Story

বদলে যাওয়া ঠিকানা

November 19, 2026

Original Author মোঃ আবু হানিফ

232 views

বাবার বাড়ি থেকে মেয়ের বিদায় ক্ষণে  মা অশ্রুসিক্ত কন্ঠে জিজ্ঞেস করেন, "মা সব কিছু নিয়েছিস, কিছু ফেলে গেলি না তো?" মেয়ে চোখ নিচু করে কান্নাভেজা কন্ঠে; সব নিয়েছি কিছুই বাদ রাখিনি মা। কিন্তু মা কে কিভাবে বোঝাবো বা বলবো যে আসল জিনিসটাই রেখে যাচ্ছি,  যা চাইলেও নিতে পারি না মা। সময়ের স্রোতে ভেসে যখন নিজের ঘর ছাড়লাম, তখনও বুঝিনি জন্মভিটায় একদিন আমি নিজেই ‘অতিথি’ হয়ে যাব। আগে বিদায়ের বেলা এলে পেছন থেকে মায়ার টানে কেউ আঁচল টেনে ধরে বলত, "আর কয়টা দিন থেকে যা।" আর আজ? আজ সবার মুখে শুধু একটিই প্রশ্ন—"কবে ফিরবে?" হাসিমুখে করা এই সাধারণ প্রশ্নটি যেন বুকের ভেতর তিরের মতো এসে বিঁধে যায়। নিজের বাড়িতেই আজ আমি যেন এক অনাহূত মেহমান, যার থাকার সময় এখন ঘড়ির কাঁটায় মেপে দেওয়া হয়।

মানুষের জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্য বোধহয় এটাই, যে মাটিতে সে প্রথম হাঁটতে শেখে, যে উঠোনের ধুলোবালি মেখে সে বড় হয়, একটা বয়সের পর সেই ঠিকানাটাই তার জন্য ‘পরবাস’ হয়ে যায়। একসময় এই বাড়িটাই ছিল আমার পুরো পৃথিবী ও উঠোনের প্রতিটা ধূলিকণা আমাকে চিনত। এই ঘরের প্রতিটা দেয়াল, বারান্দার খুঁটি, আর উঠোনের কোণায় জমে থাকা খড়ের গাদা—সবকিছুর সাথে আমার নিঃশ্বাস জড়িয়ে ছিল। তখন কোনো দরজায় কড়া নাড়তে হতো না, কোনো ঘরে ঢুকতে গেলে দু’বার ভাবতে হতো না। আমার আবদার, আমার অভিমান, আর আমার অকারণ হাসির শব্দে এই বাড়িটা সারাক্ষণ জীবন্ত হয়ে থাকত। 

তারপর একদিন নিয়তির নিয়মে লাল বেনারসি পরে এই চৌকাঠ পেরোলাম। সেদিন সবাই কেঁদেছিল, আমিও কেঁদেছিলাম। কিন্তু তখনও জানতাম না, ওই কান্নাটা কেবল বিদায়ের ছিল না; ওটা ছিল নিজের চিরচেনা অধিকার হারানোর কান্না। আজ অনেকদিন পর আবার ফিরে এসেছি। দরজাটা আজও ঠিক আগের মতোই খোলা আছে, বাতাসটাও আগের মতোই গায়ে এসে লাগছে; শুধু বদলে গেছে আমার পরিচয়। যে বাড়িতে একদিন আমি ছিলাম ‘ঘরের মেয়ে’, আজ সেখানে আমি কেবলই একজন ‘অতিথি’। নিজের ঘরের ভেতর পা রাখতে গেলে আজ বুকের ভেতর কেমন যেন এক অজানা সংকোচ কাজ করে। সবকিছু চেনা, তবুও কেমন যেন এক অদৃশ্য দেয়াল আমাকে সবার থেকে আলাদা করে রেখেছে।

জীবনটায় বোধহয় এমন, প্রথম প্রথম বাবার বাড়িতে এলে ফেরার নাম শুনলেই ঘরজুড়ে হাহাকার পড়ে যেত। পেছন থেকে শাড়ির আঁচল টেনে ধরে কেউ বলত, "আর কয়টা দিন থেকে যা মা, তোর মুখটা আরেকটু দেখি।" আর আজ? আজ মানুষগুলো বদলে গেছে, বদলে গেছে তাদের ব্যস্ততা। এখন আর কেউ থাকার জন্য জোর করে না; বরং সবার মুখে হাসিমুখে একটিই প্রশ্ন, "কবে ফিরবে আবার?" মানুষ জানে না, এই সামান্য প্রশ্নটা একজন মেয়ের বুকের ভেতর কতটা গভীর ক্ষত তৈরি করে! মনে হয়, আমার থাকার সময়টা এখন ঘড়ির কাঁটায় আর ক্যালেন্ডারের পাতায় মেপে দেওয়া হয়েছে। নিজের জন্মভিটায় দাঁড়িয়ে নিজেকে বড় অসহায়, বড় অনাহূত মনে হয়।

উঠোনের কোণায় খড়ের গাদার পাশে বসে যখন চারপাশটা দেখি, চোখ দুটো ঝাপসা হয়ে আসে। ঘরগুলো এখনো চেনা, গাছের ছায়াগুলোও আগের মতোই শীতল; শুধু সময়টা আর আগের মতো আপন নেই। শাড়ির আঁচলে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদি, যদি ঘরের ভেতর থেকে কেউ আমার এই অসহায় কান্নার শব্দ শুনে ফেলে! মেয়েদের জীবনটা বোধহয় এমনই—যে বাড়িতে সে জন্মায়, বড় হয়, একটা বয়সের পর সেই বাড়িরই একটা কোণ তার জন্য পর হয়ে যায়। শ্বশুরবাড়িতে সে সারাজীবন ‘পরের ঘরের মেয়ে’ হয়ে থাকে, আর বাবার বাড়িতে হয়ে যায় ‘মেহমান’। দিনশেষে তার নিজস্ব বলতে আর কোনো ঠিকানাই অবশিষ্ট থাকে না।

তবুও, সব বদলে যাওয়ার ভিড়ে একটা আশ্রয় আজও একদম আগের মতোই  আছে। বাবার বাড়ির উঠোনে পা রাখলেই মনে হয়, আমার ফেলে আসা শৈশবটা আজও কোথাও লুকিয়ে আমার জন্য অপেক্ষা করছে। পৃথিবীর সব সম্পর্ক সময়ের সাথে সাথে রঙ বদলালেও, বাবার চোখের সেই নিঃস্বার্থ মায়াটুকু শেষ নিঃশ্বাস পর্যন্ত একরকম থেকে যায়। বাবার ওই ক্লান্ত, বলিরেখা পড়া মুখটার দিকে তাকালেই বুকের ভেতরের সব অভিমান মুহূর্তেই গলে জল হয়ে যায়। মনে হয়, পৃথিবীর সব দরজা আমার জন্য বন্ধ হয়ে গেলেও, বাবার ওই বিশাল বুকের ভেতরের জায়গাটা আজও আমারই আছে। ওখানে কোনো মেহমানদারি নেই, কোনো সময়সীমা নেই—আছে শুধু নিঃশর্ত ভালোবাসা।

মোঃ আবু হানিফ
০৪ অগ্রহায়ণ ১৪৩৩

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • Ayub Ansari 7 hours ago

    অসাধারণ লেখনী ❤️