Poetry

পাল্টে গেলো যুগের হাওয়া

October 31, 2026

16 views

পাল্টে গেলো যুগের হাওয়া

পাল্টে গেলো ইচ্ছে।

নতুন যুগের হুজুগ এসে

পাল্টে দিলো কিচ্ছে।

 মাটির ঘরের দাওয়া ফেলে

কাচের ঘরে বাস।

হাতের মুঠোয় বন্দি সবাই

বন্ধ বারোমাস।

চিঠির খামে গন্ধ ছিল

আবেগভরা মন।

এখন কেবল স্ক্রিনে ভাসে

নকল নিমন্ত্রণ।

হারিয়ে গেলো সাঁঝের বেলার

মেঠোপথের গান।

যান্ত্রিকতায় গুমরে মরে

ভালোবাসার প্রাণ।

 উঠোন জুড়ে খেলত যারা

ধুলোমাখা ছানা।

চার দেয়ালে বন্দি হয়ে

কাটছে তাদের ডানা।

 গাছের ছায়ায় মিষ্টি আড্ডা

বটতলার সেই মেলা।

রিলস আর শর্টসের মোহেতে

কাটছে সারা বেলা।

 চায়ের কাপের তর্কগুলো

হারিয়ে গেছে দূরে।

অচেনা এক কৃত্রিম সুর

বাজছে মনের তারে।

 আপন মানুষ পর হয়ে যায়

লাইক-কমেন্টের টানে।

কে যে কারে দিচ্ছে ধোঁকা

কেউ না তাহা জানে।

 নদীর বাঁকে পদ্ম ফোটে

দেখার সময় নাই।

সবাই এখন সেলফি তোলে

হালকা রঙের ছাই।

 মনের ভেতর বাড়ছে একা

চোখের আলো ক্ষীণ।

কংক্রিটের এই শহর জুড়ে

বড়ই ধূসর দিন।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login