Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৬

November 21, 2026

2 views

ইনডিউরেন্স টেস্টে বিজয়ী হওয়ার পর আলীর জীবনে এক নতুন ছন্দ শুরু হয়েছে। সে এখন আর সেই অবহেলিত ক্যাডেট নয়, বরং সবার কাছে এক রহস্যময় যোদ্ধা। প্রতিদিন ভোর হওয়ার আগেই সে পাহাড়ের চূড়ায় সার্জেন্ট হাসানের সাথে ‘প্রাণ-নিঃশ্বাস’ অনুশীলনে বসে।


হাসান তাকে পরামর্শ দেন, 


"আলী, তোমার শরীরের ভেতর যে নূর-পথগুলো বন্ধ হয়ে আছে, সেগুলো খোলার জন্য কোনো চাবির দরকার নেই। দরকার শুধু নিয়মিত আঘাতের। তোমার প্রতিটি নিঃশ্বাস যেন সেই বন্ধ দরজায় একেকটা হাতুড়ির ঘা হয়।"


আলী চোখ বন্ধ করে একাগ্র মনে চেষ্টা চালিয়ে যায়। মাঝে মাঝে শিরদাঁড়ার নিচে একটা অদ্ভুত উষ্ণতা অনুভব করে সে, কিন্তু পরক্ষণেই সেটা মিলিয়ে যায়। সে এখনো অরা বা মানাকে স্পষ্টভাবে মুঠোয় পুরতে পারেনি, তবে তার শরীর আগের চেয়ে অনেক বেশি সজাগ হয়ে উঠেছে। ট্রেনিংয়ের চোটে শরীর ক্লান্তিতে ভেঙে পড়লেও আলীর মনের জোর এক বিন্দু কমেনি।




এক দুপুরে একাডেমির বিশাল ডাইনিং হলে সব ক্যাডেটরা খাবার খাচ্ছিল। আলীর টেবিলে আজ জায়েদ আর ওমরও বসেছে। তাদের মধ্যে এক নতুন বন্ধুত্বের সূচনা হয়েছে। ঠিক তখনই বুলি তার দলবল নিয়ে আলীর টেবিলের সামনে এসে দাঁড়াল।


বুলির চোখে বিষাক্ত হিংসা। ইনডিউরেন্স টেস্টের পর থেকে সবাই তাকে টিটকারি দিচ্ছে যে, সে একজন ‘নূরহীন’ ছেলের কাছে হেরে গেছে। বুলি তাচ্ছিল্যের হাসি দিয়ে আলীর ভাতের প্লেটের দিকে তাকাল।


"কিরে আবর্জনা! এক দিন দৌড়াদৌড়ি করে নিজেকে খুব বড় বীর ভাবছিস? মনে রাখিস, ময়লা কিন্তু ময়লাই থাকে, সোনার প্লেটে দিলেও সেটা হীরা হয়ে যায় না। তোর মতো এতিমরা এখানে দয়ার দানে টিকে আছিস।"


কথাটা বলেই বুলি আলীর জলের গ্লাসটা নিয়ে ভাতের প্লেটের ওপর ঢেলে দিল।


 "যা, এখন এই পান্তা ভাত খা, এটাই তোর আসল যোগ্যতা।"


পুরো ডাইনিং হল মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। জায়েদ রাগে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু আলী তাকে শান্তভাবে থামিয়ে দিল। আলী ধীরে ধীরে নিজের জায়গা থেকে উঠে দাঁড়াল। সে সরাসরি বুলির চোখের দিকে তাকাল সেই চোখে এখন আর আগের মতো ভয় নেই, আছে এক গভীর আত্মবিশ্বাস।


আলী শান্ত কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল, 


"বুলি, এতিম হওয়াটা কোনো লজ্জার বিষয় নয়, কিন্তু অন্যের খাবার নিয়ে উপহাস করাটা চরম নীচতা। তুমি প্রিন্সিপালের ছেলে হতে পারো, কিন্তু তোমার চরিত্রে একজন সাধারণ সৈনিক হওয়ার যোগ্যতাটুকুও নেই। তুমি আসলে কেবল তোমার বাবার ছায়ায় বেড়ে ওঠা একটা পরজীবী।"


পুরো ডাইনিং হলে যেন বোমা পড়ল। ফাতিমা দূর থেকে অবাক হয়ে আলীর এই রূপ দেখছিল। 


বুলি রাগে কাঁপতে শুরু করল, তার গায়ের খয়েরি অরা আগুনের মতো দপ করে জ্বলে উঠল।


"তোর এত বড় সাহস! তুই আমাকে পরজীবী বলিস? ঠিক আছে! আগামী সপ্তাহের ‘মাসিক ডুয়াল’-এ আমি তোকে চ্যালেঞ্জ করছি। সেখানে কোনো দৌড় প্রতিযোগিতা হবে না, হবে সরাসরি লড়াই। দেখি তোর ওই নূরহীন শরীর আমার ‘অরা-ডেশ’ কীভাবে সহ্য করে!"


আলী এক মুহূর্ত দেরি না করে জবাব দিল, 


"আমি রাজি। তোমার দর্প চূর্ণ করার জন্য নূর লাগে না বুলি, সাহসই যথেষ্ট।"






বুলির চ্যালেঞ্জ গ্রহণ করার খবরটি দ্রুত একাডেমিতে ছড়িয়ে পড়ল। বিকেলে যখন আলী সার্জেন্ট হাসানের কাছে গেল, 


সে ভেবেছিল হাসান তাকে বাহবা দেবেন। কিন্তু হাসানকে দেখে আলীর রক্ত হিম হয়ে গেল। হাসানের মুখ আজ পাথরের মতো থমথমে।


"তুমি কি পাগল হয়েছ আলী?" 


হাসান গর্জে উঠলেন। 


"বুলি একজন 'বি-র‍্যাঙ্ক' অরা ইউজার। তার একেকটা ঘুষি তোমার হাড় গুঁড়ো করে দেওয়ার ক্ষমতা রাখে। আর তুমি তার চ্যালেঞ্জ গ্রহণ করলে?"


আলী মাথা নিচু করে বলল, 


"স্যার, ও আমার আত্মসম্মানে আঘাত করেছে। আমি আর চুপ থাকতে পারিনি।"


হাসান একটা দীর্ঘশ্বাস ফেললেন। 


"বীরত্ব আর বোকামির মধ্যে খুব সূক্ষ্ম একটা রেখা থাকে আলী। তবে যেহেতু তুমি কথা দিয়ে ফেলেছ, এখন আর পিছিয়ে যাওয়ার পথ নেই। কিন্তু এই অবস্থায় এরিনাতে নামলে বুলি তোমাকে মেরেই ফেলবে।"


হাসান ঘরের কোণ থেকে একটা ভারী কালো সিন্দুক টেনে বের করলেন। ভেতর থেকে বের করলেন ধূসর রঙের একটা অদ্ভুত পোশাক একটা নূর আকর্ষী লৌহ-ভেস্ট।


দেখতে সাধারণ মনে হলেও হাসান যখন ওটা আলীর হাতে দিলেন, আলীর হাত নুইয়ে মাটির দিকে চলে গেল।


"এটার ওজন ১০০ কেজি," হাসান গম্ভীর স্বরে বললেন। "এটা সাধারণ লোহা নয়, নূর-আকর্ষী পাথর দিয়ে তৈরি। এটা কেবল তোমার শরীরকে ভারী করবে না, এটা তোমার শরীরের অরা শুষে নিয়ে তোমার পেশিকে ভেতর থেকে শক্তিশালী করবে ।"


আলী অবাক হয়ে তাকিয়ে রইল। হাসান আদেশ দিলেন, 


"এখনই এটা পরো। আগামী ডুয়ালের আগ পর্যন্ত গোসল আর টয়লেট ছাড়া এটা এক মুহূর্তের জন্যও শরীর থেকে খুলবে না। ঘুমানোর সময়, খাওয়ার সময়, ট্রেনিংয়ের সময় সবসময় এটা পরে থাকতে হবে। এটাই তোমার শেষ সুযোগ। যদি এই ভার সইতে পারো, তবেই তুমি বুলির অরা সহ্য করার মতো ক্ষমতা পাবে।"


আলী দাঁতে দাঁত চেপে সেই বিশাল ওজনের ভেস্টটা পরে নিল। সাথে সাথে মনে হলো তার মেরুদণ্ড ভেঙে মাটির নিচে ঢুকে যাচ্ছে। প্রতিটি নিঃশ্বাস নিতে কলজে ফেটে যাওয়ার মতো কষ্ট হচ্ছে। আলী অনুভব করল, তার জীবনের আসল নরকযন্ত্রণা এই মাত্র শুরু হলো।


হাসান আলীর দিকে তাকিয়ে মনে মনে বললেন, 


"আলী, যদি তুমি এই ১০০ কেজি ওজনের নরক সহ্য করে নিজের নূর-পথগুলো খুলতে পারো, তবে ডুয়ালের দিন পৃথিবী এক নতুন আলীকে দেখবে।"


আলীর লড়াই এখন কেবল বুলির বিরুদ্ধে নয়, তার লড়াই এখন নিজের শরীরের প্রতিটি কোষের বিরুদ্ধে।

[৬ষ্ঠ পর্ব সমাপ্ত]

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login