সেক্রেড আর্মি একাডেমির ট্রেনিং গ্রাউন্ডে ভোরের সূর্য উঠার আগেই সাইরেন বেজে উঠল।
আলীর শরীর গতরাতের বুলির মারের চোটে নীল হয়ে আছে।
প্রতিটি পেশি যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে, কিন্তু সে জানে, এখানে থামার কোনো অবকাশ নেই।
আজকের ট্রেনিং শুরু হলো 'অরা-রাস' দিয়ে। ক্যাডেটদের নিজ নিজ শরীরের অরা তাদের পায়ে চ্যানেল করে পাহাড়ের খাড়া ঢাল বেয়ে উঠতে হবে।
আলী বাদে বাকি সবাই এক মাস আগে থেকেই এখানে প্রশিক্ষণ নিচ্ছে।
ফাতিমা যেন বাতাসের চেয়েও হালকা, পায়ে অরা জমা করে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল।
আয়িশার পায়ের নিচে আগুনের স্ফুলিঙ্গ তাকে ধাক্কা দিয়ে উপরে নিয়ে যাচ্ছে।
এদিকে যায়েদ তো কয়েক সেকেন্ডের মধ্যেই অদৃশ্য হয়ে পাহাড়ের মাথায় দাঁড়িয়ে সবাইকে দেখে হাসছে।
আলী যখন ঢাল বেয়ে উঠতে গেল, তার কোনো অরা নেই যা তাকে সাহায্য করবে। সে নিজের পেশিশক্তি দিয়ে পাথর আঁকড়ে ধরার চেষ্টা করল।
কিন্তু তিন-চার হাত উঠতেই তার হাত ফস্কে সে নিচে পাথরের ওপর আছড়ে পড়ল।
"আবার পড়েছে! এই গাধাটাকে নিয়ে আর পারা যায় না!"
দূর থেকে এক ক্যাডেটের চিৎকার শোনা গেল।
হাসির রোল পড়ে গেল সবার মাঝে ।
বুলি তার বন্ধুদের নিয়ে আলীর পাশ দিয়ে যাওয়ার সময় তার ওপর এক মুঠো ধুলো ছিটিয়ে দিয়ে বলল,
"ক্লিনার তার পুরনো কাজে ফিরে এসেছে, মেঝে পরিষ্কার করছে!"
দুপুরের দিকে একাডেমির বিশাল ডিজিটাল নোটিশ বোর্ডে সাপ্তাহিক প্রগ্রেস রিপোর্ট দেওয়া হলো। এটি কেবল একটি বোর্ড নয়, এটি ক্যাডেটদের সম্মানের লড়াই।
১.ফাতিমা আল-ফাতাহ (স্কোর: ১০০/১০০)
২.আয়িশা বিনতে জিহাদ (স্কোর: ৯৫/১০০)
৩. বুলি বিন শওকত (স্কোর: ৮৮/১০০)
...
সবশেষে, একদম নিচে ছোট অক্ষরে লেখা:
৫০০. আলী (স্কোর: ০/১০০)
আলী সেই বোর্ডের সামনে পাথরের মতো দাঁড়িয়ে রইল।
তার নামের পাশে সব কটি ঘর লাল হয়ে আছে।
মানা-ব্যবহার: ০।
অরা-কন্ট্রোল: ০।
কমব্যাট স্কিল: ০।
ক্যাডেটদের ভিড়ে আয়িশা তাকে উদ্দেশ্য করে বলল,
"আলী, তোমার উচিত ছিলো অন্য কিছু করা, যা তোমার মতো নূরহীন সাধারণ মানুষ করতে পারে।
তুমি শুধু শুধু এখানে কষ্ট করছো আর অপমানিত হচ্ছো।
সাথে একাডেমির হাজার বছরের সম্মান নষ্ট করছো।
তোমার এখান থেকে চলে যাওয়াই ভালো"
আলি কোনো উত্তর দিল না।
সে মাথা নিচু করে ডর্মেটরির দিকে হাঁটা দিল। সারাদিন সে ট্রেনিংয়ের প্রতিটি অংশে সবার থেকে পিছিয়ে ছিল।
তলোয়ার চালনা পরীক্ষায় তার হাত থেকে তলোয়ার ছিটকে গেছে, জাদুবিদ্যার ক্লাসে সে একটা মোমবাতিও নাড়াতে পারেনি।
সারাদিন সে ছিল সবার হাসির খোরাক,
এক জীবন্ত কৌতুক।
সন্ধ্যাবেলা আলী ডর্মেটরির ছাদে গিয়ে একা বসে রইল।
দূর থেকে খিলাফত-এ-আযমের জৌলুসপূর্ণ আলো দেখা যাচ্ছে।
আকাশে জাদুকরী বাহনগুলো ডানা ঝাপটে উড়ে যাচ্ছে।
আলী নিজের হাতের তালুর দিকে তাকাল। যে হাত একদিন জুলফিকার ধরেছিল, সেই হাত এখন কাঁপছে দুর্বলতায়।
"আমি কি আসলেই ভুল করেছি?"
সে নিজেকেই প্রশ্ন করল।
তার মনে হলো, এতিমখানা থেকে পালিয়ে আসাটা হয়তো তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল।
সে কি আসলেই কোনোদিন ওই 'সেক্রেড আর্মি'র ইউনিফর্ম পরতে পারবে?
হঠাৎ পেছনের অন্ধকার থেকে এক জোড়া ভারী বুটের শব্দ পাওয়া গেল। আলী দ্রুত চোখের জল মুছে দাঁড়িয়ে পড়ল।
সে ভেবেছিল হয়তো বুলি আবার তাকে জ্বালাতে এসেছে।
"আকাশের নক্ষত্রগুলো কিন্তু সবার জন্য সমানভাবে আলো দেয় আলী, শুধু মেঘ সরে যাওয়ার অপেক্ষা করতে হয়।"
পরিচিত সেই শান্ত কণ্ঠস্বর শুনে আলী চমকে পেছনে ফিরল। চাঁদের আলোয় সে দেখতে পেল একজনকে যিনি আর মিউজিয়ামের প্রহরীর পোশাকে নেই।
তার পরনে এখন
Sacred Army Instructor-এর কালো এবং সোনালী রঙের ইউনিফর্ম।
কাঁধে সার্জেন্টের দুইটি রূপালী স্টার জ্বলজ্বল করছে।
"হাসান স্যার!"
আলী বিস্ময়ে চিৎকার করে উঠল।
"আপনি এখানে?"
হাসান মৃদু হেসে আলীর পাশে এসে বসলেন।
"হ্যাঁ।
জেনারেলের আদেশে আমাকে একাডেমির নতুন কমব্যাট ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তোমার মতো জেদি ছাত্রকে সামলাতে হলে তো একটু অভিজ্ঞ লোকই দরকার,
তাই না?"
আলী মাথা নিচু করে বলল,
"আপনি সব দেখেছেন স্যার।
আমি সবার নিচে।
আমার কোনো নূর নেই।
আমি এখানে একদম অযোগ্য।"
হাসান আলীর কাঁধে হাত রাখলেন।
তাঁর স্পর্শে সেই পরিচিত উষ্ণতা।
"আলী, তুমি কি জানো খিলাফতের প্রথম সেনাপতি সুলতান আদিল যখন যুদ্ধ শুরু করেছিলেন, তখন তাঁর শত্রুরা তাঁকে নিয়ে হাসাহাসি করত?
তারা বলত, এক জংলী বালক কীভাবে সম্রাট এর সাথে যুদ্ধ করবে ?
কিন্তু তিনি হার মানেননি।"
হাসান আলীর চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন,
"এই একাডেমির সবাই নূর বা জাদুর ওপর নির্ভরশীল।
যদি নূর কেড়ে নেওয়া হয়, তবে এরা সবাই পঙ্গু।
কিন্তু তোমার কোনো নূর নেই, তার মানে তোমার হারানোরও কিছু নেই।
তোমার ভেতরে যে শূন্যতা আছে, ওটাই তোমার শক্তির উৎস হতে পারে।
আমি তোমাকে একদিনে নূর ব্যবহার করা শেখাাতে পারব না, কিন্তু আমি তোমাকে এমনভাবে তৈরি করব যেন একাডেমির সকল ক্যাডেট কে ছাড়িয়ে যেতে পারো ।"
হাসানের কথাগুলো আলীর ভেতরে মরা গাছে জল দেওয়ার মতো কাজ করল।
তার নিভে যাওয়া জেদ আবার দপ করে জ্বলে উঠল।
হাসান উঠে দাঁড়িয়ে আকাশপানে হাত তুলে বললেন,
"কাল থেকে ফজরের আজানের আগে মাঠে থাকবে।
বাকি সবাই যখন ঘুমাবে, তখন তুমি ঘাম ঝরাবে।
আমি তোমার ইনস্ট্রাক্টর হিসেবে কথা দিচ্ছি আলী, তুমি একা নও।"
আলী আকাশের দিকে তাকাল।
নক্ষত্রগুলো হয়তো সত্যিই সবার জন্য সমান। হাসান স্যারের উপস্থিতিতে তার মনে হলো,
যে যুদ্ধটা সে একা লড়ছিল, তাতে এখন সে একজন যোগ্য সেনাপতি পেয়েছে। খিলাফতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।
[৩য় পর্ব সমাপ্ত]