পরদিন ভোরের আলো ফোটার আগেই একাডেমির মাঠে আলীর যন্ত্রণার গোঙানি প্রতিধ্বনিত হতে লাগল।
সেই ১০০ কেজি ওজনের নূর-আকর্ষী ভেস্টটি আলীর শরীরের প্রতিটি রক্তকণিকাকে যেন মাটির দিকে টেনে ধরছে। সাধারণ ক্যাডেটরা যখন ফুরফুরে মেজাজে দৌড়াচ্ছে, আলীর প্রতিটি কদম তখন এক একটি পাহাড় জয় করার মতো কঠিন।
সার্জেন্ট হাসান আজ আরও কঠোর। তিনি আলীর জন্য কোনো বিশেষ ছাড় তো দিলেনই না, বরং তার ট্রেনিংয়ের সময় দ্বিগুণ করে দিলেন।
সবার ট্রেনিং যখন শেষ হয়, আলী তখনো একা রোদে পোড়া মাঠে পড়ে থাকে। তার গায়ের ঘাম শুকিয়ে নুন জমে সাদা হয়ে গেছে, কিন্তু হাসানের থামার কোনো নির্দেশ নেই।
রেগুলার ট্রেনিং শেষে যখন সবাই ডর্মেটরিতে বিশ্রাম নিতে যায়, তখন শুরু হয় আলীর আসল লড়াই তরবারি চালনা। তবে তার হাতে কোনো কাঠের তলোয়ার নেই; হাসান তার হাতে ধরিয়ে দিয়েছেন এক বিশালাকার, মরিচা ধরা ভারী লোহার দণ্ড।
এর ওজন আর ভারসাম্যহীনতা একে চালানো প্রায় অসম্ভব করে তুলেছে।
"তরবারি তোমার হাতের কোনো আলগা অংশ নয় আলী, এটাকে তোমার আত্মার অংশ হতে হবে,"
হাসানের গম্ভীর কণ্ঠস্বর বাতাসের সাথে ভেসে আসে।
"অস্ত্রের ওজন যদি তোমার পেশিকে কাবু করে দেয়, তবে তুমি যোদ্ধা নও। এই লোহার দণ্ড দিয়েই তোমাকে 'স্ল্যাশিং' আর 'প্যারি' মুভমেন্টগুলো নিখুঁত করতে হবে।"
আলী দণ্ডটি ওপরে তুলতেই তার হাত কাঁপতে শুরু করে। একদিকে ১০০ কেজি ভেস্টের চাপ, অন্যদিকে এই ভারি লোহার দণ্ড আলীর মনে হয় তার ফুসফুস ফেটে যাবে। কিন্তু সে দাঁতে দাঁত চেপে দণ্ডটি ঘোরাতে থাকে। প্রতিবার যখন সে বাতাসে আঘাত করে, তার হাড়গুলো আর্তনাদ করে ওঠে।
সার্জেন্ট হাসান চেষ্টা করেছিলেন এই ডুয়ালটি বন্ধ করতে। তিনি একাডেমির প্রশাসনিক ভবনে গিয়ে সরাসরি প্রিন্সিপালের সাথে দেখা করেন।
"প্রিন্সিপাল সাহেব, বুলি একজন শক্তিশালী নূরযোদ্ধা আর আলী বলতে গেলে একজন সাধারণ মানুষ । এই লড়াই কোনোভাবেই ইনসাফ হতে পারে না,"
হাসান দৃঢ় কণ্ঠে নিজের আপত্তি জানান।
প্রিন্সিপাল শওকত তাঁর চশমাটা ঠিক করে এক চিলতে বাঁকা হাসি দিলেন।
"সার্জেন্ট হাসান, এটাকে লড়াই হিসেবে দেখবেন না, এটাকে একটা ‘শিক্ষা’ হিসেবে দেখুন। আলী নিজেই তো চ্যালেঞ্জ গ্রহণ করেছে। এখানে ইনসাফের প্রশ্ন আসছে কেন? লড়াই সময় মতোই হবে।"
হাসান বুঝতে পারলেন, ক্ষমতার দাপটে এখানে ইনসাফ অন্ধ। প্রিন্সিপাল শওকত আসলে চান আলীকে সবার সামনে অপদস্থ করে তাঁর ছেলের হারানো সম্মান পুনরুদ্ধার করতে। আলীর হাতে এখন কঠোর পরিশ্রম ছাড়া আর কোনো রক্ষাকবচ নেই।
দেখতে দেখতে ডুয়েলের আগের রাত চলে এল। পুরো একাডেমি উত্তেজনায় ফুটছে। একদিকে প্রভাবশালী প্রিন্সিপালের ছেলে বুলি, অন্যদিকে রহস্যময় আর একগুঁয়ে 'নূরহীন' আলী।
ট্রেনিং গ্রাউন্ডের কোণে হাসান আলীকে থামতে বললেন।
"যথেষ্ট হয়েছে আলী। আজ রাতে আর এক মুহূর্তও প্র্যাকটিস নয়। শরীরকে বিশ্রাম দাও। কাল তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা।"
আলী ভারী ভেস্টটি পরেই ধীর পায়ে নিজের ডর্মেটরিতে চলে গেল। বিছানায় শোয়ার পর তার মনে হলো সে কোনো পাথরের স্তূপের নিচে চাপা পড়ে আছে। কিন্তু অদ্ভুতভাবে, আজ তার মনে কোনো ভয় নেই। লোহা পিটিয়ে যেমন তলোয়ার বানানো হয়, গত এক সপ্তাহের অবর্ণনীয় কষ্ট আলীর মনটাকে তেমনই ইস্পাত বানিয়ে দিয়েছে।
রাত গভীর। সার্জেন্ট হাসান তাঁর নিজের কক্ষে বসে লাইটের আলোয় একা চিন্তা করছিলেন। হঠাৎ হাড়কাঁপানো এক শীতল স্রোত সারা ঘরে খেলে গেল। দরজার কাছে এক বিশাল ছায়ামূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে।
লোকটির গায়ের নূর এতই শক্তিশালী যে, ঘরের বাতাস যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। প্রতিটি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে হাসানের।
হাসান দ্রুত উঠে দাঁড়িয়ে স্যালুট দিলেন।
"স্যার! আপনি এখানে?"
অন্ধকার চিরে বেরিয়ে এলেন এক সৌম্যকান্তি কিন্তু অত্যন্ত তেজস্বী ব্যক্তি
ব্রিগেডিয়ার মাহমুদ।
তিনি সেই কিংবদন্তি দশটি ডিভাইন র্যাংক হাতিয়ারের একটির মালিক। তাঁর উপস্থিতি যেন পুরো ঘরকে এক অলৌকিক চাপে স্তব্ধ করে রেখেছে।
ব্রিগেডিয়ার মাহমুদ জানালার বাইরে তাকিয়ে শান্ত কিন্তু গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন,
"কেমন দেখলে ছেলেটিকে? জুলফিকার কি আসলেই ভুল হাতে জেগে উঠেছিল?"
হাসান দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করলেন।
"বিশেষ কিছুই না, স্যার। আলীর মধ্যে আমি কোনো বিশেষ শক্তি বা নূর দেখতে পাচ্ছি না। সে অনেক দুর্বল। তার মানা এবং অরা এখনো শূন্যের কোঠায়। আমার মনে হয় মিউজিয়ামের সেই ঘটনাটি হয়তো কোনো কাকতালীয় ব্যাপার ছিল। একজন নূরহীন মানুষ কীভাবে জুলফিকারের মতো ডিভাইন র্যাংক হাতিয়ারের যোগ্য হতে পারে?"
ব্রিগেডিয়ার মাহমুদ কিছুক্ষণ নীরব রইলেন। তারপর তাঁর ছেলের (সার্জেন্ট হাসানের) কাঁধে হাত রাখলেন। মুহূর্তের জন্য হাসানের মনে হলো এক বিশাল পাহাড়ের ভার তাঁর কাঁধে এসে পড়েছে। মাহমুদ বললেন,
"হাসান, প্রকৃতি কখনো অকারণে কাউকে নির্বাচন করে না। হাজার বছর আগে খিলাফতের প্রথম খলিফাও ছিলেন সাধারণ মানুষ। কিন্তু তাঁর মধ্যেই ছিল সেই শক্তি যা বড় বড় জাদুকরদেরও হার মানিয়েছিল।"
মাহমুদ একটু থেমে দরজার দিকে পা বাড়ালেন। যাওয়ার আগে তাঁর গম্ভীর কণ্ঠস্বর ঘরটাকে কাঁপিয়ে দিল,
"আলীর ওপর নজর রাখো। কালকের ডুয়াল হয়তো আমাদের এমন কিছু দেখাবে যা আমরা এখনো কল্পনাও করতে পারছি না। ধৈর্য ধরো, সত্যের প্রকাশ হবেই।"
হাসান জানালার বাইরে দূর আকাশের দিকে তাকিয়ে রইলেন। কালকের সূর্য যখন উঠবে, তখন কি আলী ধ্বংস হয়ে যাবে, নাকি এক নতুন ইতিহাসের জন্ম দেবে?
[৭ম পর্ব সমাপ্ত]