পরম কারিগর গভীর মমতা আর নিপুণ ভালোবাসায় নিজ হাতে একমুঠো মাটি দিয়ে গড়ে তুলেছিলেন এক অপূর্ব খাঁচা। তারপর তাঁরই নিজস্ব নিঃশ্বাসের এক অচিন পাখিকে সেই মাটির খাঁচার অভ্যন্তরে পরম যত্নে বসিয়ে দিলেন। মুহূর্তেই প্রাণের স্পন্দনে জেগে উঠল নিষ্প্রাণ মাটির অবয়ব। শুরু হলো মাটির দেহের সঙ্গে অদৃশ্য আত্মার এক রহস্যময় সহাবস্থান; খাঁচারূপী দেহের অন্তরালে বন্দি এক অবুঝ, দুরন্ত আত্মার সঙ্গে পরমাত্মার চিরন্তন লুকোচুরি।
সেই অচিন পাখিকেই আমরা কত আদর করে কত নামে ডাকি—বুলবুলি, টিয়া কিংবা ময়না। তার হাসি-কান্না, আনন্দ-বেদনা, বুকভরা নিঃশ্বাস আর পৃথিবীর রূপ-রস-গন্ধে মুগ্ধ হওয়ার সমস্ত আয়োজন যেন তার নিজেরই। ধীরে ধীরে মাটির খাঁচাটি নিজের অস্তিত্ব নিয়ে অহংকার করতে শেখে। সৌন্দর্য, শক্তি, প্রাচুর্য আর প্রাপ্তির মোহে সে ভুলে যায় তার প্রকৃত পরিচয়। একবারও ভেবে দেখে না, ভেতরের সেই অচিন পাখিটির উপস্থিতি ছাড়া সে কেবলই একমুঠো প্রাণহীন মাটি। যে প্রাণের স্পর্শে তার এত আয়োজন, এত অহংকার, এত আত্মপরিচয়!
সময়ের স্রোত বয়ে চলে আপন নিয়মে। দিন ফুরিয়ে রাত নামে, ফাগুনের মিষ্টি বাতাস একসময় হারিয়ে যায় শ্রাবণের অঝোর ধারায়। ঋতুর পরিবর্তনে রোদ, বৃষ্টি আর ঝড়ের অবিরাম আঘাতে মাটির খাঁচাটি ক্রমশ ক্ষয়ে যেতে থাকে। একদিন যে দেহ ছিল সৌন্দর্যের অহংকার, সেখানে বয়সের ছাপ পড়ে; চকচকে দেয়ালে ফাটল ধরে, শক্তপোক্ত দরজার কপাটগুলো ক্রমশ আলগা হয়ে আসে। প্রাণের উচ্ছ্বাসে মুখর সেই খাঁচায় নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা। তখন হয়তো মাটির খাঁচাটি বুকের গভীর থেকে দীর্ঘশ্বাস ফেলে। মনে পড়ে, কত সহস্র নামে তাকে ডাকা হয়েছে, কত আদর, কত সোহাগ, কত মায়ার বন্ধনে তাকে আগলে রাখার চেষ্টা করা হয়েছে! অথচ কখনো বোঝা হয়নি, খাঁচার প্রতি মায়া থাকলেও পাখির আকাঙ্ক্ষা তো অসীম আকাশের প্রতি। তার ডানা মেলার স্বপ্ন কোনো পার্থিব শিকলে বাঁধা পড়ে থাকার নয়। অথচ এই সত্য অনুধাবন করার মতো প্রজ্ঞা; অহংকারে আচ্ছন্ন মাটির দেহটির কখনোই ছিল না।
মাটির দেহ কেবলই এক ক্ষণিকের ঠিকানা। দিনশেষে পড়ে থাকে নিথর, প্রাণহীন এক শূন্য খাঁচা; আর অচিন পাখি ফিরে যায় তার আপন ঠিকানায়। এই ডাক কোনো রক্ত-মাংসের মানুষের প্রতি নয়, কোনো পার্থিব বিরহের হাহাকারও নয়। এ এক তৃষ্ণার্ত আত্মার তার পরমাত্মার প্রতি চিরন্তন আকুতি। জীবনের সমস্ত আলো যখন একে একে নিভে আসে, চেনা পৃথিবী আর পরিচিত অস্তিত্ব যখন ক্রমশ ছায়ার মতো মিলিয়ে যায়, তখন চারপাশের নিথর নীরবতাকে মনে হয় স্রষ্টার এক গভীর নৈঃশব্দ্য। অভিমানী হৃদয় তখন প্রশ্ন তোলে—পরম করুণাময় কি তবে মুখ ফিরিয়ে নিয়েছেন? তিনি কি ঘুমিয়ে পড়েছেন? এই ভাঙা খাঁচার বুকফাটা কান্না কি তবে তাঁর কর্ণকুহরে পৌঁছায় না?
কিন্তু চোখের জল যখন গাল বেয়ে মাটির বুকে গড়িয়ে পড়ে, বুকের গভীরে জমে থাকা হাহাকার যখন সমস্ত অস্তিত্বকে চূর্ণ-বিচূর্ণ করে দেয়, ঠিক তখনই অন্তরের অতল থেকে নেমে আসে এক অলৌকিক প্রশান্তি। শূন্য হৃদয়ের নিভৃত কোণে প্রতিধ্বনিত হয় এক নীরব বাণী—যাঁকে তুমি ঘুমন্ত ভাবছ, তিনি তো কখনো ঘুমান না। সৃষ্টির আদি থেকে অনন্তকাল পর্যন্ত তিনিই জাগ্রত, তিনিই সর্বদ্রষ্টা। আসলে ঘুমিয়ে আছ তুমি নিজেই; নিজের আমিত্ব, অহংকার আর পার্থিব মোহের ঘোরে নিমগ্ন হয়ে ভুলে আছ আপন স্রষ্টাকে। দুনিয়ার মায়ার চাদর গায়ে জড়িয়ে দীর্ঘ এক অচেতন ঘুমে আচ্ছন্ন তোমার বিবেক। অথচ ভাবছ, তোমার চোখের জলের খবর বুঝি কেউ রাখে না! যে পাখিকে শিকলবন্দি ভেবে এতকাল আগলে রেখেছিলে, সে তো আসলে পালিয়ে যায়নি; বরং নশ্বর মাটির খাঁচার সীমাবদ্ধতা পেরিয়ে ফিরে গেছে তার প্রকৃত মালিকের সান্নিধ্যে। রুহের আকুলতা তো চিরকালই ছিল তার উৎসে ফিরে যাওয়ার; মাটির এই খাঁচাটুকুই শুধু পড়ে রইল পৃথিবীর বুকে।
এই পরম সত্য যখন হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করে, তখন অশ্রুধারা আর কোনো বাঁধ মানে না। চোখ ফেটে জল নামে—এ জল কেবল হারানোর বেদনার নয়, এ এক গভীর আত্মসমর্পণের অশ্রু; নিজের আমিত্ব, অহংকার আর সমস্ত মোহকে ধূলিসাৎ করে দেওয়ার অশ্রু। তখন উপলব্ধি হয়, মালিক কখনো ঘুমিয়ে ছিলেন না; তিনি চিরজাগ্রত, অতন্দ্র প্রহরীর মতো অবলোকন করছেন তাঁর সৃষ্টির প্রতিটি স্পন্দন। অপেক্ষা শুধু সেই অবুঝ মনের, কখন সে নিজের ভুলের ঘোর কাটিয়ে অনুশোচনায় কেঁদে উঠবে, কখন তার অন্তর ফিরে আসবে স্রষ্টার স্মরণে। কারণ, কখনো কখনো অশ্রুই হয়ে ওঠে আত্মার পরিশুদ্ধির ভাষা; যে অশ্রুতে ধুয়ে যায় মনের জমে থাকা সমস্ত কলুষতা।
অচিন পাখি তো শিকল কেটে উড়ে গেছে, ফিরে গেছে তার আপন ঠিকানায়। তখন আর শূন্য খাঁচার বেদনা কাঁদায় না; বরং এক অনির্বচনীয় উপলব্ধিতে হৃদয় ভরে ওঠে। খাঁচার ভাঙন নয়, বরং সৃষ্টিকর্তার কাছে ফিরে যাওয়ার সেই চিরন্তন সত্যই হয়ে ওঠে জীবনের শেষ দর্শন। তবুও নিথর খাঁচার সামনে দাঁড়িয়ে অশ্রুসিক্ত হৃদয় থেকে ভেসে আসে এক ব্যাকুল আর্তি;
"আমি ডাকিতেছি তুমি ঘুমাইছ নাকি?"
এই আকুলতা কি কোনো সাধারণ বিরহের? নাকি এ এক অবুঝ আত্মার তার চিরন্তন আশ্রয়ের প্রতি শেষ আর্তনাদ?
মোঃ আবু হানিফ
২৯ কার্তিক ১৪৩৩