১
যা ইচ্ছে হয় লিখেই গেলে
মাত্রা এবং ছন্দ ছাড়া
যতই ভাবো গুছিয়ে নেবে-
জীবন থাকে ছন্নছাড়া!
হয় না বাউল কেউ কোনদিন
ভাতকে যদি অন্ন বলে
সহজ করে কইলে কথা
জীবন বুঝি সরল চলে!
সুর বোঝ না তাল বোঝ না
গান লিখেছো কথার মতন-
অবহেলা খুব বোঝা যায়
কথার গুণে হয় না যতন।
সবাই জানে সবাই বোঝে-
ভোলাও কাকে! লুকাও কাকে!
যার কারণে সকল ফাঁকি
আয়না দিয়ে দেখবে তাকে।
২
এতো সব লেখার খাতার সফেদ পাতা
দু'চোখে চুনকালি আর মাথায় ব্যথা।
শব্দেরা লুকিয়ে থাকে সঙ্গোপনে,
ভাষাটাও পালিয়ে বেড়ায় ঘরের কোনে।
দেয়ালে অন্তমিলের ভুতুড়ে ছায়া,
দেখা যায়, যায় না ছোঁয়া, নেই তো কায়া-
কবিতার শরীর ছানে, ঐ যে ওরা-
সতী আর বেশ্যা ওদের প্রাণভোমরা!
ওরা সব গান লেখে আর আইন-কানুনও
ওরা সব রবিশঙ্কর- টরান্টিনো!
আমাদের পিএমএস আর মাসিক ব্যথায়
কবিতাই ইলোপ করে ওদের খাতায়!
৩
ওরা কবিতা লিখে যাক
ওরা কবিতা লিখে যাক
তোমার হৃদয় তোমার কাছেই থাক-
শীতের ছায়ার মতন কুয়াশায়
অস্পষ্ট সম্মতিতে ভীত
মুখের দিকে চেয়ে তুমি স্মিত
হেসে চোখ টেপ ফরাসী কায়দায়
তবুও ওরা কবিতা লিখে যাক
তোমার হৃদয় তোমার কাছেই থাক-
আঁকড়ে থাকুক তোমার শাড়ীর পাড়ে
রক্তে মাংসে নেশাতুর সব ক্ষত
বয়ে চলুক রজরক্তের মত
বিষাক্ত সব শব্দ ওদের হাড়ে
জন্ম জন্মে অমর হয়ে থাক
তারপরও ওরা কবিতা লিখে যাক
তোমার হৃদয় তোমার কাছেই থাক-
ভুলেও কাউকে দিও না তোমার মন
মন আর দেহে ক্ষমতার আস্ফালন
সুতরাং ওরা কবিতা লিখে যাক
তোমার হৃদয় তোমার কাছেই থাক-