কলটা রিসিভ করতেই হড়বড় করে অয়ন বলে চলল,
"ম্যাডাম, কী এক পাগল মহিলা ক্লায়েন্ট পাইছেন! পুরা বাসা ঘুরায় দেখাইল!"
এই ছেলেটাকে মিটিংয়ে পাঠানোই ঝামেলা।
আমি রাগ চেপে ঠান্ডা স্বরে বললাম, "তোমাকে তো বাসাটা দেখতেই পাঠালাম আর ওনার রিকোয়ারমেন্ট জানতে। কী সমস্যা?"
"ম্যাডাম, সমস্যা কিছু না। উনি অনেক নাস্তাপানিও দিছে, ব্যবহারও খারাপ না।"
এবার আমি ধৈর্য হারিয়ে ফেললাম।
"উফ অয়ন, আসল কথা বলো। আমি মাত্র ফিরেছি, খুব টায়ার্ড।"
"হায় হায়, ম্যাডাম! সরি, সরি, সরি। আসলে ওই পাগলী... সরি, ওই ক্লায়েন্ট মহিলা ওনার ফ্ল্যাটে কোনো কাঁচ ব্যবহার করতে দেবেন না। এত সুন্দর কিছু স্পেস, ওইসব জায়গায় ফুলহাইট গ্লাস খুব ভালো লাগবে। এত বললাম, এতবার বললাম, উনি বুঝতেই চান না। পাগল নাকি?"
"আচ্ছা, তুমি কি আসলে আর্কিটেক্ট, নাকি মিস্ত্রি-টিস্ত্রি? কথাবার্তা এত ইনসেনসিটিভ কেন? ক্লায়েন্টকে স্টাডি করাও পার্ট অফ আওয়ার জব।"
"ওহ, সেইটা করছি তো ম্যাডাম। মহিলাকে জিজ্ঞাসা করছি, এইদিকে না হয় গ্লাস দিলেন না, জানালার গ্লাস কী করবেন? উনি বলছেন কী, জালুজি উইন্ডো না কি জানি কাঠের খড়খড়িওয়ালা জানালা দিবেন। ওই যে ম্যাডাম, পুরান দিনের বাড়িগুলাতে থাকত।"
এবার আমি কিছুটা নড়েচড়ে বসলাম।
"মানে? এমন তো কখনো শুনিনি। মানুষ কেসমেন্ট উইন্ডোর জন্য মাথা খারাপ করে দেয় আজকাল। পুরো বিল্ডিং পারলে কাঁচে ঢেকে দেয়, আর উনি প্রাগৈতিহাসিক কালের জানালা-দরজা কেন চান? কোথাও গ্লাস দেবেন না? কেন এরকম সিদ্ধান্ত, জিজ্ঞাসা করোনি?"
"আরে না ম্যাডাম, আমার গেছে মেজাজ খারাপ হয়ে। আমি বলে আসছি যে আপনার সঙ্গে কথা বলে জানাব।"
"গুড! আমার সঙ্গে কথা হয়েছে, এটা জানিয়ে দাও। আর বলো, আমি পরশু সাইটে যাব। ওনার পুরোনো ফ্ল্যাট কই?"
"ফ্ল্যাট না ম্যাডাম। পুরোনো দিনের দোতলা বাড়ি। উনি তো বললেন দুই ব্লক পরেই।"
"ওকে, ওই বাড়িও দেখব।"
বলে ফোন রেখে দিলাম।
ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়ে প্রথমে গেলাম ছেলের ঘরে। তার টিচার এসেছে, পড়ছে। মেয়ের ঘরে গিয়ে দেখি মন দিয়ে অঙ্ক করছে। পাশে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিলাম। আমাকে জড়িয়ে ধরল মৌমি।
"বল তো মা, আজকে কী হয়েছে?"
"জানি না মা, তুই বল দেখি?"
"মা, আজকে ম্যাথ কপি দিয়েছে। ৯৯ আউট অফ ১০০!"
"সত্যি! তাহলে তো সেলিব্রেট করতে হয়। চল বাইরে ডিনার করে আসি।"
"না না মা, বাইরে যাব না। আরেকটা সারপ্রাইজ আছে। খাবার সময় বলব।"
"বলিস কী! এত সারপ্রাইজে তো উড়ে যাব!"
ওকে পড়তে দিয়ে রান্নাঘরে উঁকি দিলাম। ও, এই তাহলে সারপ্রাইজ। মাজেদা তেহারি রান্না করেছে। ওকে সময়মতো খাবার দিতে বলে ঘরে আসলাম।
বিছানায় গা এলিয়ে দিয়ে বই হাতে পড়া শুরু করলাম। কখন যে ঘুমিয়ে গেছি, টেরই পাইনি। ঘুম ভাঙল মাজেদার ডাকে।
"আপা, ও আপা! উঠেন, সারপ্রাইজ আছে।"
"কী ব্যাপার মাজেদা? তুমিও বলছ। কীসের সারপ্রাইজ?"
"টেবিলে আহেন আগে।"
উঠে চোখেমুখে পানি দিয়ে ডাইনিং রুমে গিয়ে দেখি মৌমি আর সায়ন বসে আছে আগেই। মৌমি আমাকে দেখেই বলল,
"সারপ্রাইজ! মা, আজকের তেহারি আমি নিজে রান্না করেছি।"
আমি অবাক হয়ে বললাম, "তাই নাকি রে! তুই শিখলি কোথা থেকে?"
"ইউটিউব থেকে।"
"বাহ! তাহলে তো শুরু করা যাক।"
তিনজনে মিলে বেশ হইচই করে খাওয়া শেষ করলাম। কিছুক্ষণ ফ্যামিলি টাইম কাটিয়ে যে যার ঘরে ঢুকে শুয়ে পড়লাম।
আগামীকাল আমার খুব টাইট শিডিউল। তবুও ঘুমানোর আগে একটু স্টাডি করলাম পুরোনো দিনের দরজা-জানালা নিয়ে। কেন যেন ভীষণ আগ্রহ কাজ করছে আমার ভেতরে। নানীর বাড়ির খড়খড়িওয়ালা জানালা আর কাঠের কড়িবর্গার ছাদের কথা ভাবতে ভাবতে ঘুমে তলিয়ে গেলাম।
দিনটা ছিল বৃহস্পতিবার। অফিসে কাজের চাপ থাকলেও শুক্র-শনিবার দুটো দিন একটু ভাবতে চাই প্রজেক্টটা নিয়ে।
অয়ন আর অফিসের আরেকজন জুনিয়র আর্কিটেক্ট প্রিয়ন্তীকে নিয়ে গেলাম বনানী ২৩ নম্বর রোডের বাড়িটাতে। সাড়ে ছয় হাজার স্কয়ারফিটের ডুপ্লেক্স ফ্ল্যাট। লোকেশনও দারুণ। লিভিং রুম থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখা যায়।
ক্লায়েন্ট ভদ্রমহিলা আসতে পারেননি, ম্যানেজারকে পাঠিয়ে দিয়েছেন। বেডরুমগুলো যেদিকে, তার পেছনেই বেশ খানিকটা খালি জায়গা। প্রচুর গাছপালা। পশ্চিমের আলো এসে লিভিং রুম, ডাইনিং রুমে দারুণ একটা পরিবেশ তৈরি করেছে।
আমার যতটুকু দেখার দেখে নিয়েছি। প্রিয়ন্তী নোট নিয়ে নিচ্ছে। কিন্তু অয়ন ম্যানেজারের সঙ্গে রাজনৈতিক আলাপ জুড়ে দিয়েছে। চোখের ইশারায় ওকে থামিয়ে গাড়িতে গিয়ে বসলাম।
ক্লায়েন্টের পুরোনো বাড়ি ২৫ নম্বরে।
পুরোনো দিনের দোতলা বাড়ি। বাড়িটাও খুব সুন্দর। তবে সম্ভবত এটা ডেভেলপারকে দিয়েছেন। নাটক-সিনেমায় বড়লোকদের যেমন বাড়ি হয়, ঠিক তেমন একটা বাড়ি।
বিরাট দরজা খুলে দিল কেয়ারটেকার গোছের কেউ। বিশাল ড্রয়িংরুমে বসতে দিয়ে হাওয়ায় মিলিয়ে গেল যেন।
প্রিয়ন্তী ভয়ে ভয়ে বলছে, "ম্যাডাম, কেমন ভুতুড়ে বাড়িটা!"
ওকে বললাম চারপাশ লক্ষ্য করতে। এতে ক্লায়েন্টের রুচি বোঝা যাবে।
আমিও দেখতে থাকলাম। দেয়ালে নামীদামি শিল্পীদের পেইন্টিং। তবে এরা রুচিশীল। সোফার কভার থেকে পর্দা, সবই সাদা। ইন্ডোর প্ল্যান্টের ব্যবহারও বুঝেশুনে করেছে।
পর্দার ফেব্রিক দেখতে গিয়ে আবার জানালায় চোখ রাখলাম। জানালাগুলো কাঠের খড়খড়ির। আশপাশের ডেকোরেশন পিসগুলোর দিকে তাকালাম। একটাও কাঁচের জিনিস নেই!
অয়ন কিছু বলতে যাবে, এমন সময় দেখি ভদ্রমহিলা সিঁড়ি বেয়ে নেমে আসছেন।
ছেলে-মেয়ে দুজন তো বটেই, আমিও বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে আছি। সাদা খোলের বুটিদার তন্তুজ শাড়ি, এক ঢাল কালো চুল, কানে-গলায় ছোট্ট হিরার দ্যুতি—অতি সাধারণ কিন্তু কী মোহনীয় সাজ এই নারীর! কাঁচা হলুদের মতো গায়ের রং যেন আলো ছড়াচ্ছে সফেদ অন্দরসজ্জায়।
আমরা উঠে দাঁড়ালাম।
ষাটের কোঠায় বয়স হবে তাঁর। দেখে আমাদের ধানমন্ডি গার্লস হাইস্কুলের প্রিন্সিপাল আতিয়া বানুর কথা মনে পড়ল। ঘরে ঢুকতেই খুব মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়ল। দামি কোনো পারফিউম, বোঝাই যাচ্ছে। আমার ভীষণ পারফিউমের শখ। নানান ধরনের পারফিউম আমার সংগ্রহে থাকলেও এই ঘ্রাণটা আমার কাছে নতুন।
ঘরে ঢুকেই আমাদের সাদর অভ্যর্থনা জানালেন তিনি। সবার সঙ্গে করমর্দনও করলেন। এদেশে তো এমন চল নেই একেবারেই। সাধারণত ক্লায়েন্ট মিটিংয়ে আমিই লিড দিই, ক্লায়েন্টকে সেভাবে মাথায় ওঠার সুযোগ দিই না। কিন্তু আজকের আবহটা একেবারেই ভিন্ন। কেন যেন ভীষণ সমীহবোধ হচ্ছে আমার!
নিজের পরিচয় দিলেন, "আমি নীলা। আপনি নিশ্চয়ই স্থপতি মাহনুর?"
"জ্বি।"
বলে আমার বিজনেস কার্ড এগিয়ে দিলাম। যদিও আমার কার্ড আছে ওনার কাছে, তবুও কেমন একটা অস্বস্তি কাজ করছে আমার, যা কখনোই হয় না।
আলাপ উনিই শুরু করলেন। এই বাড়ি ডেভেলপারকে দেননি, বাড়িটা রেনোভেট করে একটু কনটেম্পোরারি করতে চাইছেন।
সেদিন অয়ন অনেক নোট তো নিয়ে গিয়েছিল। কিন্তু পরিবারের কতজন সদস্য, কাজের লোকজনের সংখ্যা, এসব জেনে যায়নি। আমিই জেনে নেব বললে মুখ খুলতে যাব, তখনই দেখি ট্রলিতে করে নাস্তা নিয়ে এল এক লোক।
আমরা অবাক হয়ে দেখলাম, সব খাবার দেওয়া হয়েছে কাঁসার বাটিতে, এমনকি পানিও দেওয়া হয়েছে তামার গ্লাসে। আমার এই ৪৩ বছরের জীবনে আমি এমন দেখিনি। খাবারদাবারে দারুণ বনেদিয়ানা।
খেতে খেতে ওনার রিকোয়ারমেন্টগুলো শুনছি। এমন সময় সেই লোক আবার চা নিয়ে ঢুকল। এবার তাজ্জব হয়ে গেলাম—চায়ের কেটলি, কাপ সবই তামার। দেখে মনে হচ্ছে টার্কিশ জিনিস এগুলো।
চা রেখে লোকটা চলে গেল। উনি নিজেই আমাদের জন্য চা ঢালতে শুরু করলেন।
আমি তাঁর হাতের দিকে তাকালাম। কী নিপুণ সেই হাত! একটা মানুষ আগাগোড়া এত সুন্দর হয় কী করে?
ওনার চা ঢালার ফাঁকে আমি আমার দুই সহকারীর দিকে তাকালাম। ওরা দুজনেই কাঁচের বিষয়টা বুঝতে পেরেছে মনে হয়। আসলে এ বাড়ির কোথাও মনে হয় কাঁচের ব্যবহার নেই। কিন্তু কেন?
ওদের দিক থেকে চোখ ফিরিয়ে আবারও ভদ্রমহিলার দিকে তাকালাম। খুবই অস্বস্তি নিয়ে খেয়াল করলাম, তিনিও আমার দিকেই তাকিয়ে আছেন। যেন বোঝার চেষ্টা করছেন আমি কী ভাবছি, অথবা বুঝেও ফেলেছেন।
এবারও উনিই কথা শুরু করলেন।
"আপনি নিশ্চয়ই ভাবছেন, আমি কেন আমার বাড়িতে কাঁচের ব্যবহার পছন্দ করি না?"
আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, "আসলে বিষয়টা একটু ব্যতিক্রমী তো। তাই কৌতূহল হচ্ছে।"
ভদ্রমহিলা মৃদু হাসলেন। তারপর চায়ের কাপে একটা চুমুক দিয়ে বললেন, "কিছু কিছু জিনিসের সঙ্গে মানুষের সম্পর্কটা অদ্ভুত। অন্যদের কাছে যা সৌন্দর্যের, আমার কাছে তা আতঙ্কের।"
আমি চুপ করে রইলাম।
"আজ থেকে প্রায় দশ বছর আগের কথা। আমার মেয়ের তখন সাত বছর বয়স। খুব চঞ্চল ছিল। সারাক্ষণ বাড়িময় ছুটে বেড়াত। আ।আর স্বামী ভীষণ বদরাগী মানুষ ছিলেন। সামান্য কারণে চিৎকার চেঁচামেচি করতেন। একদিন সন্ধ্যায় ওর বাবার সঙ্গে আমার খুব সামান্য একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একসময় সেই কথা কাটাকাটি ঝগড়ায় রূপ নেয়। রাগের মাথায় ওর বাবা ডাইনিং টেবিল থেকে একটা কাঁচের প্লেট তুলে মেঝেতে আছড়ে ভেঙে ফেলেন।"
নীলা একটু থামলেন। তাঁর চোখের দৃষ্টি তখন আর আমাদের দিকে নেই। যেন অনেক দূরের কোনো একটা দৃশ্য দেখছেন।
"আমার মেয়েটা তখন একটু দূরে দাঁড়িয়ে ছিল। কীভাবে যে একটা কাঁচের টুকরো ওর চোখে গিয়ে লাগে! মুহূর্তের মধ্যে সবকিছু ওলটপালট হয়ে গেল। হাসপাতালে নেওয়া হলো। চিকিৎসা হলো। কিন্তু শেষ পর্যন্ত ওর চোখের আলো আর ফিরল না।"
ঘরের ভেতর হঠাৎ একটা অদ্ভুত নীরবতা নেমে এল।
অয়ন মাথা নিচু করে বসে আছে। প্রিয়ন্তীর চোখেও বিস্ময় আর বিষণ্ণতা।
আমি কী বলব বুঝতে পারছিলাম না। একজন স্থপতি হিসেবে এতক্ষণ বাড়িটার নান্দনিকতা, আলো-বাতাস, স্পেস আর ম্যাটেরিয়াল নিয়ে ভাবছিলাম। অথচ এই বাড়ির প্রতিটি সিদ্ধান্তের পেছনে যে এমন একটা গল্প লুকিয়ে আছে, তা কল্পনাও করিনি।
নীলা আবার বললেন,
"ঘটনার পর অনেক দিন আমি ওই বাড়িতে থাকতে পারিনি। প্রতিটি ঘরে, প্রতিটি কোণে ওই দিনের স্মৃতি ফিরে আসত। পরে মেয়েকে নিয়ে অন্য জায়গায় চলে যাই। ওর বাবার সঙ্গে আমার সম্পর্কও আর টেকেনি। এই বাড়িটা আমার বাবার। ডিভোর্সের পর এখানে এসেই উঠি। তবে ওঠার আগে আবার নতুন করে সব ডিজাইন করিয়েছি। কোথাও যেন একটুকরো কাঁচ না থাকে।"
আমি আস্তে করে জিজ্ঞাসা করলাম, "আপনার মেয়ে এখন কোথায়?"
"আমার সঙ্গেই থাকে। ও এখন সতেরো। খুব ভালো গান করে, বই পড়ে, লেখালেখিও করে।"
কথাটা বলে তিনি একটু হাসলেন।
"তবে জানেন, মেয়েটা আমার চেয়ে অনেক বেশি সাহসী। আমি এখনো কিছু কিছু বিষয় থেকে বের হতে পারিনি। অথচ ও নিজের মতো করে জীবনটাকে সাজিয়ে নিয়েছে।"
আমি কিছু বলার আগেই তিনি যোগ করলেন,
"আমি আসলে ওকে নিরাপদ রাখতে চেয়েছি। তাই এই বাড়িতে কাঁচের কোনো জিনিস রাখিনি। জানালায় কাঁচ নেই, দরজায় কাঁচ নেই, এমনকি শোপিসেও না। প্রথম প্রথম ও কিছু বলত না। কিন্তু এখন মাঝে মাঝে মনে হয়, আমি হয়তো নিজের ভয়টা ওর ওপর চাপিয়ে দিচ্ছি।"
ঠিক তখনই সিঁড়ির দিক থেকে একটা মেয়ের কণ্ঠ শোনা গেল।
"মা, তুমি আবার আমাকে নিয়ে গল্প করছ?"
আমরা সবাই সেদিকে তাকালাম।
একটি মেয়ে সিঁড়ি বেয়ে নেমে আসছে। পরনে হালকা নীল রঙের সালোয়ার-কামিজ। এক হাতে সাদা ছড়ি। অন্য হাত দিয়ে রেলিং ছুঁয়ে ধীরে ধীরে নামছে।
আবারো আমরা সবাই অবাক বিষ্ময়ে দেখলা স্রষ্টার অপূর্ব আরেক সৃষ্টিকে। এত সুন্দরও হয় মানুষ! সৌন্দর্যে মাকেও ছাড়িয়ে গেছে ইরা।
নীলা একটু অপ্রস্তুত হয়ে বললেন, "এই যে, তোমার সঙ্গেই পরিচয় করিয়ে দিতে চাচ্ছিলাম।"
মেয়েটি আমাদের সামনে এসে দাঁড়াল।
"আমি ইরা।"
আমি এগিয়ে গিয়ে বললাম, "আমি মাহনুর। তোমাদের বাড়ির ডিজাইন নিয়ে কাজ করব।"
"জানি। মা বলেছেন।"
আমি ওকে বসতে বললাম। ইরা সোফার দিকে এগিয়ে গিয়ে সাবলীলভাবে বসে পড়ল।
"তোমার বাড়ি নিয়ে কিছু কথা জানতে চাইছিলাম।"
"আমার বাড়ি?"
"হ্যাঁ। তোমারও তো এই বাড়িতে থাকার কথা।"
ইরা একটু হেসে বলল, "সেটা তো বটেই। তবে মা বাড়িতে কোনো কাঁচ রাখতে চায় না। কিন্তু আমার কাঁচের প্রতি কোনো ভয় নেই।"
আমি একটু অবাক হলাম।
ইরা আবার বলল, "আমি জানি কী হয়েছিল। কিন্তু আমি চাই না, ওই একটা ঘটনা আমার বাকি জীবনের সবকিছু নির্ধারণ করে দিক। মা এখনো আমাকে নিয়ে খুব চিন্তা করে। কোথাও গেলে বারবার ফোন করে। কিছু করতে গেলেই আগে ভয় পায়। আমি বুঝি, কেন এমন করে। কিন্তু সবসময় তো এভাবে থাকা যায় না, তাই না?"
নীলা মেয়ের কথায় একটু অপ্রস্তুত হয়ে বললেন, "ইরা!"
ইরা হেসে বলল, "মা, আমি ভুল কিছু বলছি?"
আমি ওদের দিকে তাকিয়ে রইলাম।
এতক্ষণ যে বাড়িটাকে একজন মায়ের স্মৃতি আর আতঙ্কের জায়গা হিসেবে ভাবছিলাম, হঠাৎ বুঝতে পারলাম, এই বাড়ির আরেকজন বাসিন্দার গল্পও আছে। আর সেই গল্পটা সম্পূর্ণ আলাদা।
আমি ইরাকে জিজ্ঞাসা করলাম, "তুমি কেমন বাড়ি পছন্দ করো?"
"আমি চাই বাড়িটা যেন আমার সঙ্গে কথা বলে।"
কথাটা শুনে আমরা সবাই একটু থমকে গেলাম।
"মানে?"
"মানে, আমি যখন এক ঘর থেকে আরেক ঘরে যাব, যেন বুঝতে পারি কোথায় আছি। সবকিছু যেন নিজের জায়গায় থাকে। আমার ঘরে বই রাখার জন্য অনেক তাক চাই। তবে এমনভাবে, যেন নিজেই খুঁজে নিতে পারি। একটা মিউজিক কর্নার চাই। জানালার পাশে বসে বৃষ্টি শোনার ব্যবস্থা চাই।"
আমি হেসে বললাম, "জানালার পাশে বসে বৃষ্টি শুনবে, অথচ কাঁচ থাকবে না?"
"কাঁচ থাকলে সমস্যা কোথায়? কাঁচ তো আমার শত্রু না। তবে জানালাটা এমন হতে হবে, যাতে বৃষ্টির শব্দ শুনতে পাই, বাতাস পাই।"
কথাটা শুনে নীলা মেয়ের দিকে তাকালেন। তাঁর চোখে বিস্ময়, মায়া আর কিছুটা অপরাধবোধ মিশে আছে।
ইরা আবার বলল, "আর একটা কথা। আমার ঘরটা যেন খুব বেশি আলাদা না হয়। মা সবসময় বলে, আমার জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। আমি চাই না আমার ঘরটা এমন হোক যে সবাই দেখেই বুঝবে, এটা একজন অন্ধ মানুষের ঘর। আমি শুধু চাই, নিজের মতো করে সবকিছু ব্যবহার করতে পারি।"
আমি এবার সত্যিই মুগ্ধ হলাম।
একজন আর্কিটেক্ট হিসেবে এতদিন কত ধরনের ক্লায়েন্ট পেয়েছি। কেউ চেয়েছেন ইম্পোর্টেড মার্বেল, কেউ ইতালিয়ান কিচেন, কেউবা পুরো বাড়িটাই কাঁচে মুড়ে দিতে। কিন্তু এই প্রথম কেউ আমাকে বলল, তার বাড়িটা যেন তার সঙ্গে কথা বলে।
আমি বললাম, "ইরা, তোমার বাড়িটা আমরা এমনভাবে ডিজাইন করব, যেখানে তোমাকে প্রতিটি মুহূর্তে অন্যের ওপর নির্ভর করতে হবে না। তবে তোমার মায়ের নিরাপত্তার চিন্তাটাও মাথায় রাখতে হবে।"
ইরা হেসে বলল, "মাকে বুঝিয়ে বলবেন কিন্তু। আমি বললে মা শোনে না।"
নীলা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন।
সেদিন বাড়ি থেকে বের হওয়ার সময় অয়ন আর প্রিয়ন্তী দুজনেই বেশ চুপচাপ ছিল। গাড়িতে উঠে অয়ন হঠাৎ বলল,
"ম্যাডাম, একটা কথা বলব?"
"বলো।"
"আজকে বুঝলাম, কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট না বুঝে তাঁকে পাগল বলা ঠিক না।"
আমি হেসে ফেললাম।
"শুধু ক্লায়েন্ট না অয়ন। কোনো মানুষের পছন্দ-অপছন্দের পেছনের কারণ না জেনে মন্তব্য করাটাও ঠিক না।"
এরপরের কয়েক সপ্তাহ আমাদের বেশ ব্যস্ততায় কাটল। নীলা ও ইরার সঙ্গে একাধিকবার বসেছি। ইরার ঘর, চলাচলের পথ, বাথরুম, লাইব্রেরি, মিউজিক কর্নার—সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
আমি প্রিয়ন্তীকে নিয়ে কয়েকটি বিশেষ রেফারেন্স স্টাডি করলাম। স্পর্শের মাধ্যমে চেনা যায় এমন টেক্সচার, মেঝেতে সূক্ষ্ম উপকরণগত পরিবর্তন, দরজার পাশে স্পর্শযোগ্য মার্কার, নির্দিষ্ট জায়গায় আলো ও শব্দের নিয়ন্ত্রণ—এসব নিয়ে কাজ শুরু করলাম।
ইরার ঘরে বইয়ের তাকগুলো এমন উচ্চতায় রাখা হলো, যাতে সে নিজেই বই খুঁজে নিতে পারে। বইয়ের পাশাপাশি অডিওবুক ও ব্রেইল বই রাখার জন্য আলাদা ব্যবস্থা করা হলো। মিউজিক কর্নারে রাখা হলো তার প্রিয় হারমোনিয়াম। জানালায় রাখা হলো কাঠের খড়খড়ি, যাতে বৃষ্টি ও বাতাসের সঙ্গে তার যোগাযোগ থাকে।
বাড়ির কিছু জায়গায় নিরাপদভাবে কাঁচ ব্যবহারের প্রস্তাবও দিয়েছিলাম। তবে সেটা সম্পূর্ণ নীলার ও ইরার সম্মতিতে। কোথাও কাঁচ না থাকলেও যে আধুনিক ও নান্দনিক বাড়ি তৈরি করা সম্ভব, সেটাই আমাদের ডিজাইনের মূল ভাবনা হয়ে উঠল।
ডিজাইন ফাইনাল করার দিন নীলা অনেকক্ষণ ড্রয়িংগুলো দেখলেন। তারপর বললেন,
"মাহনুর, একটা কথা বলব? এতদিন মনে হতো, এই বাড়িতে কাঁচ না থাকলেই বুঝি আমি আমার মেয়েকে নিরাপদ রাখতে পারব। আজ মনে হচ্ছে, নিরাপত্তা শুধু কোনো জিনিস বাদ দেওয়ার মধ্যে নেই।"
আমি বললাম, "ঠিক বলেছেন। নিরাপত্তা মানে ভয়কে ঘিরে জীবন সাজানো নয়। বরং ভয় ছাড়াই জীবনযাপন করার সুযোগ তৈরি করা।"
নীলা আমার হাতটা ধরে বললেন, "আপনি শুধু একটা বাড়ির ডিজাইন করেননি, মাহনুর। আমাদের দুজনের ভাবনাকে এক জায়গায় এনেছেন।"
কাজ শুরু হওয়ার পর প্রায় ছয় মাস কেটে গেল।
একদিন বিকেলে সাইট ভিজিটে গিয়ে দেখি ইরা তার ঘরে বসে হারমোনিয়াম বাজাচ্ছে। জানালার খড়খড়ি দিয়ে বিকেলের আলো এসে মেঝেতে পড়েছে। বাইরে বাতাসে গাছের পাতাগুলো নড়ছে। নীলা দরজার পাশে দাঁড়িয়ে মেয়ের গান শুনছেন।
আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম।
গান শেষ হলে ইরা বলল, "মাহনুর খালা এসেছেন?"
আমি অবাক হয়ে বললাম, "তুমি বুঝলে কীভাবে?"
"আপনার পারফিউমের গন্ধটা চেনা হয়ে গেছে!"
আমরা সবাই হেসে উঠলাম।
ইরা এবার বলল, "খালামণি, জানেন, এই ঘরটা আমার খুব ভালো লাগে। এখানে ঢুকলেই বুঝতে পারি, আমি কোথায় আছি। কিছু খুঁজতে হলে কাউকে ডাকতে হয় না। মা-ও এখন আর সবসময় আমাকে নিয়ে এত চিন্তা করে না।"
নীলা পাশ থেকে বললেন, "কে বলেছে করি না? এখনো করি। তবে আগের চেয়ে একটু কম।"
ইরা মায়ের হাত ধরে বলল, "জানি মা।"
আমি জানালার দিকে তাকালাম। কাঠের খড়খড়ির ফাঁক দিয়ে বাইরে আকাশ দেখা যাচ্ছে। ঘরের ভেতরে কোনো কাঁচের ঝলকানি নেই। অথচ কী সুন্দর আলো-ছায়ার খেলা!
সেদিন বাড়ি ফেরার পথে অনেক কিছু ভাবছিলাম।
আমরা স্থপতিরা প্রায়ই একটা বাড়ির সৌন্দর্য বিচার করি তার আয়তন, অবস্থান, আলো-বাতাস, ভিউ আর ম্যাটেরিয়াল দিয়ে। অথচ একটা বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হয়তো এগুলোর কোনোটাই নয়।
একটা বাড়ির দেয়ালের মধ্যে শুধু ইট, বালু, সিমেন্ট থাকে না। থাকে মানুষের স্মৃতি, ভালোবাসা, হারিয়ে ফেলা সময়, কখনো কখনো এমন কিছু ক্ষত, যা বাইরে থেকে দেখা যায় না।
নীলা কাঁচকে ভয় পেতেন, কারণ কাঁচ তাঁর জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটির জীবনে এক অপূরণীয় পরিবর্তন এনে দিয়েছিল। আর ইরা কাঁচকে ভয় পেতে চায়নি, কারণ সে নিজের জীবনকে সেই একটি ঘটনার মধ্যে আটকে রাখতে রাজি ছিল না।
একজন মা চেয়েছিলেন মেয়েকে আগলে রাখতে। আর মেয়েটি চেয়েছিল নিজের মতো করে পৃথিবীটাকে চিনতে।
সেদিন বুঝেছিলাম, স্থাপত্যের সবচেয়ে বড় দায়িত্ব শুধু সুন্দর কিছু তৈরি করা নয়। বরং এমন একটি পরিসর তৈরি করা, যেখানে প্রত্যেকে নিজের মতো করে বাঁচতে পারে।
কাঁচের ওপারে পৃথিবীটা দেখা যায় ঠিকই, কিন্তু সব পৃথিবী চোখ দিয়ে দেখতে হয় না।
কিছু পৃথিবী অনুভব করতে হয়।
বাড়ি ফিরতে আজ অনেক রাত হয়ে গেল। ছেলে-মেয়েদের ঘরে উঁকি দিয়ে দেখি ওরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। নিরাপদ, নির্ঝঞ্ঝাট ঘুম। নিজের ঘরে ঢুকে ঘুমে তলিয়ে যাবার আগে মনে হল, আজ থেকে ৮ বছর আগে যদি সাহস করে সেই কাঁচের দেয়ালটা ভেঙে বের না হতাম, তাহলে --- কে জানে --- হয়ত আমার মৌমিকেও ইরার মত জীবন পেতে হত!