ব্রিগেডিয়ার মাহমুদ বেরিয়ে যাওয়ার পরও হলের বাতাস যেন জমে বরফ হয়ে আছে। দরজার ভারী পাল্লা দুটো বন্ধ হওয়ার শব্দ প্রতিধ্বনিত হলো পুরো ঘরে। উপস্থিত সকলের ঘাড়ে চেপে থাকা সেই অদৃশ্য নূরের চাপটা হঠাৎ সরে যেতেই সবাই একসাথে দীর্ঘশ্বাস ফেললেন।
খলিফা ওমরান বিন আসাদ শান্তভাবে নিজের আসনে বসে রইলেন, কিন্তু তার চোখের দৃষ্টি ছিল সুদূরপ্রসারী।
বিপরীতে বসা ব্রিগেডিয়ার জাকিয়া যিনি এই খিলাফতের শ্রেষ্ঠ ‘হিলার’ তার ফর্সা কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তিনি তার ধবধবে সাদা রেশমি রুমাল দিয়ে কপালটা মুছলেন। তার হাতের আঙুলগুলো তখনো সামান্য কাঁপছে। যোদ্ধা না হওয়ায় মাহমুদের সেই দানবীয় নূরশক্তির তীব্রতা তাকে অন্যদের চেয়ে বেশি কাবু করেছে।
হঠাৎ নীরবতা চূর্ণ-বিচূর্ণ করে দিয়ে ব্রিগেডিয়ার শাহীন তার হাতের ফাইলটি সজোরে ওক কাঠের টেবিলের ওপর আছাড় দিলেন। তার চোয়াল শক্ত হয়ে আছে, চোখের মণি রাগে আগুনের মতো লাল।
ব্রিগেডিয়ার শাহীন: (গলার রগ ফুলিয়ে গজগজ করতে করতে) ধিক্কার জানাই এই ঔদ্ধত্যকে! জেনারেল জুনাইদ আল-ফাতাহ এই মানুষটাকে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মনে করতেন। নিজের ভাইকেও হয়তো জেনারেল এত বিশ্বাস করতেন না, যতটা মাহমুদকে করতেন। অথচ সেই মানুষটা মারা যাওয়ার পর মাহমুদের মধ্যে কোনো শোক নেই? কোনো অনুশোচনা নেই? যেন কিছুই হয়নি!
কর্নেল আসাদ: (ধীরস্থির কণ্ঠে) শান্ত হোন শাহীন স্যার । আপনি জানেন মাহমুদ কেমন। সে আবেগের চেয়ে যুক্তিতে চলে। অকারণে চেঁচামেচি করে কোনো লাভ হবে না।
ব্রিগেডিয়ার শাহীন: (অট্টহাসি দিয়ে গর্জে উঠলেন) শান্ত হবো? কর্নেল আসাদ, আপনি আমাকে শান্ত হতে বলছেন? আপনারা কি ভুলে গেছেন আমার ভাইয়ের কথা?
শাহীনের গর্জনে পুরো হলরুম থমকে গেল। তিনি খলিফার টেবিলের ওপর ঝুঁকে পড়লেন, তার কণ্ঠস্বর এখন বেদনায় কাঁপছে।
ব্রিগেডিয়ার শাহীন: মাহমুদের আদেশে, কোনো এক গোপন মিশনে গিয়ে আমার ছোট ভাইটা নিখোঁজ হয়েছে। কত বছর হয়ে গেছে , আজ পর্যন্ত কেউ জানে না সে জীবিত নাকি মৃত! সে কি কোনো অন্ধকার কারাগারে পচছে, নাকি তাকে কোনো অজ্ঞাত প্রান্তরে কবর দেওয়া হয়েছে তার কোনো জবাব নেই!
শাহীনের চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু পরক্ষণেই তিনি তা মুছে ফেললেন চরম ঘৃণাভরে।
ব্রিগেডিয়ার শাহীন: আমি শতবার জিজ্ঞেস করেছি, আমার ভাই কিসের মিশনে গিয়েছিল? তাকে কোথায় পাঠানো হয়েছিল? কিন্তু মাহমুদ জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না! আমার নিজের ভাইয়ের খোঁজ নেওয়ার অধিকারটুকুও সে কেড়ে নিয়েছে!
শাহীন এবার হলের সবার দিকে ফিরে দুই হাত ছড়িয়ে দিয়ে চিৎকার করে বললেন
ব্রিগেডিয়ার শাহীন: Can you believe this? Is this a joke? খিলাফতের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা সে, তাই বলে সে যা খুশি তাই করবে? আর আমরা পুতুলের মতো তা সহ্য করব? স্রেফ ক্ষমতার দম্ভে সে আজ অন্ধ!
খলিফা ওমরান ধীরে ধীরে হাত তুলে ইশারা করলেন। তার গম্ভীর শান্ত কণ্ঠস্বর শাহীনের ক্রোধকে যেন এক নিমেষেই শুষে নিল।
খলিফা ওমরান: যথেষ্ট হয়েছে শাহীন। মাহমুদ যা করেছে, তার প্রতিটি পদক্ষেপের দায়ভার আমি গ্রহণ করেছি। যুদ্ধের ময়দানে অনেক কিছু ত্যাগ করতে হয়। আজ আমাদের আলোচনা এখানেই সমাপ্ত। জেনারেল পদের চূড়ান্ত ঘোষণা দ্রুতই জানানো হবে।
খলিফা উঠে দাঁড়ালেন। তার ব্যক্তিগত দেহরক্ষীরা তৎক্ষণাৎ তার পাশে এসে দাঁড়াল। খলিফার প্রস্থানে মিটিংয়ের সমাপ্তি ঘোষণা হলো।
পুরো ঘর থেকে একে একে সবাই বেরিয়ে যাচ্ছেন, কিন্তু ব্রিগেডিয়ার শাহীন তখনো শূন্য দৃষ্টিতে টেবিলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। আর অন্য কোণে বসে থাকা হিলার জাকিয়া এক দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন মাহমুদ আলীকে নিজের শিষ্য করে নিয়েছে মানে, সামনে এমন কিছু একটা আসছে যা পুরো খিলাফতের ভিত নাড়িয়ে দেবে।
মিটিং রুমের বাতিগুলো একে একে নিভে এল, পড়ে রইল কেবল এক গুমোট চাপা উত্তেজনা।
(পর্ব ৫২ সমাপ্ত)