Novel

চৌমুহনীর মনু পাগলা

November 23, 2026

10 views

চৌমুহনী জায়গাটার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে চার রাস্তার একটা ব্যস্ত মোড়। চারদিক থেকে ছুটে আসা বাস, ট্রাক, অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল আর মানুষের ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত জায়গাটার যেন এক মুহূর্তও বিশ্রাম নেই। বিশেষ করে বিকেলবেলায় অফিস ছুটির পর চৌমুহনীর অবস্থা হয়ে ওঠে ভয়াবহ। চারদিক থেকে গাড়ি এসে এমনভাবে আটকে যায় যে, একসময় কারও সামনে এগোনোর উপায় থাকে না। শুরু হয় হর্নের প্রতিযোগিতা। কে কত জোরে হর্ন বাজাতে পারে, যেন তারই একটা প্রতিযোগিতা চলছে।

পাঠক, আপনারা মনে করতেই পারেন, রাস্তা ছোট বলেই হয়তো এত যানজট। কিন্তু আসলে বাঙালির জন্য কোনো রাস্তাই যথেষ্ট বড় নয়। রাস্তার দুই পাশে অন্তত তিন ফুট জায়গাজুড়ে হরেক রকমের হকার বসে থাকবেই। ভাবতে পারেন, সেখানে আর কী-ই বা থাকে! একটু ভালো করে খেয়াল করলেই দেখবেন, কী নেই সেখানে!

রাস্তা বড় করে বানানোর দায়িত্ব সরকারের, আর সেই রাস্তা ছোট করে ফেলার দায়িত্বটা যেন অলিখিতভাবে হকারদের!

এই চার রাস্তার মোড় থেকে একটু দূরে, একটা পুরোনো বন্ধ দোকানের টিনের ছাউনির নিচে থাকত মনু। অবশ্য এলাকার মানুষ তাকে মনু নামে খুব একটা চিনত না। সবার কাছে সে ছিল মনু পাগলা।

বয়স কত হবে, তা ঠিক করে বলা কঠিন। মাথার চুলগুলো জট পাকিয়ে কাঁধ ছুঁয়েছে, মুখভর্তি অপরিচ্ছন্ন দাড়ি, গায়ের জামাটার আসল রংও এখন আর বোঝার উপায় নেই। পরনে একটা পুরোনো লুঙ্গি। শীত-গ্রীষ্ম-বৃষ্টি, সব ঋতুতেই প্রায় একই পোশাক।

মনুর জীবনের গল্পটা কেউ জানে না। একসময় হয়তো তারও একটা সংসার ছিল, স্বপ্ন ছিল, নিজের বলে কিছু মানুষ ছিল। কিন্তু জীবনের একের পর এক ধাক্কা সামলাতে সামলাতে কখন যে সে নিজের ভেতরেই হারিয়ে গিয়েছিল, তা আর কেউ জানে না। কারও মুখে শোনা যায়, পরিবারের লোকজন তাকে ছেড়ে গেছে। কেউ বলে, সব হারিয়ে মাথার ঠিক নেই। আবার কেউ বলে, জন্ম থেকেই এমন।

সত্যিটা কী, তা জানার প্রয়োজন কারও হয়নি।

আত্মীয়স্বজনহীন, ঘরবাড়িহীন মনুর দিন কাটত অনেকটা ভবঘুরের মতো। কখনো বাজারের আশপাশে ঘুরে বেড়াত, কখনো মানুষের ফেলে দেওয়া খাবার কুড়িয়ে খেত। কোনো দোকানদার দয়া করে কিছু দিলে খেয়ে নিত। কখনো দু-একটা টাকা পেলে নিজের মতো করে জমিয়ে রাখত। মোটকথা, বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন, কোনো রকমে সেটুকু জোগাড় করেই দিন কাটত তার।

তবে একটা সমস্যা ছিল।

তার থাকার জায়গাটা ছিল একেবারে মূল রাস্তার পাশে। আর চৌমুহনীতে যানজটের সবচেয়ে বড় সময়টায় তার জীবন অতিষ্ঠ হয়ে উঠত। বিকেল হলেই চারদিক থেকে গাড়ি এসে এমনভাবে আটকে যেত যে, একসময় কারও গাড়ি সামনে এগোনোর উপায় থাকত না। শুরু হতো সেই অসহ্য হর্নের শব্দ। ঘণ্টার পর ঘণ্টা চলত একই অবস্থা।

এদিকে মনু সারাদিন ঘুরে ক্লান্ত হয়ে বিকেলের দিকে একটু ঘুমানোর চেষ্টা করত। কিন্তু সেই হর্নের শব্দে ঘুম তো দূরের কথা, নিজের মাথাটাই ঠিক রাখতে পারত না।

কয়েকদিন ধরে এমন চলার পর একদিন আর সহ্য হলো না।

সেদিনও বিকেলের দিকে ভয়াবহ যানজট। একটা প্রাইভেট কার রাস্তার মাঝখানে প্রায় আড়াআড়ি করে দাঁড় করিয়ে রেখেছে তার চালক। পেছনে বাস, সামনে অটোরিকশা, দুই পাশে মোটরসাইকেল। কেউ নড়তে পারছে না। অথচ গাড়ির চালক নির্বিকারভাবে বসে আছে।

এদিকে টিনের ছাউনির নিচে শুয়ে থাকা মনুর মাথায় যেন আগুন ধরে গেল।

পাশে পড়ে থাকা একটা বাঁশের লাঠি হাতে নিয়ে উঠে দাঁড়াল সে। এলোমেলো পায়ে রাস্তার দিকে এগিয়ে গেল। তার চেহারা এমনিতেই ভয়ংকর, তার ওপর হাতে লাঠি। কাছে যেতেই চালক কিছুটা ভয় পেয়ে জানালা নামাল।

মনু লাঠি উঁচিয়ে চিৎকার করে বলল,

'এই! রাস্তা বন্ধ কইরা রাখছস ক্যান? সোজা কর! সোজা কর গাড়ি!'

চালক প্রথমে কিছু বুঝতে না পারলেও মনুর চোখমুখ দেখে আর কথা বাড়াল না। দ্রুত গাড়িটা সোজা করে ফেলল। অল্প সময়ের মধ্যেই রাস্তার এক পাশ দিয়ে যান চলাচল শুরু হলো।

মনু কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর নিজের লাঠি হাতে আবার ছাউনির নিচে ফিরে গেল।

ঘটনাটা দেখে কয়েকজন পথচারী হেসে ফেলল। কেউ কেউ মজা করে বলল, 'পাগল তো ভালোই ট্রাফিক পুলিশের দায়িত্ব নিল!'

কিন্তু মজার ব্যাপার হলো, মনু পরের দিনও একই কাজ করল।

তারপরের দিনও।

ধীরে ধীরে বিষয়টা একটা নিয়মে পরিণত হলো। বিকেল হলেই মনু লাঠি হাতে রাস্তার পাশে এসে দাঁড়াত। কোথাও কোনো গাড়ি আড়াআড়ি হয়ে গেলে, কেউ অযথা রাস্তা আটকে রাখলে, সে গিয়ে চিৎকার করত। তার অদ্ভুত চেহারা আর লাঠির ভয়ে অনেকেই গাড়ি ঠিক করে নিত।

কখনো দু-একটা অটোরিকশাকে হাত নেড়ে সামনে যেতে বলত। কখনো বাসের চালককে থামতে ইশারা করত। কখনো আবার দুই গাড়ির মাঝখানে দাঁড়িয়ে এমনভাবে হাত নাড়াত, যেন সে বহু বছরের অভিজ্ঞ কোনো ট্রাফিক সার্জেন্ট।

কেউ তাকে এই কাজ করতে বলেনি। কোনো নিয়োগপত্র ছিল না, বেতন ছিল না, ইউনিফর্ম ছিল না। তবুও সে নিজের দায়িত্বটা বেশ গুরুত্ব দিয়েই পালন করত।

একদিন এক পথচারী খুশি হয়ে তার হাতে বিশ টাকা গুঁজে দিল। মনু টাকাটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর খুব যত্ন করে লুঙ্গির একটা গিঁটের মধ্যে রেখে দিল।

পরদিন একজন অটোরিকশাচালক তাকে দশ টাকা দিল। আরেকদিন এক ব্যবসায়ী পঞ্চাশ টাকা দিলেন। একদিন তো এক ভদ্রলোক খুশি হয়ে একশ টাকার একটা নোটই ধরিয়ে দিলেন।

মনু কখনো কারও কাছে টাকা চাইত না। কেউ দিলে নিত, না দিলে নিজের কাজে ফিরে যেত।

তার কাছে ব্যাপারটা ধীরে ধীরে একটা আনন্দের জায়গা হয়ে উঠল।

আগে তার কোনো সময়জ্ঞান ছিল না। কখন ঘুমাবে, কখন খাবে, কখন কোথায় যাবে—কিছুই ঠিক ছিল না। কিন্তু এখন তার একটা রুটিন তৈরি হয়েছে। বিকেল হওয়ার আগেই সে নিজের জায়গা থেকে উঠে বসে। লাঠিটা হাতে নেয়। রাস্তার দিকে তাকিয়ে থাকে।

কোনো দিন বৃষ্টি হলেও সে বের হয়। কোনো দিন শরীর খারাপ থাকলেও যতটা পারে দাঁড়িয়ে থাকে। কারণ কাজটা এখন তার ভালো লাগে।

মানুষ তাকে দেখে হাসে, কেউ পাগল বলে ডাকে, কেউ আবার মজা করে সালাম দেয়। কিন্তু সে এসবের কিছুই গায়ে মাখে না। যানজট কমে গেলেই যেন তার ভেতরে একধরনের শান্তি কাজ করে।

কখনো কোনো গাড়ির চালক তাকে পাশ কাটিয়ে চলে গেলে সে হাত তুলে থামায়। চালক জানালা নামিয়ে বলে,

'কী হয়েছে চাচা?'

সে গম্ভীর মুখে বলে,

'সোজা যাইবা। রাস্তা আটকাইবা না।'

চালক হেসে উত্তর দেয়,

'আচ্ছা, ঠিক আছে স্যার!'

এই 'স্যার' ডাকটা শুনে মনু মাঝে মাঝে হলুদ দাঁত বের করে হাসে।

এভাবেই চলছিল।

মনুর জীবনে একটা ছোট্ট নিয়ম তৈরি হয়েছিল। দিন শেষে পাওয়া বকশিশ থেকে কিছু টাকা দিয়ে খাবার কিনত, আর কিছু জমিয়ে রাখত। যেদিন বকশিশ বেশি পেত, সেদিন হয়তো একটু ভালো খাবার খেত। আবার যেদিন কিছুই পেত না, সেদিন আগের জমানো টাকা থেকে খরচ করত।

এখন অন্তত তাকে না খেয়ে থাকতে হতো না। যে মানুষটা একসময় উদ্দেশ্যহীনভাবে সারাদিন ঘুরে বেড়াত, সে এখন বিকেল হওয়ার অপেক্ষা করত। তার একটা কাজ ছিল, একটা দায়িত্ব ছিল। সামান্য হলেও জীবনের প্রতি একটা টান তৈরি হয়েছিল।

কিন্তু পৃথিবীতে কিছু মানুষ আছে, যারা অন্যের ভালো থাকা সহ্য করতে পারে না।

এলাকার কয়েকজনের বিষয়টা মোটেও ভালো লাগছিল না। তাদের চোখে মনুর এই কাজটা ছিল একধরনের ব্যবসা। তারা ভাবতে লাগল, লোকটা তো বেশ ভালোই আয় করছে! কোনো পুঁজি নেই, দোকান নেই, চাকরি নেই, অথচ প্রতিদিন মানুষের কাছ থেকে টাকা পাচ্ছে।

তাদের একজন বলল,

'ব্যবসাটা তো মন্দ না! আমরাও যদি রাস্তায় দাঁড়াই, টাকা কামানো যাবে।'

আরেকজন বলল,

'আরে, ও তো পাগল। মানুষ ভয় পায়, তাই টাকা দেয়। একদিন টাকা না দিলে কী করে দেখি!'

তাদের মধ্যে জসিম নামের একজন ছিল, যে মনুকে একদম সহ্য করতে পারত না।

কয়েক দিন আগের একটা ঘটনা তার মনে তখনো তাজা। সেদিন নিজের মোটরসাইকেলটা রাস্তার ওপর আড়াআড়ি করে দাঁড় করিয়ে রেখেছিল জসিম। পেছনে কয়েকটা গাড়ি আটকে গেলে মনু লাঠি হাতে এগিয়ে এসেছিল। সবার সামনে জসিমকে চিৎকার করে গাড়ি সরাতে বলেছিল সে। আশপাশের লোকজন তখন হেসে উঠেছিল।

জসিম মুখে কিছু না বললেও অপমানটা ভুলতে পারেনি। সেই ঘটনার পর থেকে মনুকে দেখলেই তার মেজাজ খারাপ হয়ে যেত। তার ওপর আবার মানুষজন মনুকে টাকা দিচ্ছে—ব্যাপারটা যেন কিছুতেই মেনে নিতে পারছিল না সে।

অন্যদের কাছে বিষয়টা নিছক ঈর্ষার হলেও জসিমের কাছে মনুকে একটা শিক্ষা দেওয়ারও কারণ ছিল।

একদিন তাদের আড্ডায় জসিম বলল,

'ওরে বেশি বাড়তে দেওয়া ঠিক না। মানুষরে ভয় দেখায়, আবার টাকা কামায়!'

আরেকজন বলল,

'আরে, ও তো পাগল। মানুষ ভয় পায়, তাই টাকা দেয়। একদিন টাকা না দিলে কী করে দেখি!'

জসিম ঠোঁট বাঁকিয়ে বলল,

'টাকা না দিলে কী হবে, সেটা পরে দেখা যাবে। আগে ওর বাড়াবাড়ি বন্ধ করতে হবে।'

তারা সুযোগ খুঁজতে লাগল।

একদিন বিকেলে মনু রাস্তার মোড়ে দাঁড়িয়ে কাজ করছিল। সেদিনও বেশ যানজট। একটা ট্রাকের পেছনে কয়েকটা গাড়ি আটকে আছে। মনু লাঠি হাতে এগিয়ে গিয়ে চালককে রাস্তার এক পাশে গাড়ি সরাতে বলল।

ঠিক তখনই ওই লোকগুলোর কয়েকজন সেখানে এসে হাজির হলো। তাদের সামনে জসিমও ছিল।

জসিম এগিয়ে এসে বলল,

'এই! কী শুরু করছিস তুই?'

মনু কথাটা বুঝতে না পেরে তাকিয়ে রইল।

জসিম আবার বলল,

'মানুষের কাছ থেকে টাকা নিতাছস ক্যান? গাড়ি খেদানোর কাজ কে দিছে তোরে?'

মনু এবার একটু বিরক্ত হয়ে বলল,

'আমি টাকা চাই না। রাস্তা বন্ধ কইরা রাখে, তাই সরাই।'

কথাটা শুনে তারা আরও ক্ষেপে গেল।

'তাহলে টাকা জমাস ক্যান? মানুষরে ভয় দেখাস ক্যান?'

মনু কোনো উত্তর দিল না। সে শুধু নিজের লাঠিটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল।

জসিম এবার সামনে এগিয়ে এসে বলল,

'বেশি নেতা হইছস, তাই না?'

মনু তার দিকে তাকিয়ে রইল। হয়তো জসিমকে চিনতে পেরেছিল। কিন্তু কিছু বলার আগেই জসিম তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল।

তারপর যা হলো, তার জন্য মনু একেবারেই প্রস্তুত ছিল না।

তারা তাকে চারদিক থেকে ঘিরে ধরল। কেউ ধাক্কা দিল, কেউ চিৎকার করল। একসময় ধাক্কাধাক্কি হাতাহাতিতে রূপ নিল। মনু নিজেকে বাঁচানোর চেষ্টা করল। লাঠিটা দিয়ে কাউকে ঠেকানোর চেষ্টাও করেছিল হয়তো, কিন্তু তার সেই শক্তি কোথায়! বয়স, অপুষ্টি আর দীর্ঘদিনের অবহেলায় শরীরটা এমনিতেই ভেঙে পড়েছিল।

কয়েকজন মিলে তাকে মারতে শুরু করল।

জসিমও সেদিন নিজেকে সামলাতে পারেনি। কয়েক দিন ধরে জমে থাকা অপমান আর ক্ষোভ যেন একসঙ্গে বেরিয়ে আসছিল তার মধ্যে। যে মানুষটাকে সে একদিন সবার সামনে অপমানিত হওয়ার কারণ মনে করেছিল, আজ সেই মানুষটাকেই মাটিতে ফেলে মারতে দেখে তার আর থামার ইচ্ছা হলো না।

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষজন সব দেখছিল। কেউ দূর থেকে তাকিয়ে ছিল, কেউ মোবাইল বের করে ভিডিও করছিল। কেউ কেউ মুখে বলছিল, 'আরে, মারতেছে কেন? ছেড়ে দেন!'

কিন্তু কেউ এগিয়ে আসেনি।

যে মানুষটা প্রতিদিন তাদের যানজট থেকে মুক্তি দিতে চেষ্টা করত, সেই মানুষটাকে বাঁচানোর জন্য সেদিন একটা হাতও সামনে বাড়েনি।

একসময় মনু মাটিতে পড়ে গেল।

তার লাঠিটা ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে রইল। মাথার আঘাত থেকে রক্ত ঝরছিল। মুখের পাশ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছিল রাস্তার ধুলোর ওপর। চোখ দুটো আধখোলা। সে কিছু বলতে চাইছিল কি না, তা বোঝার উপায় ছিল না।

কিছুক্ষণ পর চারপাশের মানুষজন একটু কাছে এগিয়ে এল। কয়েকজন মিলে তাকে একটা অটোরিকশায় তুলে হাসপাতালে নিয়ে গেল।

কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে শরীর নিস্তেজ হয়ে পড়েছিল তার। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানিয়ে দিলেন, মনু আর বেঁচে নেই।

হাসপাতালের একটা ছোট্ট বিছানায় পড়ে রইল তার নিথর শরীর।

কোনো স্বজন এল না। কেউ এসে তার কপালে হাত রাখল না। কেউ জিজ্ঞেস করল না, শেষবারের মতো তার কিছু খেতে ইচ্ছে করছে কি না। তার পাশে বসে চোখের পানি ফেলার মতো একজন মানুষও ছিল না।

হাসপাতালের লোকজন তার পরিচয় জানতে চেয়েছিল। কিন্তু পরিচয় দেওয়ার মতো কেউ ছিল না। নাম-ঠিকানা, বাবা-মায়ের নাম, বাড়ির ঠিকানা—কোনো কিছুই জানা গেল না।

পরে কিছু লোকের সহযোগিতায় তার দাফনের ব্যবস্থা করা হলো।

যে মানুষটা এতদিন একটা টিনের ছাউনিকে নিজের বাড়ি ভেবে কাটিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত তার জন্য মাটির নিচে সামান্য একটু জায়গাই বরাদ্দ হলো।

তার পুরোনো বস্তাটা পড়ে রইল সেই বন্ধ দোকানের ছাউনির নিচে। পাশে পড়ে রইল একটা ভাঙা প্লাস্টিকের বাটি। আর রাস্তার ধারে পড়ে থাকা লাঠিটা কেউ একজন তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল।

তার লুঙ্গির গিঁটে জমিয়ে রাখা কয়েকটা নোটও রয়ে গেল। যে টাকাগুলো দিয়ে সে ভেবেছিল আরও কয়েকটা দিন খেয়ে বাঁচবে, সেগুলো আর কোনোদিন তার কাজে লাগবে না।

ব্যস, শেষ।

কোনো জানাজায় কান্নার রোল উঠল না। কোনো বাড়িতে শোকের খবর পৌঁছাল না। কোনো সন্তান এতিম হলো না, কোনো স্ত্রী বিধবা হলো না। পৃথিবীর কোথাও হয়তো একজন মানুষের অনুপস্থিতিতে কোনো হিসাবই বদলাল না।

শুধু চৌমুহনীর একটা বিকেল থেকে হারিয়ে গেল এক অদ্ভুত মানুষ।

পরদিন বিকেল হলো।

চারদিক থেকে আগের মতোই গাড়ি আসতে শুরু করল। একটা বাস রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠাচ্ছে। তার পেছনে অটোরিকশা, তার পেছনে মোটরসাইকেল। অন্য পাশ থেকে একটা ট্রাক এসে আটকে গেল। কেউ কাউকে জায়গা দিতে রাজি নয়।

তারপর শুরু হলো সেই চিরচেনা হর্নের শব্দ।

একটা গাড়ি আরেকটাকে গালি দিচ্ছে। অটোরিকশাচালক বাসচালকের সঙ্গে ঝগড়া করছে। কেউ জানালা দিয়ে মাথা বের করে চিৎকার করছে। কয়েক মিনিটের মধ্যেই চার রাস্তার মোড়টা আবার অচল হয়ে গেল।

সবাই অপেক্ষা করছিল, কখন কেউ একজন এসে যানজট ছাড়াতে সাহায্য করবে।

কিন্তু কেউ এলো না।

পুরোনো বন্ধ দোকানের টিনের ছাউনিটাও সেদিন খালি পড়ে ছিল। সেখানে কেউ লাঠি হাতে উঠে দাঁড়াল না। কেউ চিৎকার করে বলল না, 'এই! গাড়ি সোজা কর!'

চৌমুহনীর সেই পুরোনো যানজট আবার ফিরে এসেছে। শুধু ফিরে আসেনি মানুষটা।

যে মানুষটাকে সবাই পাগল বলে অবহেলা করত, আজ তার অভাবেই সবাই বুঝতে পারছে, সে কতটা প্রয়োজনীয় ছিল।

মানুষের মূল্য অনেক সময় তার উপস্থিতিতে বোঝা যায় না; বোঝা যায় তার অনুপস্থিতিতে।

আমরা অনেক সময় মানুষের পরিচয় খুঁজি তার পোশাকে, কথায় কিংবা অবস্থানে। অথচ একজন মানুষের আসল পরিচয় লুকিয়ে থাকে সে অন্যের জন্য কী রেখে গেল, তার মধ্যে।

চৌমুহনীতে আজও যানজট হয়। শুধু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে লাঠি হাতে চিৎকার করার মানুষটা আর নেই।

মনু পাগলা আর কোনোদিন ফিরবে না।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login