ওয়ার্ডেন সাহেব থমকে দাঁড়িয়ে রইলেন। তিনি মনে মনে ভাবছিলেন আলী আজ বড় অফিসার হয়ে এসেছে। নির্ঘাৎ সে চার বছর আগের সেই অপমানের শোধ নেবে। হয়তো আজ সে আমাকে চরম অপমান করবে।
আলী তাকে দেখা মাত্রই এগিয়ে গেল। ওয়ার্ডেন সাহেব ভয়ে চোখ বন্ধ করে ফেললেন। কিন্তু কোনো চিৎকার বা অপমানের বদলে তিনি অনুভব করলেন একটি উষ্ণ ছোঁয়া। আলী নিচু হয়ে ওয়ার্ডেন সাহেবের পা ছুঁয়ে সালাম করল।
আলী: চাচা, ভালো আছেন? আপনার জন্য রাজধানী থেকে এই পাঞ্জাবি আর লুঙ্গিটা এনেছি। দেখেন তো পছন্দ হয় কি না।
ওয়ার্ডেন সাহেব আলীর হাত থেকে গিফটের প্যাকেটটা নিলেন, কিন্তু তার হাত কাঁপছিল। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ডুকরে কেঁদে উঠে আলীকে জড়িয়ে ধরলেন।
ওয়ার্ডেন: (কাঁদতে কাঁদতে) আমাকে মাফ করে দাও আলী! আমি তোমার সাথে বড় অন্যায় করেছিলাম। তোমার স্বপ্নকে আমি ধুলোয় মিশিয়ে দিয়েছিলাম, অথচ তুমি আজ সেই স্বপ্ন জয় করে আমার জন্যই উপহার নিয়ে আসলে? আমি লজ্জিত রে বাপ, আমি লজ্জিত!
আলী শান্তভাবে বৃদ্ধের পিঠে হাত রাখল। তার মনে কোনো ঘৃণা নেই, কেবল আছে এক পরম তৃপ্তি।
চারপাশটা হঠাৎ কেন জানি একটু বেশি নিস্তব্ধ হয়ে গেল। আলী আশেপাশে তাকাল। সব বাচ্চাকে দেখলেও সেই চিরচেনা লম্বাটে গড়নের রুস্তমকে সে কোথাও দেখতে পাচ্ছে না। আলীর মনের ভেতর একটা অজানা ভয় দানা বাঁধতে শুরু করল। সে ওয়ার্ডেন সাহেবের চোখের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে জিজ্ঞেস করল
আলী: চাচা... সব তো হলো। কিন্তু আমার বন্ধু রুস্তম কই? ওকে তো কোথাও দেখছি না। ও কি কৃষি কাজ করতে মাঠে গেছে?
প্রশ্নটা শোনামাত্র ওয়ার্ডেন সাহেবের কান্নার বেগ হঠাৎ থেমে গেল। তিনি আলীর চোখের দিকে তাকাতে পারলেন না, মুখ ফিরিয়ে নিলেন। আয়িশা আর ফাতিমাও লক্ষ্য করল, উপস্থিত বাচ্চাদের মুখের হাসি হঠাৎ মিলিয়ে গিয়ে সেখানে এক অদ্ভুত আতঙ্ক আর বিষণ্ণতা ভর করেছে।
আলী অস্থির হয়ে ওয়ার্ডেন সাহেবের কাঁধ ধরল।
আলী: বলুন না চাচা! রুস্তম কই? ও কি অসুস্থ?
ওয়ার্ডেন সাহেব কেবল অস্ফুট স্বরে বিড়বিড় করলেন, যা বাতাসের শোঁ শোঁ শব্দে হারিয়ে যাচ্ছিল। বনের দিক থেকে আসা শীতল হাওয়াটা যেন এক নিমিষেই আলীর শরীরের রক্ত হিম করে দিল।
(৭৯ পর্ব সমাপ্ত)