেই অসহায় মেয়েটার কণ্ঠস্বর বেরিয়ে এলো,
— "তালা খুলে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই..."

কথাটা শেষ হতেই সেই কণ্ঠস্বর বদলে গিয়ে দশটা হায়েনার একসাথে হাসার মতো এক বিকট, বুক কাঁপানো গর্জনে রূপ নিলো।

সাজ্জাদ আর এক মুহূর্তও দাঁড়ালো না। প্রাণের ভয়ে সে উল্টো দিকে ঘুরে স্টেশন ঘরের দিকে পাগলের মতো দৌড় দিলো। পাথরের ওপর হোঁচট খেতে খেতে, হাঁপাতে হাঁপাতে সে যখন প্ল্যাটফর্মে উঠলো, তখন কুদরত আলী আর কামরুল হক টর্চ হাতে বাইরে বেরিয়ে এসেছেন।

— "কী হয়েছে সাজ্জাদ সাহেব? অমন শব্দ কিসের?"
কামরুল হক চিৎকার করে জিজ্ঞেস করলেন।

— "ওটা... ওটা বেরিয়ে এসেছে! দরজা বন্ধ করুন! ঘরের ভেতর ঢুকুন!"
সাজ্জাদ প্রায় কাঁদতে কাঁদতে চেঁচিয়ে উঠলো।

কুদরত আলীর মুখটা কাগজের মতো সাদা হয়ে গেলো। সে এক মুহূর্তেই বুঝে গেলো কী সর্বনাশ হয়ে গেছে। সে নিজের কোমরে গোঁজা পিতলের তাবিজটা চেপে ধরে চিৎকার করে বললো,
— "স্যার, আপনারা ঘরের ভেতর ঢুইকা লোহার দরজা লাগান! আমি সিগন্যাল কেবিন থেইকা বড় হ্যাজাক লাইট আর কেরোসিনের ড্রাম আনতাছি! আগুন দেখলে এরা একটু থমকায়!"

— "কুদরত, যেয়ো না!"
কামরুল হক বাধা দিতে গেলেন, কিন্তু বুড়ো মানুষটা তার আগেই খোঁড়াতে খোঁড়াতে কুয়াশার ভেতর সিগন্যাল কেবিনের দিকে ছুটে গেলো।

কামরুল হক সাজ্জাদের হাত ধরে টানতে টানতে স্টেশন মাস্টারের কক্ষে ঢুকলেন। ভেতর থেকে ভারী সেগুন কাঠের দরজার মোটা লোহার খিলটা এঁটে দিলেন। জানালার কাঠের পাল্লাগুলো আগে থেকেই বন্ধ ছিলো, শুধু ওপরের দিকের একটা ছোট অংশের পাল্লা ভাঙা থাকায় সেখান দিয়ে লোহার গ্রিলের ফাঁক গলে কুয়াশা ঢুকছে।

দুই মিনিট কাটলো। বাইরে কবরের নিস্তব্ধতা।

হঠাৎ প্ল্যাটফর্মের দক্ষিণ দিক থেকে কুদরত আলীর গগনবিদারী আর্তনাদ ভেসে এলো। চিৎকারটা এতটাই বুকফাটা যে সাজ্জাদের কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হলো।

— "কুদরত!"
কামরুল হক ব্যাকুল হয়ে ভাঙা জানালার পাল্লার কাছে ছুটে গিয়ে বাইরে টর্চের আলো ফেললেন। সাজ্জাদও ভয়ে কাঁপতে কাঁপতে তার পাশে এসে দাঁড়ালো।

জানালার ঠিক বিশ হাত দূরে, এক নম্বর রেললাইনের ওপর টর্চের আলো পড়তেই দুজনের শ্বাস আটকে গেলো।

কুদরত আলী রেললাইনের পাথরের ওপর চিৎ হয়ে পড়ে আছে। তার বুকের ওপর হাঁটু গেড়ে বসে আছে সেই নয় ফুট লম্বা কালো শ'য়তানটা। কুদরত আলী নিজের ক্ষীণ শক্তি দিয়ে হাত-পা ছুড়ছে আর অস্পষ্ট স্বরে পবিত্র কোরআনের আয়াত পড়ার চেষ্টা করছে।

শ'য়তানটা এক ঝটকায় কুদরত আলীর ডান হাতটা ধরে ওপরের দিকে টানলো। কড়মড় শব্দে কাঁধের জোড়া থেকে বুড়ো মানুষটার আস্ত হাতটা মাংস আর রগ ছিঁড়ে আলাদা হয়ে গেলো। ফিনকি দিয়ে কালচে লাল রক্ত শীতের বাতাসে ভাপ তুলে চারপাশে ছড়িয়ে পড়লো। কুদরত আলীর চিৎকার তখন গোঙানিতে পরিণত হয়েছে।

কিন্তু পিশাচটা সেখানেই থামলো না। সে তার দুটো কালো, লোহার শলাকার মতো শক্ত আঙুল কুদরত আলীর হাঁ করা মুখের ভেতর ঢুকিয়ে দিলো। ওপরের আর নিচের চোয়াল দুটো খামচে ধরে সে দুই বিপরীত দিকে প্রচণ্ড শক্তিতে টান দিলো। কচাত করে একটা ভেজা, বীভৎস শব্দ হলো। কুদরত আলীর গালের মাংস কান পর্যন্ত চিরে গিয়ে নিচের চোয়ালটা হাড়সুদ্ধ ঝুলে পড়লো তার বুকের ওপর। তারপর সেই নৃশংস শ'য়তানটা নিজের লম্বা কালো হাতটা কুদরত আলীর ছিন্নভিন্ন গলার ভেতর কনুই পর্যন্ত ঢুকিয়ে দিলো। এক হ্যাঁচকা টানে সে বুড়ো মানুষটার শ্বাসনালী, ফুসফুস আর ধুকপুক করতে থাকা হৃৎপিণ্ডটা একসাথে টেনে বাইরে বের করে আনলো। শীতের ঠান্ডা বাতাসে তাজা, র'ক্তমাখা মাংসপিণ্ডটা থেকে সাদা ধোঁয়া উড়ছে।

শ'য়তানটা তার হলুদ চোখ দুটো তুলে সরাসরি স্টেশন ঘরের জানালার দিকে তাকালো। তারপর কুদরত আলীর কাটা হৃৎপিণ্ডটা নিজের সূঁচালো দাঁতে কামড়ে ধরে এক নিমেষে কালো ধোঁয়ার মতো কুয়াশার ভেতর মিলিয়ে গেলো।

সাজ্জাদ জানালার সামনেই বমি করে ফেললো। তার হাঁটু দুটো ভেঙে আসছে।
— "এটা কী! এটা কী জিনিস কামরুল সাহেব! আমরা বাঁচবো না!"

কামরুল হক নিজেও পাথরের মতো জমে গেছেন। তার চশমার কাচ ঘামে ঘোলা হয়ে গেছে। তবুও তিনি নিজেকে সামলে নিয়ে বললেন,
— "চুপ করো! কোনো শব্দ করো না! দরজাটা লোহার পাত লাগানো, ও সহজে ভাঙতে পারবে না। ভোর হতে আর কয়েক ঘণ্টা বাকি। প্রথম লোকাল ট্রেনটা পাঁচটা চল্লিশে আসবে। ততক্ষণ আমাদের যেভাবেই হোক টিকে থাকতে হবে।"

হঠাৎ ঘরের টিনের চালের ওপর ধুপ করে ভারী কিছু একটা পড়ার শব্দ হলো। সাথে সাথে পুরো ঘরটা কেঁপে উঠলো।

মড়... মড়... মড়...

ছাদের ওপর কেউ হাঁটছে না, যেন ভারী লোহার নখ দিয়ে টিনের চালটা আঁচড়ে ফালা ফালা করার চেষ্টা করছে। শব্দটা ছাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। তারপর হঠাৎ সব চুপচাপ।

কয়েক সেকেন্ড পর ঘরের বন্ধ কাঠের দরজার ওপাশে খসখস শব্দ হলো।

— "স্যার... ও কামরুল স্যার... দরজাটা খোলেন না স্যার..."

দরজার ওপাশ থেকে কুদরত আলীর গলা ভেসে এলো। একদম শান্ত, স্বাভাবিক গলা।
— "আমার পায়ে খুব ব্যথা লাগছে স্যার... বাইরে খুব শীত... এক কাপ গরম চা দেন না..."

সাজ্জাদ দুই হাতে কান চেপে ধরে মেঝেতে বসে পড়লো।
— "কুদরত চাচা ম'রে গেছে! আমি নিজের চোখে দেখেছি ওর হৃৎপিণ্ড..."

— "ওর কথায় সাড়া দিও না!"
কামরুল হক ফিসফিস করে বললেন।
— "এটাই ওদের খেলা। ওরা মানুষের মস্তিষ্ককে অচল করে দিতে চায়।"

হঠাৎ জানালার সেই ভাঙা পাল্লার ওপাশ থেকে বাতাসের মতো একটা কালো ছায়া বিদ্যুৎগতিতে ভেতরে ঢুকে এলো। ওটা কোনো মানুষ নয়, একটা অস্বাভাবিক লম্বা, পোড়া চামড়ার কালো হাত! জানালার লোহার গ্রিলের ফাঁক দিয়ে হাতটা সোজা এসে কামরুল হকের ঘাড়ের চাদর আর চুলের মুঠি খামচে ধরলো।

— "আহ!"

কামরুল হক আর্তনাদ করে উঠলেন। তিনি প্রাণপণে টেবিলের পায়া আঁকড়ে ধরার চেষ্টা করলেন, কিন্তু শয়তানটার দানবীয় টানের সামনে টেবিলসুদ্ধ তিনি জানালার দিকে হিঁচড়ে যেতে লাগলেন।

সাজ্জাদ আতঙ্কে জমে গিয়েছিলো, কিন্তু কামরুল হকের কাতর চিৎকার শুনে সে টেবিলের ওপর থাকা ভারী লোহার পেপারওয়েটটা তুলে নিয়ে সেই কালো হাতের ওপর সজোরে আঘাত করলো। কোনো কাজ হলো না। মনে হলো নিরেট গ্রানাইট পাথরে বাড়ি লেগেছে।

শ'য়তানটা জানালার বাইরে থেকে এক ঝটকায় কামরুল হকের মাথাটা টেনে এনে জানালার লোহার গ্রিলের সাথে প্রচণ্ড জোরে ঠুকে দিলো।

ঠাস!

প্রথম আঘাতেই কামরুল হকের চশমাটা ভেঙে কাচের টুকরোগুলো তার দুই চোখের ভেতর গেঁথে গেলো। নাকের হাড় চূর্ণবিচূর্ণ হয়ে রক্তের ফোয়ারা ছুটলো। কামরুল হক তখনও হাত-পা ছুড়ছেন।

জানালার গ্রিলের মাঝখানের একটা পুরোনো লোহার রড বহু বছর আগে মরিচা ধরে মাঝখান থেকে ভেঙে তীক্ষ্ণ সূঁচের মতো ভেতরের দিকে বেঁকে ছিলো। বাইরের শ'য়তানটা যেন সেটাই খুঁজছিলো। সে তার অন্য হাতটা গ্রিলের ফাঁক দিয়ে ঢুকিয়ে কামরুল হকের মাথার পেছন দিকটা শক্ত করে চেপে ধরলো। তারপর প্রচণ্ড শক্তিতে কামরুল হকের মুখটা সেই ভাঙা, তীক্ষ্ণ লোহার শিকটার ওপর গেঁথে দিলো!

কচ করে এক গা ঘিনঘিনে শব্দে লোহার শিকটা কামরুল হকের ডান চোখের কোটর ভেদ করে, মাথার খুলির ভেতরের নরম মগজ ফুঁড়ে ঘাড়ের পেছন দিক দিয়ে প্রায় চার ইঞ্চি বাইরে বেরিয়ে এলো। কামরুল হকের শরীরটা কয়েকবার প্রচণ্ড খিঁচুনি দিয়ে স্থির হয়ে গেলো। ঘন লাল র'ক্ত আর ধূসর রঙের মগজের দলা চুঁইয়ে পড়তে লাগলো টেবিলের ওপর খোলা থাকা সেই দাবার বোর্ড আর লগবুকের পাতায়।

সাজ্জাদ আর নিজেকে ধরে রাখতে পারলো না। তার সামনে তখন উন্মাদ হওয়ার মতো পরিস্থিতি। জানালার বাইরে থেকে শ'য়তানটা কামরুল হকের ঝুলন্ত লা'শটা ছেড়ে দিতেই সেটা ধপ করে মেঝেতে লুটিয়ে পড়লো। আর সাথে সাথেই পিশাচটা জানালার লোহার গ্রিলগুলো দুই হাতে ধরে টানতে শুরু করলো। মোটা লোহার শিকগুলো মোমের মতো বেঁকে যাওয়ার বিকট ক্যাঁচক্যাঁচ শব্দ শুরু হলো! আর দশ সেকেন্ডের মধ্যে ওটা জানালা ভেঙে ঘরের ভেতর ঢুকে পড়বে।

সাজ্জাদ এক লাফে পাশের বিশ্রামঘরে ঢুকলো। পেছনের দিকে আরেকটা ছোট কাঠের দরজা আছে, যেটা সরাসরি স্টেশনের পেছনের সরিষা ক্ষেত আর আউটার সিগন্যালের দিকে বের হয়। সাজ্জাদ কাঁপাকাঁপা হাতে খিল খুলে দরজা ঠেলে বাইরে ঝাঁপ দিলো।

হাড়কাঁপানো কুয়াশা তাকে মুহূর্তেই ঘিরে ফেললো। তার পায়ে জুতো নেই, খালি পায়েই সে রেললাইনের ধারালো পাথর আর শিশিরভেজা ঘাসের ওপর দিয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে শুরু করলো। ধারালো পাথরের খোঁচায় তার পায়ের তলা ফালা ফালা হয়ে কেটে যাচ্ছে, কিন্তু প্রচণ্ড অ্যাড্রিনালিনের চাপে সে কোনো ব্যথাই টের পাচ্ছে না।

সে জানে, স্টেশন থেকে আধ মাইল পশ্চিমে হাইওয়ের লেভেল ক্রসিং আছে। সেখানে রাতেও ট্রাক চলে, গেটম্যান থাকে। যেভাবেই হোক তাকে সেখানে পৌঁছাতে হবে।

সাজ্জাদ প্রাণপণে দৌড়াচ্ছে। কুয়াশা এতটাই ভারী যে মনে হচ্ছে সে যেন দুধের সমুদ্রের ভেতর সাঁতার কাটছে। তার ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম। মিনিট দশেক একটানা দৌড়ানোর পর সে হাঁপাতে হাঁপাতে থামলো। দূর থেকে একটা হালকা হলুদ আলো দেখা যাচ্ছে! আর সেই সাথে শোনা যাচ্ছে মানুষের ফিসফিসানি।

— "বাঁচলাম!"
সাজ্জাদ স্বস্তির নিশ্বাস ফেলে আলোর দিকে দৌড়ালো।
— "ভাই! বাঁচান! আমাকে..."

কিন্তু আলোর কাছে গিয়েই তার পায়ের তলার মাটি সরে গেলো।

ওখানে কোনো হাইওয়ে নেই। কোনো লেভেল ক্রসিং নেই। সে দৌড়ে দৌড়ে বিশাল এক বৃত্ত ঘুরে আবার সেই চার নম্বর ডেড লুপলাইনেই ফিরে এসেছে! তার ঠিক সামনেই হাঁ হয়ে খোলা পড়ে আছে সেই কালচে লাল রঙের সিলগালা বগিটা। আর বগির ভেতর থেকে যে হলুদ আলোটা দেখা যাচ্ছিলো, সেটা কোনো ল্যাম্পপোস্টের আলো নয়,ওটা সেই নয় ফুট লম্বা শ'য়তানটার জ্বলজ্বলে দুটো চোখ! জ্বীনের ভেলকি তার মস্তিষ্ককে এতক্ষণ গোলকধাঁধায় ঘুরিয়ে আবার নিজের ডেরাতেই টেনে এনেছে।

সাজ্জাদ পিছিয়ে যেতে গিয়ে রেললাইনের লোহার পাতে হোঁচট খেয়ে চিৎ হয়ে পড়ে গেলো। পাথরের আঘাতে তার মাথার পেছনটা ফেটে গিয়ে চোখ ঝাপসা হয়ে এলো।

কুয়াশার চাদর চিরে সেই বিশাল, কালো, আগুনে ঝলসানো অবয়বটা ধীর পায়ে এগিয়ে এলো। তার শরীর থেকে পোড়া সালফার আর কাঁচা র'ক্তের তীব্র গন্ধ বেরোচ্ছে। সে নিচু হয়ে সাজ্জাদের বুকের ওপর নিজের অমানুষিক ভারী হাঁটুটা চেপে বসলো।

কড়মড়... মট!

এক মুহূর্তেই সাজ্জাদের বুকের পাঁজরের হাড়গুলো শুকনো কাঠির মতো ভেঙে ভেতরে ঢুকে গেলো। ভাঙা হাড়ের খোঁচায় ফুসফুস ফুটো হয়ে সাজ্জাদের মুখ দিয়ে ফেনা মেশানো লাল র'ক্ত গলগল করে বেরিয়ে এলো। সে শ্বাস নেওয়ার জন্য মাছের মতো খাবি খেতে লাগলো।

শ'য়তানটা তার মুখটা সাজ্জাদের মুখের মাত্র দুই ইঞ্চি ওপরে নামিয়ে আনলো। তার জ্বলন্ত নিশ্বাসে সাজ্জাদের মুখের চামড়া ঝলসে যাওয়ার উপক্রম। পিশাচটা ঠিক সাজ্জাদের নিজের কণ্ঠস্বর হুবহু নকল করে বিদ্রূপের স্বরে ফিসফিস করে বললো,
— "জ্বীন যদি এতই শক্তিশালী হয়, তবে সে একটা লোহার বগি ভেঙে বেরোতে পারে না কেনো?"

তারপর শ'য়তানটা তার ডান হাতের ছুরি মতো ধারালো, কালো নখটা সাজ্জাদের জ্যাকেট আর গেঞ্জি চিরে সরাসরি তার বুকের ঠিক মাঝখানে বসিয়ে দিলো। খুব ধীরে ধীরে, যেন কোনো নিখুঁত শিল্পী কাঠ খোদাই করছে, সে নখটা টেনে নামিয়ে আনল সাজ্জাদের নাভির নিচ পর্যন্ত।

সাজ্জাদের গলা চিরে এক চাপা, অমানুষিক গোঙানি বের হলো। তার পেটের চামড়া আর পেশি দুপাশে ফাঁক হয়ে যেতেই গরম র'ক্ত আর ধোঁয়া ওঠা নাড়িভুঁড়ি বাইরে বেরিয়ে এলো। শ'য়তানটা তখনো জীবিত, ছটফট করতে থাকা সাজ্জাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে নাড়িভুঁড়ির লম্বা নালিটা টেনে বের করলো। তারপর সেগুলোকে এক পাশে রেললাইনের স্লিপারের ওপর দড়ির মতো বিছিয়ে দিতে লাগলো।

অসহ্য যন্ত্রণায় সাজ্জাদের চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কিন্তু শ'য়তানটা তাকে এত সহজে ম'রতে দিলো না। সে সাজ্জাদের দুই পায়ের হাঁটু ধরে উল্টো দিকে চাপ দিলো। বিকট শব্দে হাঁটুর বাটি ভেঙে পা দুটো সামনের দিকে ভাঁজ হয়ে সাজ্জাদের বুকের ওপর এসে ঠেকলো। এরপর একইভাবে তার কনুই দুটো উল্টো দিকে মটকে ভেঙে তাকে একটা ভাঁজ করা কাপড়ের পুঁটলির মতো করে ফেললো। সাজ্জাদের দৃষ্টি অন্ধকার হয়ে আসার ঠিক আগের মুহূর্তে সে দেখলো, শ'য়তানটা তার দুটো চোখের পাতা টেনে খুলে ধরেছে, আর সেই সূঁচালো, র'ক্তমাখা দাঁতগুলো নেমে আসছে তার গলার নালির ওপর।


পরদিন সকাল ছয়টায় কুয়াশা কিছুটা কাটতেই পার্বতীপুরগামী প্রথম লোকাল ট্রেনটা কদমতলী হল্টের আউটার সিগন্যালের কাছে এসে ইমার্জেন্সি ব্রেক কষে থামতে বাধ্য হলো।

ট্রেনের ড্রাইভার আর গার্ড নেমে এসে যা দেখলেন, তা দেখে দুজনেই সেখানেই জ্ঞান হারানোর উপক্রম। এক নম্বর রেললাইনের দুটো লোহার পাতের সাথে মানুষের লম্বা নাড়িভুঁড়ি দড়ির মতো পেঁচিয়ে বাঁধা। একটু দূরেই পড়ে আছে কুদরত আলীর চোয়ালহীন, হৃৎপিণ্ডশূন্য নিথর দেহ। স্টেশন মাস্টারের ঘরের জানালার ভাঙা লোহার শিকে তখনো চোখ এফোঁড়-ওফোঁড় হয়ে ঝুলে আছে কামরুল হকের লাশ, আর তার নিচে র'ক্তে ভেজা দাবার বোর্ডে কালো রাজার ঘুঁটিটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে।

পুলিশ আর রেলওয়ে নিরাপত্তা বাহিনী দুপুরের দিকে পুরো এলাকা ঘিরে ফেললো। সাজ্জাদের কোনো হদিস পাওয়া গেলো না,শুধু চার নম্বর ডেড লুপলাইনের পাথরের ওপর তার ছেঁড়া জ্যাকেট আর কয়েক টুকরো চামড়া পড়ে ছিলো।

আর আশ্চর্যের ব্যাপার হলো, চার নম্বর লুপলাইনের সেই কালচে লাল রঙের সিলগালা বগিটার ভারী লোহার দরজাটা আবার শক্ত করে বন্ধ হয়ে আছে। তবে এবার দরজায় কোনো লোহার শিকল বা লাল মোমের সিল নেই। দরজার দুটো কড়া শক্ত করে বাঁধা আছে মানুষের তাজা, রক্তাক্ত চামড়ার ফালি আর মাথার চুল পাকিয়ে তৈরি করা এক অদ্ভুত দড়ি দিয়ে।

সন্ধ্যার দিকে পুলিশ যখন বগিটার পাহারা বসিয়ে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো, তখন একজন কনস্টেবল হঠাৎ থমকে দাঁড়ালো। বগিটার বন্ধ লোহার দেয়ালের ভেতর থেকে হালকা টোকা দেওয়ার শব্দ হচ্ছে। আর তার সাথে ভেসে আসছে এক তরুণের অসহায়, কাঁপাকাঁপা কণ্ঠস্বর,

— "ভাই, কেউ বাইরে আছেন? আমি সাজ্জাদ... আমাকে এরা ভেতরে আটকে রেখেছে... দয়া করে দরজাটা একটু খুলুন..."

#সমাপ্ত

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login