Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৮৪

November 26, 2026

9 views

আয়িশা মাটির ওপর হাঁটু গেড়ে বসে আছে। তার হাতের তালু থেকে নির্গত নীলচে নূর মাটির গভীরে ছড়িয়ে পড়ছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখ দুটো বন্ধ। সে তার ‘ডিটেকশন ম্যাজিক’ ব্যবহার করে আলীকে খোঁজার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু বনটি যেন এক বিশাল জ্যামার, যা প্রতিটি জাদুকরী সংকেতকে শুষে নিচ্ছে।


আয়িশা: (অসহায়ভাবে) কোনো সিগন্যাল পাচ্ছি না স্যার! মাটি আলীকে নিয়ে কয়েকশ ফুট গভীরে চলে গেছে, তারপর সব স্থির। বনটা যেন নিজের পরিচয় গোপন করে ফেলেছে।


ফাতিমা তার তলোয়ারের হাতলটা শক্ত করে চেপে ধরল। তার চোখের দৃষ্টিতে ক্রোধ আর ঘৃণা। সে সাজিদের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল 


ফাতিমা: স্যার, আমরা কি কোনো সাধারণ ম্যাজিক মনস্টারের সাথে লড়ছি? লতাগুলো যেভাবে বুদ্ধিমানের মতো আমাদের আলাদা করল, তা কোনো বুদ্ধিহীন মনস্টারের  কাজ হতে পারে না। ওটা আসলে কী ছিল?


ক্যাপ্টেন সাজিদ আকাশের দিকে তাকালেন। তার শান্ত চেহারায় এবার ভয়ের চেয়েও বড় এক বিষণ্ণতা ফুটে উঠল।


ক্যাপ্টেন সাজিদ: ওটা কোনো মনস্টার ছিল না ফাতিমা। ওটা ছিল একটা 

ডিমন (Demon)।


আয়িশা আর ফাতিমা দুজনেই চমকে উঠল। খিলাফতের ইতিহাস বইয়ে তারা পড়েছে যে কয়েক হাজার বছর আগেই পৃথিবী থেকে ডিমনরা নিশ্চিহ্ন হয়ে গেছে।


ক্যাপ্টেন সাজিদ: রেকর্ড অনুযায়ী ওটা একটা ড্রুইড ডিমন। 

কোনো মানব নূরযোদ্ধা যখন নিজের ঘৃণা, ক্রোধ আর লালসার মতো নেতিবাচক আবেগের কাছে নিজের মানবতাকে বিসর্জন দেয়, তখন তার আত্মা দূষিত হয়ে ডিমনে রূপান্তরিত হয়। কিন্তু হাজার বছর ধরে কেউ কোনো ডিমন দেখেনি। আমি কল্পনাও করিনি যে মায়াপুরের মতো জায়গায় এমন এক প্রাচীন অভিশাপের দেখা পাব।


সাজিদ তার হাতের গ্লাভসটি শক্ত করলেন।


ক্যাপ্টেন সাজিদ: মেয়েরা, সাবধান। এই মিশন আর ‘সি-র‍্যাংক’ নেই। এটা এখন ‘এ-র‍্যাংক’ (A-Rank) বা তার চেয়েও উচ্চপর্যায়ের বিপদে পরিণত হয়েছে। আমাদের কেবল আলীকে বাঁচাতে হবে না, এই দানবের শিকড় উপড়ে ফেলতে হবে।



অন্ধকার গুহার ভেতরে মিটমিটে আলোর আভা। আলীর ধীরে ধীরে জ্ঞান ফিরল। সে দেখল সে লতাপাতা আর নরম শ্যাওলার এক অদ্ভুত বিছানায় শুয়ে আছে। তার চারপাশের পাথুরে দেয়ালে টাটকা ফলমূল সাজানো যেন কেউ তাকে আপ্যায়নের জন্য অপেক্ষা করছে।


আলী ওঠার চেষ্টা করল, কিন্তু তার শরীর প্রচণ্ড ভারী লাগছে। চারদিকে ঘন সাদা কুয়াশা, যা নিঃশ্বাস নিতে কষ্ট দিচ্ছে।


আলী: (চিৎকার করে) ক্যাপ্টেন! ফাতিমা! তোমরা কোথায়? কে আছিস এখানে? সামনে আয়!


গুহার অন্ধকার দেয়ালগুলো থেকে প্রতিধ্বনি হয়ে তার আওয়াজ ফিরে এল। ঠিক তখনই এক গভীর, শান্ত অথচ অতিপ্রাকৃত আওয়াজ আলীর কানে ভেসে এল। সেই কণ্ঠে কোনো হিংস্রতা ছিল না, ছিল এক অদ্ভুত বিষণ্ণতা।


আওয়াজ: ভয় পেও না আলী। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি কেবল তোমার সাথে একটু কথা বলতে চাই। অনেক বছর ধরে আমি তোমার অপেক্ষায় ছিলাম।


আলী রাগে দাঁতে দাঁত ঘষল। সে তার ম্যাজিক গ্লাভসটি সক্রিয় করার চেষ্টা করল।


আলী: কে তুই? আমাকে এভাবে কাপুরুষের মতো মাটির নিচে ধরে আনলি কেন? সাহস থাকলে সামনে আয়!


আচমকা গুহার মাঝখানের কুয়াশাগুলো ঘুরতে শুরু করল। দেয়াল থেকে শত শত শিকড়, লতা আর মরা পাতা খসে পড়ে মাঝখানে পুঞ্জীভূত হতে লাগল। আলীর চোখের সামনে সেই উপাদানগুলো এক হয়ে একটি বিশালাকার মানব আকৃতি ধারণ করল। তার শরীর গাছের ছালের মতো শক্ত, চোখের জায়গায় জ্বলছে ধিকিধিকি সবুজ আলো।


আলী পাথর হয়ে দাঁড়িয়ে রইল। এটাই সেই ড্রুইড ডিমন। সে তার দানবীয় হাত বাড়িয়ে আলীর দিকে এক পা এগিয়ে এল।


ড্রুইড ডিমন: চার বছর অনেক দীর্ঘ সময় আলী। তুই অনেক বদলে গেছিস, অনেক বড় যোদ্ধা হয়েছিস। কিন্তু আমি আজও তোর সেই বন্ধুত্বের ঘ্রাণ ভুলিনি।


আলী থতমত খেয়ে পিছিয়ে গেল। কণ্ঠটা তার বড় চেনা মনে হচ্ছে।


আলী: (কাঁপা স্বরে) তুই... তুই আমার নাম জানলি কী করে? কে তুই?


সেই ড্রুইড ডিমন এক দীর্ঘশ্বাস ফেলল, যা বনের বাতাসের হাহাকারের মতো শোনাল। সে নিচু স্বরে উত্তর দিল 


ড্রুইড ডিমন: আমি তোর সেই বন্ধু, যে একদিন নিজের স্বপ্ন তোকে দিয়ে দিয়েছিল। আমি তোর বন্ধু রুস্তম।


আলীর পায়ের নিচ থেকে যেন পৃথিবী সরে গেল। তার সারা শরীর হিম হয়ে এল। তার শৈশবের বন্ধু, সেই দয়ালু রুস্তম আজ এক অভিশপ্ত ড্রুইড ডিমন? বনের নিস্তব্ধতা যেন এক ভয়ংকর আর্তচিৎকারে ফেটে পড়ল।


(৮৪ তম পর্ব সমাপ্ত)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login