সেক্রেড আর্মি একাডেমির প্রধান ড্যুয়েল এরিনা আজ লোকে লোকারণ্য। গ্যালারিতে শত শত ক্যাডেট থেকে শুরু করে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ভিড়।
সাধারণত মাসিক ড্যুয়েলে সবাই ফাতিমার মতো প্রতিভাবানদের দেখার জন্য মুখিয়ে থাকে, কিন্তু আজকের আকর্ষণ সম্পূর্ণ ভিন্ন। সবার মুখে আজ একটিই নাম আলী। তবে সেই নাম সম্মানের নয়, বরং তাচ্ছিল্যের। সবাই এসেছে 'নূরহীন' আলীর শোচনীয় পরাজয় আর বুলির আস্ফালন দেখতে।
হঠাৎ এরিনার প্রধান ফটক খুলে গেল এবং গম্ভীর এক শিঙার শব্দে চারপাশ কেঁপে উঠল। সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে দেখল, স্বয়ং
জেনারেল জুনাইদ আল-ফাতাহ
তাঁর রাজকীয় বর্মে ধীরপায়ে হেঁটে আসছেন। তাঁর প্রতিটি পদক্ষেপের সাথে সাথে এরিনার বাতাস যেন ভারি হয়ে উঠছে।
একাডেমির প্রিন্সিপাল ব্রিগেডিয়ার শওকত (বুলির বাবা) কিছুটা ঘাবড়ে গেলেন। তিনি দ্রুত জেনারেলের সামনে গিয়ে কুর্নিশ করলেন।
"জেনারেল! আপনার আগমন আমাদের জন্য পরম সৌভাগ্যের। কিন্তু এই সাধারণ ড্যুয়েলে আপনি..."
জেনারেল জুনাইদ মৃদু হাসলেন। তাঁর সেই রহস্যময় হাসির আড়ালে কী লুকিয়ে আছে তা বোঝা দায়।
"ব্যস্ত হবেন না প্রিন্সিপাল। আজ কিছুটা অবসর ছিল, তাই ভাবলাম নাতনি ফাতিমার সাথে দেখা করে আসি । সেই সুযোগে আজকের ড্যুয়েলটাও দেখে নেওয়া হবে। আপনি কার্যক্রম শুরু করুন।"
রেফারির বাঁশি বাজার সাথে সাথে এরিনার উত্তর দিক থেকে বেরিয়ে এল বুলি। তার পরনে দামী রণসজ্জা, হাতে একটা বিশাল কাঠের গদা। গ্যালারি থেকে তার অনুসারীরা চিৎকারে আকাশ ফাটিয়ে দিচ্ছে।
বুলির পরিবার বংশগতভাবে
বিস্ট ট্রান্সফরমেশন’(Beast Transformation)
নামক এক বিরল ক্ষমতার অধিকারী। এটি এমন এক শক্তি যা শরীরের অরা ব্যবহার করে মানুষকে মিথিক্যাল দানবের রূপ দেয়। বুলির বাবা শওকত নিজে নিজেকে বিশাল এক গ্রিফিনে রূপান্তর হতে পারেন।
বুলি এরিনার মাঝখানে দাঁড়িয়ে এক ভয়ংকর গর্জন করল। তার শরীর থেকে খয়েরি রঙের ঘন অরা আগুনের মতো বের হতে শুরু করল। ধীরে ধীরে তার পেশিগুলো অস্বাভাবিক ফুলে উঠল, ঘাড়ের কাছে গজাতে শুরু করল পশুর মতো মোটা লোম এবং কপালে দুটো ছোট শিং উঁকি দিল। সে পুরোপুরি না হলেও একটি ‘মিনোটর’ বা আধা-মানব আধা-ষাঁড়ের রূপ নিল।
মিনোটরের প্রভাবে বুলি ওমরের মতো শক্তিশালী আর জায়েদের মতো ক্ষিপ্র হয়ে উঠল। তবে এই ক্ষমতার একটা অন্ধকার দিক আছে এটি অরা খুব দ্রুত শেষ করে ফেলে এবং রূপান্তরের পর যোদ্ধার হিতাহিত জ্ঞান কিছুটা লোপ পায়, সে কেবল ধ্বংস করতে চায়। বুলি তার গদাটি ঘুরিয়ে আলীর দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিল।
এরিনার দক্ষিণ দিক থেকে ধীরপায়ে বেরিয়ে এল আলী। তার হাতে একটা সাধারণ কাঠের তলোয়ার। কিন্তু সবার নজর কেড়ে নিল আলীর গায়ে থাকা সেই কালো, ময়লা আর পুরনো ভেস্টটি। সেটি দেখে গ্যালারিতে হাসির রোল পড়ে গেল।
"কিরে আলী! এতিমখানা থেকে কি এই ছেঁড়া কাঁথাটা পরে এসেছিস লড়াই করতে?"
বুলির চ্যালাদের একজন চিৎকার করে উঠল। আয়েশা তার আসন থেকে নাক সিঁটকাল, ফাতিমা অবশ্য স্থির দৃষ্টিতে আলীর দিকে তাকিয়ে রইল। তার চোখে অদ্ভুত এক সংশয় সে আলীর হাঁটার ধরনে অন্যরকম কিছু দেখছে।
আলী রেফারির সিগন্যালের অপেক্ষায় ছিল। ঠিক তখন সার্জেন্ট হাসান এরিনার কিনারায় এসে আলীর চোখের দিকে তাকালেন এবং খুব মৃদুভাবে মাথা নাড়লেন। এটিই ছিল সেই কাঙ্ক্ষিত নির্দেশ
ভার নামিয়ে ফেলার নির্দেশ।
আলী তার ভেস্টের হুকগুলো একে একে খুলল। প্রতিটি হুক খোলার সময় সে অনুভব করল, তার শরীরের ওপর চেপে থাকা পাহাড়টা যেন সরে যাচ্ছে। সে অবহেলার সাথে ভেস্টটি এরিনার মেঝেতে ছুড়ে ফেলল।
ধুপপপ!
এক বিকট শব্দে পুরো এরিনা কেঁপে উঠল। ভেস্টটি যেখানে পড়ল, সেখানকার নিরেট মার্বেল পাথর ফেটে চৌচির হয়ে গেল! ধুলোবালির এক মেঘ ওড়ল চারদিকে।
গ্যালারির সবার হাসি মুহূর্তে বন্ধ হয়ে গেল। এক নিশ্ছিদ্র নিস্তব্ধতা নেমে এল গোটা ময়দানে।
জেনারেল জুনাইদ-এর চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। যে ভেস্টটি দেখে সবাই হাসছিল, সেটার ওজন যে ১০০ কেজিরও বেশি ছিল, সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। সবার মনে তখন একটাই প্রশ্ন এই ছেলেটা কি গত এক সপ্তাহ ধরে এই যমদূত সমান ওজন নিয়ে চলাফেরা করছিল?
আলী এখন মুক্ত। এক সপ্তাহ ধরে ১০০ কেজি ওজনের চাপে পিষ্ট হওয়া তার পেশিগুলো এখন সংকুচিত স্প্রিংয়ের মতো কাজ করছে। সে তার কাঠের তলোয়ারটি শক্ত করে ধরল। তার দৃষ্টি এখন শিকারি চিলের মতো বুলির ওপর স্থির।
রেফারি মাঝখানে এসে হাত তুললেন।
"নিয়ম পরিষ্কার: এটি একটি ফ্রেন্ডলি ড্যুয়েল। কেউ হার মানলে বা এরিনার বাইরে গেলে সে পরাজিত হবে। প্রস্তুত?"
বুলি তার রক্তবর্ণ চোখে আলীর দিকে তাকাল। মিনোটরের প্রভাবে তার নিঃশ্বাস থেকে তপ্ত বাষ্প বের হচ্ছে।
"তোকে আমি এই বালুর সাথে মিশিয়ে দেব, আবর্জনা!"
আলী কোনো উত্তর দিল না। সে কেবল তার শ্বাস-প্রশ্বাসকে সার্জেন্ট হাসানের শেখাানো সেই বিশেষ ছন্দে নিয়ে এল। তার হৃদপিণ্ড এখন ড্রামের মতো বাজছে।
"লড়াই শুরু!"
রেফারির হাত নেমে এল।
বুলি এক দানবীয় হুঙ্কার দিয়ে মাটির বুক চিরে আলীর দিকে ধেয়ে এল। গ্যালারির সবাই শ্বাসরুদ্ধ করে দাঁড়িয়ে আছে।
খিলাফত-এ-আযমের ইতিহাসে আভিজাত্যের নূরের সাথে এক ‘নূরহীন’ লড়াকুর এই লড়াইয়ের ফলাফল কী হবে তা জানতে এখন সময়ের অপেক্ষা মাত্র।
[৮ম পর্ব সমাপ্ত]