স্থান: মিটিং রুমের বাইরের করিডোর।
করিডোরটি দীর্ঘ এবং নীরব। সেই নীরবতা ভেঙে ধীরপায়ে এগিয়ে আসছেন এক রহস্যময় ব্যক্তি। তার পরনে সম্পূর্ণ কুচকুচে কালো রাজকীয় সামরিক পোশাক। কাঁধের ওপর একটি বিশাল কালো পশমি চাদর বা ক্লোক লটকে আছে, যা প্রতি পদক্ষেপের সাথে মৃদু দুলছে। তার মুখমণ্ডলের অর্ধেকটা টুপির ছায়ায় ঢাকা।
দরজার সামনে দাঁড়িয়ে থাকা একজন নবীন সোলজার তার পথ আগলে দাঁড়াল। সে তার বর্শাটি আড়াআড়িভাবে ধরে বলল, “থামুন! ভেতরে হাই-প্রোফাইল মিটিং চলছে। পরিচয় না দিয়ে সামনে বাড়বেন না।”
তৎক্ষণাৎ পাশের চেকপোস্ট থেকে ডিউটি ক্যাপ্টেন হন্তদন্ত হয়ে দৌড়ে এলেন। তিনি সোলজারকে সরিয়ে দিয়ে তাকে এক ধমক দিলেন।
ডিউটি ক্যাপ্টেন: নির্বোধ! হাত সরাও! কার সামনে দাঁড়িয়ে আছো জানো?
ক্যাপ্টেন দ্রুত সেই কালো পোশাকধারী ব্যক্তির সামনে গিয়ে মাথা নত করে অভিবাদন জানালেন।
ডিউটি ক্যাপ্টেন: (অত্যন্ত বিনয়ের সাথে) স্যার, আপনাকে ভেতরে যাওয়ার জন্য কারো অনুমতি নিতে হবে না। অনুগ্রহ করে ভেতরে প্রবেশ করুন।
সেই রহস্যময় ব্যক্তিটি কোনো কথা না বলে কেবল একবার মাথা নেড়ে ভেতরে প্রবেশ করলেন। সোলজারটি বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। ব্যক্তিটি চোখের আড়াল হতেই সে তার ক্যাপ্টেনকে জিজ্ঞেস করল।
সোলজার: স্যার, ইনি কে? আমি তো আগে কখনো দেখিনি। এত বড় স্পর্ধা যে খলিফার মিটিংয়ে সশরীরে ঢুকে পড়লেন!
ক্যাপ্টেন গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে সোলজারের কাঁধে হাত রাখলেন। তার চোখে এক ধরণের সম্ভ্রম ফুটে উঠল।
ডিউটি ক্যাপ্টেন: তুমি এই আর্মিতে নতুন, তাই উনাকে চেনো না। এই সেই ব্যক্তি যাকে আমাদের প্রয়াত জেনারেল জুনাইদ আল-ফাতাহ এর একমাত্র সমকক্ষ মনে করা হয়।
তিনি সোলজারের কানে ফিসফিস করে যোগ করলেন
“জেনারেল জুনাইদ মারা যাওয়ার পর বর্তমানে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নূরযোদ্ধা ইনি ব্রিগেডিয়ার মাহমুদ।
যাকে লোকে ‘শ্যাডো অফ খিলাফত’ বলে চেনে।”
ভেতরে মাহমুদের প্রবেশ করার সাথে সাথেই হলের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি কমে গেল। সেভেন পিলারের সদস্যরাও নিজেদের অজান্তেই সোজা হয়ে বসলেন। মাহমুদ টেবিলের একপ্রান্তে গিয়ে দাঁড়ালেন, তার উপস্থিতিই পুরো কক্ষের কর্তৃত্ব নিজের হাতে নিয়ে নিল।
(পর্ব ৪৯ সমাপ্ত)