ব্রেক আপ
সানজানা চোখ বুলাইতেছে, রাস্তার ওপর, পার্কের ওপর, নরম কইরা আদর করার মতন চোখে দেখতেছে পুরা এলাকা। এটা সানজানার নিজের এলাকাই বলা চলে, মোহাম্মদপুর- এখানে অনেক রকম বাতি জ্বলে, প্রচুর না হইলেও, বেশ কিছু গাছ আছে। অনেক জায়গায় গাছের গায়ে প্যাঁচানো থাকে ফেইরি লাইট। সানজানা আদুরে চোখে খুঁজতেছে একটা ছেলেকে। ছেলেটার নাম সে জানে না। এই এলাকারই ছেলে, তারে এলাকায় দেখা যায় প্রায়ই। এলাকায় অনেক ছেলে, সুন্দর সুন্দর ছেলে। কিন্তু সানজানার দৃষ্টি ওই ছেলেটারেই দেখতে চায়। কারণ ছেলেটা ফারদিনের মতন দেখতে।
অনেকদিন হয়, সানজানা ফারদিনকে দেখতে পায় না। তাদের কথা হয় না। তাদের ব্রেক আপ হইয়া গেছে। ফারদিন অনেক কান্নাকাটি কইরা বিদায় নিয়া চইলা গেছে। সানজানা কান্দেনাই। মানে, কানছে, কিন্তু ফারদিনের সামনে না। এইটা সে না করলেও পারতো। সে একা একা না কাইন্দা ফারদিনকে দেখায় কানতে পারতো। কিন্তু তাইলে ফারদিন আর যাইতে পারতো না। এর আগে ফারদিন যখনই ব্রেক আপের কথা বলছে, সানজানা ওর সামনে কান্নাকাটি করছে অনেক, ফারদিনের সহ্য হয় নাই- সে ফিরা আসছে।
সানজানা আর ফারদিনের পরিচয় যখন তারা দুইজনই টিন এজ। সানজানা বছর দুয়েকের বড়। ছোটবেলায় সানজানা ফারদিনকে যেমন শাসনের ওপর রাখতো, এখনও সেই রকম শাসনের ওপরই রাখতে চায়। ফারদিনের জন্য এটা প্যারা হইয়া যাইতেছিলো। সানজানা বুঝতে পারে, কিন্তু নিজের স্বভাবটা বদলাইতে পারে না। ফারদিনকে তার মনে হয় নিজের স্বত্বার একটা অংশ, অন্য একটা মানুষ হিসাবে ট্রিট করতেই পারে না।
সানজানা ফারদিনের কথা ভাবতে ভাবতে নাম না জানা ছেলেটারে খুঁজতে থাকে। এলাকায় ঢুইকা বাসায় না গিয়া রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। শীতের শুরু এখন- তাজমহল রোডটাকে সুন্দর লাগে, ধূলায় আলোয় আবছায়া হইয়া থাকা, দুই চারটা গাছের পাতার ফাঁক দিয়া আসা আলোগুলা নকশা বানায়, রাস্তা সাজায়। সানজানা তার পরিচিত একটা চায়ের দোকানে গিয়া বসে, দুইটা চায়ের অর্ডার দেয়।
চায়ের দোকানের পাশের সিঁড়িতে বইসা ফারদিনের মতন দেখতে ছেলেটারে নিয়া ভাবতে চেষ্টা করে সানজানা। ছেলেটা খ্যাত আছে হালকা। কিন্তু মালের মধ্যে আবার একটা বিহারী বিহারী ভাব, এক্সটিক। কে জানে বিহারীদের ছেলে কিনা! মোহাম্মদপুরের লোকাল যখন! অবশ্য বিহারীরা এত কালো হয় না। ছেলেটার গায়ের রঙও ফারদিনের মতন- কালো, মিষ্টি, মাটির মতন রঙ। বিহারীদের ছেলে হইলে এতো মায়া মায়া কালো হইতো না। ফর্শা থাইকা কালো হওয়া গায়ের রঙ বুঝা যায়।
সানজানা ছেলেটারে হাসতে দেখছে। হাসলে তাকে ফারদিনের মতন লাগে না। সানজানা দূর থাইকা দেখছে অবশ্য। নিজের দোস্ত বন্ধুদের সাথে হাইসা কথা বললেও অন্য সময় ছেলেটা কেমন জানি ভাবলেশহীন থাকে। মুখে নিষ্ঠুর একটা ভঙ্গি ফুটায় তুলতে চায়, কিন্তু তাকে মোটেই নিষ্ঠুরের মতন লাগে না। তার কিউট বেবি ফেইসটা গম্ভীর থাকলেই ফারদিনের মতন, হাসলে সে অন্য মানুষ।
সানজানা প্রথম কাপ চা খায়া একটা সিগারেট ধরায়, ততক্ষণে দ্বিতীয় কাপ চা তার সামনে। সানজানা তাকাইয়া আছে সামনে মাঠের দিকে। কিন্তু চা যে দিয়া গেছে সে টের পাইছে। এই দোকানের মামা জানে সানজানা পর পর দুই কাপ চা খায়। অর্ডার দেওয়ার সময় বইলা দেয় নাই, শুধু বলছে , মামা চা দেন। উনি জানে, যখন একটা প্রায় শেষ তখনই দ্বিতীয়টা বানাইতে হবে।
সন্ধ্যার শেষ আলোটুকু যখন মাঠের ওপর আকাশের কোনায় লালচে থাইকা ফ্যাকাশে হইয়া অন্ধকারে মিলায় যাইতেছে, তখন সানজানা তাজমহল রোডের মাঠের কোনায় আরও কয়েকটা ছেলের সাথে ওই ছেলেটাকে হাইটা আসতে দেখলো। গল্প করতে করতে আসতেছে ওরা। এই দোকানের দিকেই আসতেছে নাকি!
সানজানার কোন সোশ্যাল অ্যাংজাইটি নাই। সে বিন্দাস ভাবে যে কোন লোকের সাথে যে কোন বিষয় নিয়া কথা বলতে পারে। সে ঠিক করলো আজকে সে ছেলেটার সাথে কথা বলবে। আর কিছু না হোক অন্তত নামটা তো জাইনা নেওয়াই যায়।
ছেলেদের দলটা সানজানা যে দোকানে বসছে সেখানে আসলো না, পাশের একটা ফাঙ্কি চায়ের দোকানে বসলো। এইটা নরমাল টং দোকান, পাশেরটা স্টাইলিশ ক্যাফে ধাঁচের দোকান। চা ছাড়াও কফি আর জুস টুস বিক্রি করে।
সানজানা এই দোকানের বিল মিটাইয়া ওই দোকানটায় গিয়া ঢুকলো। কাউন্টারে গিয়া মেনু দেখার ভান করতে করতে চোখের কোনা দিয়া লক্ষ্য করতে থাকলো ছেলেদের দলটাকে। ওই ছেলে যেখানে বসবে তার উল্টাদিকে তাকে বসতে হবে, যেখান থাইকা ওকে সরাসরি দেখা যাবে। মুশকিল হইলো দোকানটা খুব ছোট, মাত্র তিনটা টেবিল। দেয়ালের সাথে ফিক্স করা টেবিল আর টুল। ওরা আছে চারজন, একটা টেবিল ওদেরই লাগবে। ওরা যদি মাঝেরটায় বসে, সানজানাকে শেষেরটা বা কাউন্টারের ঠিক সামনেরটাতে বসতে হবে। দেখা যাক।
একটা পাইন অ্যাপল জুস অর্ডার কইরা সানজানা ঘুইরা দাঁড়ায়, সাথে সাথেই সে দেখতে পায়, ছেলেটা বসছে এই দিকে পিছন কইরা, তার মানে সানজানাকে বসতে হবে টেবিলে, ওই পাশে, দেয়ালে পিঠ দিয়া। বাহ, সবচেয়ে সুন্দর জায়গায় বইসা বইসা প্রিয় মুখের মতন একটা মুখ দেখা যাবে! বেশ তো!
সানজানা বইসা ফোন বাইর করলো। চিপা একটা দোকান, এত কাছাকাছি মুখোমুখি বসা, কোন একটা আড়াল না থাকলে, চোখাচোখি হইয়া গেলে মুশকিল। ধরা খাইয়া যাইতে হবে। সানজানা এত তারাতারি ধরা খাইতে চায় না।
আজকাল এই সুবিধাটা সবার আছে। স্মার্টফোনে তাকায় থাকলে সোশাল ইন্টারঅ্যাকশন এড়ানো যায়। এইখানে অবশ্য কেস আলাদা। সানজানা আসছে যোগাযোগ তৈরি করতে, অথচ তাকে ভান করতে হইতেছে যোগাযোগহীনতার।
মানুষকে কত রকম ভান যে করতে হয়!
সানজানা চেষ্টা করতেছে ওই ছেলের সাথে যেন চোখাচোখি না হয়, এবং একই সাথে চাইতেছে যেন দুয়েকবার চোখে চোখ পড়ে। চোখ হইলো যোগাযোগের প্রথম মাধ্যম, অন্তত মানুষের সাথে মানুষের যোগাযোগের তো বটেই। সানজানার বান্ধবী নাদিয়া খুব ছোট্ট বাচ্চা পছন্দ করে, বুকের দুধ খাওয়ার সময় বাচ্চারা যে মায়েদের সাথে আই কনট্যাক্ট করে, ওইটা নাকি ওর খুব ভাল্লাগে! সানজানা সচেতন সিদ্ধান্ত নিছে, তার কোনদিন বাচ্চা হবে না। হইলে বিষয়টা মিলাইয়া দেখা যাইতে পারতো।
সানজানার কোনদিন বাচ্চা না নেওয়ার সিদ্ধান্ত ফারদিনের প্রভাবে হইছে। প্রেমের শুরুতে সানজানা বাচ্চাকাচ্চার স্বপ্ন দেখতো। ফারদিন অনেক আগে থাইকাই ডিসাইডেড, সে কোন সন্তান জন্ম দিতে চায় না। ফলে সানজানাও ওই চিন্তা বাদ দিছিলো। বাদ দিতে দিতে অভ্যাস হইয়া গেছে। বয়স বাড়তে বাড়তে টের পাইছে, কি যে একটা ভালো সিদ্ধান্ত ছিলো! দুনিয়াটা এত নষ্ট! ভবিষ্যতে আরও নষ্ট হবে! এখানে মানুষ জন্ম দেওয়ার কোন মানেই হয় না!
একশো দিন হইয়া গেছে, ফারদিনের সাথে কথা হয় নাই। বাকী জীবনে আর কোনদিনই ফারদিনের সাথে কথা হবে না- এই সত্য সানজানা এখনও মাইনা নিতে পারে নাই। ফারদিন হয়তো এখনও সানজানাকেই স্বপ্নে দেখে!
সাত বছর কি খুব দীর্ঘ সময়!
সানজানা ভাবে- ভাবতে ভাবতে সে ভুইলা যায়, তার সামনে ফারদিনের মতন দেখতে একটা ছেলে বইসা আছে। ছেলেটা হাসতেছে না বেশি, কেমন একটা প্রসন্ন মুখে আছে, মাঝে মাঝে সে সানজানার মুখের দিকে তাকাইতেছেও। কিন্তু সানজানা তার কথা বেমালুম ভুইলা গেছে, সে ফারদিনের কথাই ভাবতেছে। ভাবতেছে ফারদিনের স্বপ্নের কথা।
ফারদিন প্রায়ই সানজানাকে স্বপ্নে দেখতো। সেইসব স্বপ্নের সবই ছিলো সিনেমার মতন স্পষ্ট। অন্তত ফারদিন যখন সানজানাকে বলতো ,সানজানা খুব সহজেই ভিজুয়ালাইজ করতে পারতো। স্বপ্নগুলা বেশিরভাগই কোথাও না কোথাও ভীষণ ইরোটিক, শুনতে শুনতে সে নিজেও এক এক রাতে এরকম স্বপ্ন দেইখা প্যান্টি ভিজাইয়া ফেলতো- ফারদিনের স্বপ্ন সানজানার মধ্যে সংক্রমিত হইতো। এরকমও হইছে, ফারদিন যেমন দেখছে, সেটা শুইনা পরের রাতে সানজানা ঠিক একই জিনিস দেখছে।
ফারদিন দেখছিলো তারা দুইজনে একটা লঞ্চের মধ্যে, প্রচুর ঝড়ো হাওয়া, ভীতিকর অবস্থা চারদিকে, কিন্তু তারা দুইজন ছাদে লাভ মেক করতেছে। যেহেতু স্বপ্নে সবই সম্ভব, তাই ছাদে বইসাও তারা নিচে কী কী হইতেছে, টের পাইতেছে। এই স্বপ্ন শুইনা সানজানা পরের রাতে দেখলো, সে আর ফারদিন অলমোস্ট র্যাফটিং করার মতন একটা নৌকায় লাভ মেক করতেছে, বড় বড় ঢেউ আসতেছে, নৌকা ঢেউ এর চূড়ায় উঠতেছে কিন্তু তাদের কিছুই হইতেছে না, নৌকা কেউ চালাইতেছেও না, সানজানা বার বার ফারদিনের গায়ে কামড় দিতে চেষ্টা করতেছে, ফারদিন সানজানাকে চুমু দিয়া থামানোর বা বাঁচার চেষ্টা করতেছে- এমন সুন্দর স্বপ্ন সানজানা জীবনে খুব কমই দেখছে।
সানজানার সামনে কেউ পাইন অ্যাপল জুসের গ্লাস রাইখা গেলো, রঙটা সুন্দর হইছে তো! এমন অসময়ের ফলে এমন সুন্দর রঙ আশা করাই যায় না! মেঘ না চাইতেই বৃষ্টির মতন হলুদ রঙটা সানজানার দিকে তাকাইয়া যেন হাসতেছে!
হলুদ রঙ সানজানার খুব প্রিয়। সানজানার ধারণা, হলুদ যাদের প্রিয় হয়, তারা বেশ উইয়ার্ড টাইপের হয়। এই রকম ধারণা হওয়ার পিছনে একটা কারণ হইতে পারে হুমায়ূন আহমেদ। ছোটবেলায় হুমায়ূন আহমেদের হিমু চরিত্র নিয়া কয়েকটা উপন্যাস সে পড়ছে। কিন্তু শুধু হিমুর জন্যই না। সে খেয়াল করছে টরান্টিনোরও হলুদ খুব প্রিয়। তার সিনেমায় চরিত্ররা প্রায়ই হলুদ পোশাক পরে, হলুদ গাড়ী চালায়, প্রচুর ফ্রেমের মধ্যে হলুদ রঙ থাকে, কোন না কোন ভাবে। কিল বিল সিনেমার তো পোস্টারই হলুদ!
কিল বিল সানজানার খুব প্রিয় ছবি, কোন কারণে মন খারাপ হইলেই সে একবার কিল বিল দেইখা ফেলে। অবশ্য বেশ কয়েকটা ছবিই সে মন খারাপ দূর করার জন্য দেখে, কিল বিল তার মধ্যে অন্যতম। ফারদিনের সাথে ব্রেক আপের পর একশো দিনের মধ্যে সে তিনবার এই ছবির ফার্স্ট পার্ট দেখছে। শেষ বার শেষ হয় নাই, চুরানব্বই মিনিট পর্যন্ত দেখা হইছিলো।
ফারদিন সানজানাকে অনেকদিন আগে কিল বিল দেখতে বলছিলো। কিন্তু সানজানা অভিমান কইরা দেখে নাই। কথা ছিলো তারা দুইজন একসাথে ছবিটা দেখবে, কিন্তু ফারদিনের তর সয়নাই। সে একা একাই দেইখা ফেলছিলো। সেই সময় তারা সিনেমা দেখতো ফারদিনের বাসায়, ডেস্কটপ কম্পিউটারে। ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন থাকতো, সিনেমা নামানোর কায়দা কসরত ফারদিনই জানতো। পরদিন একসাথে দেখবে, সিনেমা নাইমা গেছে, ফারদিন রাত জাইগা দেইখা ফেলছে। এই নিয়া কি বিকট ঝগড়া তাদের! ফারদিন বুইঝাই পায় নাই এত রাগ করার কী আছে এইখানে! আর সানজানা রীতিমতো প্রতারিত বোধ কইরা কাইন্দা কাইটা অস্থির! কী সব দিন গেছে! ভাবলে এখন স্বপ্নের মতন লাগে! গতজন্মের স্মৃতির মতন অকল্পনীয় মনে হয়!
সানজানা হঠাৎ খেয়াল করলো, চারপাশে শব্দ কেমন জানি কম কম! সে সম্বিৎ ফিরা পাইয়া দেখলো সামনের টেবিলে ছেলেদের দলটা নাই! কখন জানি উইঠা চইলা গেছে! সানজানা টেরও পায় নাই, ফারদিনের মতন দেখতে ছেলেটা যাওয়ার সময় তার মুখের দিকে কয়েক মুহূর্ত তাকাইয়া ছিলো। সানজানা তখন নিবিষ্ট মনে ভাবতেছিলো ফারদিনের সাথে তার কৈশোর কালের প্রেমের উচ্ছ্বাসের কথা।
ওই বাসাটা ছিলো আজিজ মহল্লায়। তিন তলা বাসা, ফারদিনরা দুই তলায় থাকতো। ফারদিনের ঘরের জানলা দিয়া একটা আম গাছ দেখা যাইতো, আম গাছে নতুন পাতা আসলে সানজানা ফারদিনকে বলতো, তর মতন রঙের পাতা। ফারদিন এই কথা শুনলে খুব হাসতো। সানজানা অলমোস্ট প্রতি বছরই বসন্ত আসার আগে আগে আম গাছের কচি পাতার প্রসঙ্গ তুইলা ফারদিনকে মনে করায় দিতো, ওর শরীরের রঙ তার কত প্রিয়! ওই দিন সানজানার কান্নাকাটির পর তাদের খুব আদর হইছিলো। ফারদিন যেহেতু কোন দিনই সানজানার কান্না সহ্য করতে পারতো না, যত অযৌক্তিক কারণেই সানজানা কাঁদুক, ফারদিন অস্থির হইয়া নমো নমো শুরু করতো।
সানজানা ঠিক করলো সে আজিজ মহল্লার ওই বাড়ীটা দেখতে যাবে। সে ভুইলাই গেলো নাম না জানা ওই ছেলেটার কথা, যে, সানজানার ধারণা ফারদিনের মতন দেখতে। কিন্তু কেবল গম্ভীর থাকলেই তাকে ফারদিনের মতন লাগে, হাসলে সে অন্য মানুষ।