অন্ত্যজ আলোয় দেখো নেচে উঠে সুকেশী পামর;
ঘুঙুরের রিনিঝিনি, পদতলে সভ্যতার মায়া--
কালো পায়ের ধুলোয় উড়ে যায় মেঘ–রোদ–ছায়া;
তপ্ত অভিশাপে পুড়ে মোহগ্রস্থ অবোধ নাগর।
ঝলসে উঠেছে গায়ে রুক্ষ যত প্রতাপের আলো,
চোখ তার যেন মেঘে বজ্রচেরা বিদ্যুৎ নাচন;
নতমুখ দেবতারা ক্ষিপ্র ছেড়ে যায় সিংহাসন--
পুরাণ উত্থিত সব ইতিহাস কোথায় বিকালো?
জাগরণে ভারাক্রান্ত ক্ষতে পূর্ণ বঞ্চিত হৃদয়,
নির্বিকার চোখে দেখে দাহ, তবু দাঁড়ায় কী শুনে?
আকুল কান্নার দাগ মুছে দিয়ে দ্রোহের আগুনে;
শঙ্খনিনাদে ধুলোর বুকে তুলে উন্মত্ত প্রলয়!
বিবৃত নাচের মুদ্রা চূর্ণ করে অন্ধকার ধ্বনি;
সাহসী প্রান্তিক কন্যা কন্ঠে তুলে গান, জাগরণী।।