শিশিরের কাছে ভোরের চিঠি
মাহমুদ আলী খন্দকার
প্রিয় শিশির,
হিম রাত্রির নিস্তব্ধতায় নৈঃশব্দে তুমি ঝরে ঝরে পড়ো ঘাসের ডগায়, জোছনার নীল আলো মাখিয়ে সারা গায়ে তুমি উড়ে উড়ে ঘুরে ঘুরে এপাড়া ওপাড়ায়, অবশেষে থিতু হও কি দারুণ মায়ায়।
প্রেমিকেরা শিমুল তুলোর ওম জড়িয়ে তোমার ভালবাসা চায় অথচ তোমার হিমশীতল কষ্টগুলো
কত সুন্দর করে এড়িয়ে যায়। রাতভর জমাটবদ্ধ কষ্ট নিয়ে তুমিও কি খোঁজো না একটা প্রেমময় উদোম বুকের ওম! পাওনা বুঝি সেই কাঙ্ক্ষিত উষ্ণ বুকের ছাতি, রাতারাতি প্রেমিকেরা খোলস বদলায়,
তুমি ঝরে ঝরে পড়ো ঘাসের ডগায়, পাতায় পাতায়, যথায় তথায়। এত সব রঙিন প্রেমিকের ভীড়ে একজোড়া ধূসর চোখ রাত জেগে তোমার ঝরে পড়া দেখতে দেখতে কেমন উদাস হয়, তুমি কি বুঝতে পারো? এই যে তোমার ঝরে পড়া কষ্ট কণা
সে চোখের পাপড়ি ধুয়ে দেয় তুমি কি টের পাও!
শোনো শিশির, ঘুম ভাঙা রাতজাগা নিশীর শিশির,
সকালের সোনারোদে চিকচিক করে তোমার সোনার শরীর, ভীত ত্রস্ত হয়ে ওঠে অপেক্ষমাণ সেই জোড়া চোখ, এই বুঝি মহাকালের সাথে মিলিয়ে যাবে তুমি দেখিয়ে শেষ ঝলক। তারপর হবে ইতিহাস, যে ইতিহাস লেখা রবে সেই চোখের পাতায়, মনের খাতায়, কাব্যের ঢঙে পাঠকের মনে
তুমি নিয়ে নিও ঠাঁই, আজ তবে যাই, আবার দেখা হবে অন্য কোনোখানে, আগামী শীতের নিস্তব্ধ কোনো রাতে একরাশ স্বপ্ন বুনে বুনে।
বাড়ন্ত রোদের ঝলকে বাতাসে বিলীন হওয়ার আগে তোমাকে ছুয়ে দিতে চায় এই ভোর,
দিতে চায় একরাশ পৌষের উষ্ণ আদর।
ইতি
তোমার মায়াবী ভোর।