এখন আমি এমন হয়েছি —
নিজের অস্তিত্ব নিজেই মুছেছি।
বাদল দিনের হাওয়ায় চড়ে
নিকোটিনে কুয়াশার জাল বুনেছি।
দেখো তবে আমি কেমন বদলে গেছি — পুরোটাই।
গতিপথে হাত ছাড়ব কভু ভাবিনি,
তবে কেন আজ নিঃস্ব, একাকী?
সদা প্রফুল্ল চিত্ত কেন ধূসরিত?
কেন কম্পিত হৃদ প্রতি প্রহর নোনা জলে পূর্ণ?
যার প্রস্থান কভু ভাবিনি,
তবে কেন পাশখানা শূন্য?
দেখো তবে আমি কেমন বদলে গেছি — পুরোটাই।
না জানি কেন সেদিন
ডেকেছিলে শুকনো মৃতপ্রায় বটের তলায়,
না জানি কোন দ্বিধায়,
কোন বুলি রেখে অন্তরালে-
না বলেই চলে গেলে।
চলে যাওয়ার পথে অবাক চোখে দু’ফোঁটা নোনা জলে
ফিরিয়ে দিলে সকল স্মৃতি,
ছেড়ে গেলে শুকনো গোলাপ —
টেনে নিলে গল্পের ইতি।
দেখো তবে আমি কেমন বদলে গেছি — পুরোটাই।
কুড়িয়ে নেওয়া শুকনো গোলাপে
আবছা রয়ে গেছি।