মায়ের ভাগ
ছোটবেলায় আমাদের একটি মুরগি ছিল;
প্রতিদিন একটিই ডিম দিতো
তাতেই ছিল আমাদের চার ভাইয়ের সকালবেলা
বাবাহীন সংসারে মা একটি ডিমই ভাজতেন
চার টুকরো করে সবাইকে দিতেন,
কখনো পাঁচ ভাগ করতেন না
ভয় পেতেন পাছে কারো ভাগে পড়ে যায় কম
আজ আমরা বড় হয়েছি
ছড়িয়ে ছিটিয়ে গেছি বাড়ি আর সম্পত্তির ভিতর
ভাগ করেছি প্রায় সব কিছুই
শুধু, মায়ের ভাগ আর ভাগ করে নিতে পারিনি কেউ
যে মা এক ডিম চার ভাগ করতেন,
নিজে না খেয়ে আমাদের খাওয়াতেন,
আজ তিনিই নাকি কারো ভাগে পড়ে না।