Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৯৪

November 26, 2026

4 views

পাহাড়ের চূড়ায় তখন ধুলো আর বিষণ্ণতার কুয়াশা। আলী তার কিংবদন্তি তলোয়ার জুলফিকার উঁচিয়ে রুস্তমের দিকে এগিয়ে গেল। কিন্তু তার প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল সে যেন নিজেরই এক টুকরো শৈশবকে হত্যা করতে যাচ্ছে। 


সে জুলফিকার দিয়ে রুস্তমের লতানো শরীরে এক প্রচণ্ড আঘাত করল।


রুস্তমের ড্রুইড শরীরের ছাল কেটে এক পাশ ঝুলে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, রুস্তম কোনো যন্ত্রণার চিৎকার দিল না। বরং আলীর বুকের ভেতর এক তীব্র হাহাকার মোচড় দিয়ে উঠল। 


রুস্তমের সেই ক্ষতবিক্ষত শরীরের দিকে তাকিয়ে আলীর মনে পড়ে গেল এতিমখানার সেই দিনগুলোর কথা, যখন রুস্তম সামান্য ব্যথা পেলে আলী অস্থির হয়ে যেত। আজ সেই রুস্তমকে নিজ হাতে কাটতে গিয়ে আলীর মনে হচ্ছে তার নিজের কলিজাটা কেউ ছিঁড়ে ফেলছে।


আলী: (চিৎকার করে) রুস্তম! কেন আমাকে দিয়ে এটা করাচ্ছিস? তুই কি দেখতে পাচ্ছিস না? তোকে আঘাত করার আগে আমার নিজের আত্মা মরে যাচ্ছে! তুই কেন সেই পুরনো রুস্তম হয়ে ফিরে আসছিস না?


রুস্তম এবার পাল্টা আক্রমণ করল। সে মাটির নিচ থেকে শত শত শিকড় বের করে আলীকে পেঁচিয়ে ধরতে চাইল। আলী জুলফিকার দিয়ে সেই শিকড়গুলো অবলীলায় কেটে ফেলল। 


কিন্তু লতাগুলো যখন দ্বিখণ্ডিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ছিল, আলীর চোখের সামনে ভেসে উঠল সেই স্মৃতি যখন রুস্তম খুব যত্ন করে চারার গোড়ায় জল দিত। একেকটি লতা কাটা মানে রুস্তমের সেই মমতা মাখানো পরিশ্রমকে ধুলোয় মিশিয়ে দেওয়া।


রুস্তম আলীর খুব কাছে চলে এল। তার বিশালাকার কাঠের হাত দিয়ে সে আলীকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল। আলী পাথরে গিয়ে আছড়ে পড়ল। কিন্তু রুস্তম যখন দেখল আলী মাটিতে পড়ে ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, তখন ড্রুইড রূপের সেই অশুভ সবুজ চোখ দুটোর আড়ালে রুস্তমের মানবিক সত্তা ডুকরে কেঁদে উঠল।


রুস্তম: (গভীর কান্নায় ভাঙা স্বরে) তুই ফিরে যা আলী! কেন তুই বুঝতে পারছিস না? তোকে রক্তাক্ত দেখলে আমার এই দানবীয় হৃদয়েও যেন তপ্ত লোহা ঢেলে দেওয়া হয়। তোর প্রতিটি নিঃশ্বাসের কষ্ট আমার ভেতরে বজ্রপাতের মতো বাজছে। আমরা কেন একে অপরের শত্রু হয়ে দাঁড়ালাম আলী?


আলী জুলফিকারের ওপর ভর দিয়ে কোনোমতে উঠে দাঁড়াল। তার চোখে জল নয়, যেন রক্তের নোনা ধারা বইছে।


আলী: মনে আছে রুস্তম? তুই বলেছিলি আমরা বড় হয়ে একজন আরেকজনের ঢাল হবো। আজ দেখ, তুই হয়েছিস তলোয়ার আর আমি হয়েছি তোর লক্ষ্যবস্তু। আমাদের এই লড়াইয়ে রক্ত কারো ঝরুক আর না ঝরুক, আমাদের বন্ধুত্ব তো প্রতি মুহূর্তে মরে যাচ্ছে!



আলী আর রুস্তম এখন একে অপরের সামনে স্থির। কেউ কারো ওপর আর অস্ত্র চালাতে পারছে না। আলীর হাত থেকে জুলফিকার আলগা হয়ে যাচ্ছে। 


রুস্তমের ড্রুইড শরীরের শোরগোল থেমে গেছে। তারা কেবল একে অপরের দিকে তাকিয়ে আছে সেই চাহনিতে চার বছরের বিচ্ছেদ, বঞ্চনা আর অপমানের হাজারো না বলা কথা। 


একে অপরকে আঘাত করার চেয়ে এই মানসিক যন্ত্রণা তাদের অনেক বেশি রক্তাক্ত করে দিচ্ছে।


আলী: তুই আমাকে মেরেই ফেল রুস্তম। এই মানসিক যন্ত্রণা সয়ে বেঁচে থাকার চেয়ে তোর হাতে মরে যাওয়া অনেক বেশি শান্তির।


রুস্তম নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে সবুজ কষের মতো অশ্রু গড়িয়ে পড়ল।


ঠিক সেই মুহূর্তেই বনের অন্ধকার থেকে সেই 

এ-র‍্যাংক হান্টার দের পৈশাচিক হাসি দিয়ে বেরিয়ে এল। তারা এতক্ষণ দুই বন্ধুর এই মানসিক লড়াইয়ের মজা নিচ্ছিল। এখন তারা তাদের মরণকামড় দেওয়ার জন্য তৈরি।


(৯৪ তম পর্ব সমাপ্ত) 

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login