Post

প্রান্তিক জন

November 10, 2026

34 views

গেলো শুক্রবার মিরপুর তেরো থেকে কাফরুল নিজের ভাড়া বাসায় ফিরছি।সঙ্গী পুরনো চোদ্দ ইঞ্চি টিএলসি টিভি। এই দেয়াল টিভির যুগে এটা খালা শাশুড়ি বাসায় শেষ আশ্রয় পেয়েছিল। এখন তার বাসায় ও জায়গার সঙ্কুলান না হওয়ায় আপন নীড়ে ফিরে আসছে।

তো বাসায় যাচ্ছি।বয়স্ক একজন অটোরিকশা চালক পেলাম। আমার একটা অভ্যাস, এ ধরনের মানুষের সাথে চলতে চলতে আলাপ জুড়ে দেই। বললাম, দশ নম্বরে দেখলাম একেবারে হকার মুক্ত।ফুটপাথে গাছ লাগায়া দিছে?

হ এহন অটোয়ালাগরে উচ্ছেদ করব হুনলাম।

তাই নাকি।

হ্। আসলে তারেক জিয়া ভোটের আগে এইটা কইলে পারত!

বুজলাম কথার ভিতরে একটা সুক্ষ্ণ রাজনৈতিক খোঁচা আছে। যেতে যেতে আলাপ জমবে। আমি এবার বলি, অটো বন্ধ হলে অনেক অটোচালক কে বাড়ী চলে যেতে হবে। আপনার বাড়ি কই?

ভোলার ইলিশা।তয় আমি বাড়ি যাই না আইজ বারো বছর।

কেনো যান না। নদী ভাঙছে ?

না নিজে বাড়ী করছি মানিকগঞ্জের সাটুরিয়া।

বাড়ী করছেন মানিকগঞ্জ, মানিকগঞ্জে রিকশা না চালাইয়া রিকশা চালান মিরপুর। ফ্যামিলি থাকে কই?

মানিকগঞ্জে রিকশা চালাইলে দিনে সাত আটশ পাওয়া যায়। এইজন্য চালাইনা। এইহানে তেরো নম্বর পলাশ নগর থাহি।

ম্যাচে থাকেন।

একা এক রুম নিয়া থাহি। চাইর হাজার টাহা ভাড়া দেই।

ভালো। নিজের মতো থাকেন। আর খাওয়া দাওয়া?

দুই বেলা হোটেলে খাই।

মানিকগঞ্জ যান না।

পনর দিনে একবার যাই।বাজার টাজার কইরা দিয়া আসি।

আপনার ছেলে মেয়ে কয়জন?

একপোলা তিন মাইয়া।

পোলারে পড়াশুনা করান না?

এইবার মেট্রিক খারাপ করছে। ঘোর লে নষ্ট হইয়া যাইবো। গার্মেন্টসে ঢুকাইয়া দিছি।

এটা ভালো করছেন। আর মেয়েরা?

বড় মাইয়া বিয়া দিছি যশোর।মেজ মাইয়া দিছি মুন্সিগঞ্জ। আর ছোট মাইয়াডা দশম শ্রেণি পর্যন্ত পড়ছিল। অরে বিয়া দিছি এই চৌদ্দ কচু ক্ষেতের..

কচুক্ষেত বৌ বাজার গোলি..।

না চৌদ্দ নম্বর মুক্তিযোদ্ধা গলিতে শুশুরের বাসা আছিল। তয় জামাইডা মারা গেছে এক মেয়ে রাইখা। হঠাৎ কইরা মারা গেছে।

কি হইছিল?

একদিন সকালবেলা বাসার নিচে নামছে। রাস্তায় পইড়া গেছে। হাসপাতাল নিতে নিতে শেষ।

তাহলে হার্ট এট্যাক করছিলো হয়তো!

করতে পারে। মদ খাওয়ার অভ্যাস আছিল।

তো জামাই মারা যাওয়ার পর আপনার মেয়ের কি হলো?

শশুর বাড়ির শরিকরা ছয়তলা বাসা বেইচে দিছে।

আপনার মেয়ে ভাগ পায়নাই ?

একটা ফ্ল্যাটের দাম পাইছে।তয় ওরা টাকা কম দিতে চাইছিল। আমার মেয়ে যাইয়া ...আহমেদ মজুমদারের হাত পা ধরছিল। হের পোলাপান দিয়া বইলা দিছে।

তারপর? আমি কৌতুহলী হয়ে বলি।

হেরপর অরা আশি লাখ দিছে।আমার মেয়ে টাকাটা হাতে পাইয়া পরদিন মজুমদারের পোলাপানরে খুশি হইয়া দুই লাখ দিয়া আইছে।

তো এখন মেয়ে কি করে।

জামাই মারা যাওয়ার পরে মেয়েরে বিয়া করছে জামায়ের এক বন্ধু। হে মালয়েশিয়া থাকতো।মেয়ে এহন বেনারসী পল্লীতে ফ্ল্যাট ভাড়া নিয়া থাহে।

ছোট্ট মেয়েটা কি সাথে থাকে? আর দ্বিতীয় জামাই?

মেয়েটা সাথে থাহে। জামাই মালয়েশিয়া চইলা গেছে আবার।

আমরা কথা বলতে বলতে কাফরুল তাঁরা মসজিদের সামনে রাস্তায় এসে থামি।মুসলীরা জুমার নামাজ আদায়ে জায়নামাজ বিছিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ছে। নামাজ শুরু হয়ে গেছে। রিক্সাওয়ালা কে বলি, একটু অপেক্ষা করেন। নামাজ শেষ হয়ে যাবে। রিকশাওয়ালা আমাকে অবাক করে বলে, এইযে নামাজ পড়তে রাস্তায় দাড়াইছে, পাশের কোনো দেশে এইডা দেখবেন না।

আমি প্রসঙ্গ পাল্টানোর জন্য বলি, ঢাকা আসছেন কবে?

হেইডা জিয়ার আমলের শেষ দিগে। বয়স সতর কি আটার। শুরুতে দশ নম্বরের ওদিকে ফল,সবজি বেচতাম।

তারপর ? ফল বেঁচতে যাইয়া এক মেয়ের লগে পরিচয়।হেরেই বিয়া করি।

বর্তমানে আপনার বয়স কত?

বাষট্টি চলে।

জুমার নামাজ শেষ। আমাদের রিকশা ও পুনরায় চলতে শুরু করে..

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login