চিত্রিত উঠোনে গায় কন্যা ধান-শিশিরের গান।
সংসারের দৈনন্দিন ছোট, বড়, কঠিন বিপাকে;
লুকিয়ে শঙ্কার কাঁটা আলুলায়িত চুলের ফাঁকে,
নিয়ত উঁচিয়ে রাখে সংসারের সমূহ সম্মান।
কৃষকের ক্ষিপ্র হাত, যে ফসল তুলে আনে, তার
ছাড়িয়ে ধূসর খোসা, পূর্ণ করে চালের ওগার।
ঝড়-জল-বন্যা এসে যখন ভাসায় ঘর-বার
ক্লান্তিহীন ঘামে-শ্রমে দক্ষ, গড়ে তুলে সে আবার।
কিষাণী তামাটে হাতে লিখে চলে সাংসারিক ছন্দ-
নির্মাণের গূঢ় যত্নে গৃহে গড়ে প্রশান্ত বদ্বীপ।
স্বামীর ফেরার পথে অপেক্ষার জ্বালায় প্রদীপ,
উদ্ভাসিত সে আলোতে পথের রুক্ষতা, খানা-খন্দ।
বুকের গহীনে জ্বলে নদী-রঙ দুরন্ত সাহস -
শিখেনি কখনো কন্যা দুর্বিপাকে করিতে আপোষ।।