ভোরের আলো তখনো হেডকোয়ার্টারের আকাশকে পুরোপুরি রাঙাতে পারেনি। এক ফালি ফিকে রোদে ট্রেনিং গ্রাউন্ডের ধূসর পাথরগুলো যেন জেগে উঠছে। কুয়াশার চাদরে ঢাকা মাঠের মাঝখানে ক্যাপ্টেন সাজিদ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। তার সামনে আলী, ফাতিমা আর আয়িশা। প্রত্যেকের গায়ে সেই ভয়ংকর ‘নূর আকর্ষী লৌহ ভেস্ট’। শরীরের প্রতিটি পেশি যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে, কিন্তু সাজিদের নির্দয় চোখের দিকে তাকিয়ে তারা স্থির।
ক্যাপ্টেন সাজিদ তার বুট দিয়ে মাটির ধুলো পিষলেন। তার কণ্ঠস্বর ভোরের স্তব্ধতাকে চিরে দিল।
ক্যাপ্টেন সাজিদ: (গম্ভীর স্বরে) নূর নিয়ন্ত্রণ মানে কেবল লড়াই করা নয়, এটি শুরু হয় ফুসফুসের গভীর থেকে। প্রতিটি নিঃশ্বাস যদি নূরের সাথে তাল মিলিয়ে না চলে, তবে তোমাদের এই লৌহ ভেস্ট তোমাদের মেরে ফেলবে। আজ আমি দেখতে চাই তোমরা কোন ‘ব্রিদিং টেকনিক’ বা শ্বাসক্রিয়া পদ্ধতি ব্যবহার করো। এক এক করে বলো।
প্রথমে ফাতিমা পা বাড়িয়ে দিল। তার মুখমণ্ডল আজ অস্বাভাবিক শান্ত। সে তার বুক প্রসারিত করে এক দীর্ঘ নিঃশ্বাস নিল।
ফাতিমা: স্যার, আমি আমার পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত ‘রয়্যাল ফিনিক্স ব্রিদিং’ ব্যবহার করি। এটি উচ্চবংশীয় যোদ্ধাদের জন্য তৈরি, যা সরাসরি হৃদপিণ্ডের গতি নিয়ন্ত্রণ করে অরা (Aura),মানা(Mana) বৃদ্ধি করে এবং শরীরের ভারসাম্য ঠিক রাখে।
সাজিদ মাথা নাড়লেন। এরপর আয়িশার পালা। আয়িশার কপালে ঘাম জমেছে, কিন্তু তার দু চোখে আগুনের আভা।
আয়িশা: আমি ফায়ার ম্যাজিশিয়ানদের বিশেষ পদ্ধতি ‘ইনফার্নো কোর ব্রিদিং’ শিখেছি। এটি শরীরকে উত্তপ্ত করে মানা (Mana) সংগ্রহের গতি বহুগুণ বাড়িয়ে দেয়।
সাজিদ এবার আলীর সামনে গিয়ে দাঁড়ালেন। আলীর ওপর ২০০ কেজির সেই দানবীয় ভেস্ট। সে যন্ত্রণায় প্রায় নীল হয়ে গেছে, কিন্তু তার চোখের মণি স্থির।
ক্যাপ্টেন সাজিদ: আর তুমি? তোমার পদ্ধতি কী?
আলী অনেক কষ্টে নিঃশ্বাস টেনে বলল
আলী: স্যার... আমি ‘প্রান নিঃশ্বাস’ ব্যবহার করছি। সার্জেন্ট হাসান আমাকে এটাই শিখিয়েছেন।
'প্রান নিঃশ্বাস' নামটা শোনার সাথে সাথে ক্যাপ্টেন সাজিদ যেন বিদ্যুৎস্পৃষ্ট হলেন। তার ভ্রু কুঁচকে গেল, চোখের মণি বিস্ময়ে বড় হয়ে উঠল। তিনি এক মুহূর্ত চুপ থেকে আলীর গলার কাছে ঝুঁকে এলেন।
ক্যাপ্টেন সাজিদ: (তীক্ষ্ণ স্বরে) যে তোমাকে এটা শিখিয়েছে, তার সাথে কি তোমার কোনো ঘোর শত্রুতা আছে? সে কি তোমাকে তিলে তিলে মারতে চায়?
আলী হকচকিয়ে গেল। যন্ত্রণার মাঝেও সে অবাক হয়ে সাজিদের দিকে তাকাল।
আলী: কখনোই না স্যার! সার্জেন্ট হাসান আমাকে নিজের সন্তানের মতো দেখেন। আমার ভালোর জন্যই তিনি এটা শিখিয়েছেন।
সাজিদ সোজা হয়ে দাঁড়ালেন। তার মনে এক প্রবল ঝড় বয়ে যাচ্ছে। তিনি মনে মনে ভাবলেন
প্রান নিঃশ্বাস! এটি হাজার বছরের পুরোনো এক ‘আন-রিফাইন্ড’ বা অপরিশোধিত পদ্ধতি। এই পদ্ধতিতে শ্বাস নেওয়ার সময় মনে হয় ফুসফুসের ভেতরে সাতটি ধারালো তলোয়ার একসাথে নাচছে। এটি ব্যবহার করলে নূরের পথ বা মেরিডিয়ানসগুলো খুব দ্রুত খুলে যায় ঠিকই, কিন্তু এর যন্ত্রণা সহ্য করার ক্ষমতা হাজারে একজনেরও থাকে না। প্রাচীনকালে অনেকেই এই পদ্ধতি চর্চা করতে গিয়ে ফুসফুস ফেটে প্রাণ হারিয়েছে। এখনকার যুগে সবাই রিফাইন্ড আর নিরাপদ ব্রিদিং টেকনিক ব্যবহার করে, যা যন্ত্রণাহীন।
সাজিদ আলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার বিস্ময় যেন কমছেই না।
সাজিদ (মনে মনে): এই ছেলেটি বেঁচে আছে কীভাবে? ২০০ কেজির লৌহ ভেস্টের চাপ, তার ওপর ‘প্রান নিঃশ্বাস’ এর মতো মরণঘাতী পদ্ধতি এমন চর্চামূলক ট্রেনিং তো কেউ তার চরম শত্রুকেও দেয় না। ফাইলে লেখা আছে আলীর কোনো বিশেষ ট্যালেন্ট নেই। কিন্তু সাজিদ আজ বুঝতে পারলেন, এই অমানুষিক যন্ত্রণা সহ্য করার ক্ষমতাই হয়তো আলীর আসল ট্যালেন্ট। যা অন্যদের কল্পনার বাইরে।
মাঠের মাঝে আলী আবার সেই ভয়ংকর নিঃশ্বাস নিতে শুরু করল। তার বুক কামারের হাপরের মতো ওঠানামা করছে, বাতাসের শোঁ শোঁ শব্দে যেন সাতটি সুরের হাহাকার শোনা যাচ্ছে।
সাজিদ হাত দুটো মুষ্টিবদ্ধ করলেন। তার চেহারার কাঠিন্যের আড়ালে আলীর প্রতি এক ধরণের অঘোষিত শ্রদ্ধা ফুটে উঠল।
ক্যাপ্টেন সাজিদ: (শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে) ঠিক আছে। তোমাদের শ্বাসক্রিয়া পদ্ধতি আমি জানলাম। তবে আলী... যদি তোমার শরীরের ভেতর থেকে রক্তক্ষরণ শুরু হয়, তবে এক সেকেন্ডও দেরি না করে থামবে। এটি কোনো পরীক্ষা নয়, এটি আত্মহনন।
আলী কেবল ঘাড় নাড়ল। তার প্রতিটি নিঃশ্বাসে ট্রেনিং গ্রাউন্ডের ধুলো উড়ছে। এক নূরহীন যোদ্ধা যেন নরকের যন্ত্রণা বুকে চেপে স্বর্গের সিঁড়ি খোঁজার চেষ্টা করছে।
(৬৩ পর্ব সমাপ্ত)