ওয়ার্ডেন সাহেব তার গলার কান্না কোনোমতে চেপে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি আলীর কাঁধে হাত রেখে দূরের সেই অন্ধকার হয়ে আসা মাঠগুলোর দিকে ইশারা করলেন।
ওয়ার্ডেন: আলী, তুমি তো জানো রুস্তম জন্মগতভাবেই 'ফার্মিং ট্যালেন্ট' বা কৃষি প্রতিভার অধিকারী ছিল। তুমি চলে যাওয়ার পর ছেলেটা যেন জেদ ধরে বসল। ও বিভিন্ন মানুষের ক্ষেতে গিয়ে কাজ শুরু করল। আর কী আশ্চর্য আলী! যেই ফসল ফলতে ছয় মাস সময় লাগার কথা, রুস্তমের জাদুকরী ছোঁয়ায় সেই ফসল মাত্র এক মাসেই পেকে ঝরঝরে হয়ে যেত। ওর হাতের ছোঁয়ায় শুকনো মাটিও যেন সোনা ফলাত।
আলী মুগ্ধ হয়ে শুনছিল। তার চোখের সামনে ভেসে উঠছিল রুস্তমের সেই হাসি মাখা মুখ।
ওয়ার্ডেন: এভাবে কাজ করতে করতে ও নিজের একখণ্ড জমি কিনল। নিজের জমিতে ও হরেক রকমের সবজি আর ফল ফলাতে শুরু করল। মায়াপুরে রুস্তমের ফসলের নাম ডাক ছড়িয়ে পড়ল। ও বেশ বড়লোক হয়ে গিয়েছিল রে আলী। ও মাঝেমধ্যেই এতিমখানায় আসত, ওর ক্ষেতের টাটকা সবজি আর মিষ্টি ফল দিয়ে বাচ্চাদের ভরিয়ে দিত। ও সব সময় তোর কথা বলত।
আলী: (আগ্রহ নিয়ে) তারপর? ও এখন কোথায়?
ওয়ার্ডেন সাহেবের মুখটা আবার কালো হয়ে গেল।
ওয়ার্ডেন: এক মাস আগে... হঠাৎ করেই ও ওর সব জমিজমা বিক্রি করে দিল। কাউকে কিছু না বলে, কোনো ঠিকানা না রেখে ও এই গ্রাম ছেড়ে চলে গেছে। ও কোথায় গেছে, কেন গেছে তা আজ পর্যন্ত কেউ জানে না।
রুস্তমের সাথে দেখা করতে না পেরে আলীর বুকের ভেতরটা টনটন করে উঠল। তবে তার বন্ধু যে কষ্ট করে হলেও সফল হয়েছে এবং সুখে আছে, এইটুকু ভেবে সে এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে মনে বলল
"রুস্তম, তুই যেখানেই থাকিস, ভালো থাকিস বন্ধু।"
ক্লান্তি আর বিষণ্ণতা ঝেড়ে ফেলে আলী আবার বাচ্চাদের মাঝে ফিরে এল। আয়িশা আর ফাতিমাও যোগ দিল তাদের সাথে। ফাতিমা, যে কি না সবসময় তলোয়ার আর যুদ্ধের নেশায় ডুবে থাকত, বাচ্চাদের পবিত্র সংস্পর্শে এসে তার পাথুরে মনটা যেন গলে জল হয়ে গেল।
সে বাচ্চাদের সাথে কানামাছি খেলল, তাদের মজার মজার যুদ্ধের গল্প শোনাল। আয়িশা ছোট ছোট ম্যাজিক দেখিয়ে বাচ্চাদের চোখ ছানাবড়া করে দিল।
রাতের খাবার আয়োজিত হলো খোলা আকাশের নিচে। মোটা চালের ভাত আর এতিমখানার সেই চেনা ডাল-চচ্চড়ি। আলী তৃপ্তি করে খেল। খাওয়া শেষে সবাই মিলে ঘরের ভেতর মেঝেতে বিছানা পেতে শোয়ার প্রস্তুতি নিল।
আলীর জন্য এই শক্ত মেঝে আর পাতলা কাঁথা খুব চেনা। কিন্তু আয়িশা আর ফাতিমা যারা রাজকীয় নরম বিছানায় অভ্যস্ত, তাদের জন্য এটি ছিল জীবনের প্রথম অভিজ্ঞতা।
ঘরের কোণে ল্যাম্পের টিমটিমে আলো জ্বলছে। আয়িশা এপাশ-ওপাশ করছিল, কিন্তু সে কোনো অভিযোগ করল না। ফাতিমা ছাদের কড়িকাঠের দিকে তাকিয়ে এক মনে কী যেন ভাবছিল। বাচ্চাদের শান্ত নিঃশ্বাসের শব্দে ঘরটা যেন এক পবিত্র আশ্রয়ে পরিণত হয়েছে।
পুরো এতিমখানা যখন গভীর ঘুমে মগ্ন, চারদিকে শুধু ঝিঁঝিঁ পোকার ডাক, তখন হঠাৎ আলী অনুভব করল কেউ একজন তার গায়ে হাত দিয়ে মৃদু ধাক্কা দিচ্ছে।
আলী তড়াক করে চোখ মেলল। দেখল ওয়ার্ডেন সাহেব তার মুখের কাছে আঙুল দিয়ে চুপ থাকার ইশারা করছেন।
ওয়ার্ডেন: (ফিসফিস করে) আলী...
চুপিচুপি একটু আড়ালে এসো। তোমার সাথে জরুরি কথা আছে। যা সবার সামনে বলা সম্ভব ছিল না।
আলীর বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে অতি সাবধানে আয়িশা আর ফাতিমার ঘুমের ব্যাঘাত না ঘটিয়ে উঠে দাঁড়ালো। সে ওয়ার্ডেন সাহেবের পিছু পিছু অন্ধকার বারান্দা পেরিয়ে বাগানের এক নির্জন কোণে এসে দাঁড়ালো। চাঁদের আলো সেখানে পৌঁছাতে পারছে না।
ওয়ার্ডেন সাহেব চারপাশটা একবার দেখে নিলেন, যেন কোনো অদৃশ্য শত্রু তাদের কথা শুনে না ফেলে। তার চোখ দুটো ভয়ে অস্থির হয়ে আছে।
ওয়ার্ডেন: আলী... তোমাকে আমি একটা মিথ্যা কথা বলেছি।
(৮০ তম পর্ব সমাপ্ত)