২০২৭ সালের চিলড্রেনস বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ২৪ নভেম্বর বুকার প্রাইজ ফাউন্ডেশন এই তালিকা প্রকাশ করেছে। প্রথমবারের মতো চালু হওয়া এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে ৮টি বই। ৮ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য রচিত সেরা সমসাময়িক কথাসাহিত্যকে সম্মাননা জানাতে এই পুরস্কার চালু করা হয়েছে।
সংক্ষিপ্ত তালিকাটি একটি বিচারক প্যানেল দ্বারা নির্বাচিত হয়েছে, যার সদস্যরা হলেন লেখক ফ্র্যাঙ্ক কট্রেল-বয়েস, অভিনেত্রী ললি অ্যাডেফোপ এবং উত্তর লন্ডনের শিশুদের বইয়ের দোকান ‘দ্য চিলড্রেনস বুকশপ’ এর স্বত্বাধিকারী সঞ্চিতা বসু দে সরকার। বিজয়ী নির্বাচনের সময় তাদের সাথে থাকবে ৪ জন শিশু বিচারক। চার হাজারের বেশি প্রার্থী থেকে চার শিশু বিচারককে বেছে নেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছে ১২ বছর বয়সী ইব্রাহিম এবং লেইনি। অন্য দুজন ১১ বছরের মাইলা আর ৮ বছরের লুনা।
প্রথমবার চালু হওয়া এই পুরস্কারের জন্য ৮৯টি বই জমা পড়েছিল। এই বইগুলোর মধ্য থেকে ৮টি বইকে সংক্ষিপ্ত তালিকার জন্য নির্বাচিত করেন বিচারকরা। ২০২৭ সালের ২ ফেব্রুয়ারি, লন্ডনের ইয়াং ভিঅ্যান্ডএ জাদুঘরে বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। অনুষ্ঠানটি সরাসরি অনলাইনেও দেখা যাবে।
উল্লেখ্য, শিশুতোষ কথাসাহিত্যের জন্য প্রথমবার চিলড্রেনস বুকার প্রাইজ চালু করেছে বুকার প্রাইজ ফাউন্ডেশন। ২০০৫ সালে অনুবাদ সাহিত্যের জন্য আন্তর্জাতিক বুকার চালুর দুই দশক পর ২০২৫ সালের ২৪ অক্টোবর নতুন এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। ২০২৭ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হবে। ৮ থেকে ১২ বছর বয়সী পাঠকদের জন্য বিশ্বের যেকোনো দেশের লেখকের বই এ পুরস্কারের জন্য বিবেচিত হতে পারে। বইটি ইংরেজিতে লেখা বা ইংরেজিতে অনূদিত হতে হবে এবং যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।
সংক্ষিপ্ত তালিকার বইগুলোর নাম এক নজরে দেখে নেওয়া যাক:
১. 'ওয়ার' — লেখক: ওয়েন কলফার ও অ্যান্ড্রু ডনকিন, চিত্রাঙ্কন: জিওভান্নি রিগানো
২. ‘শেমাস অলমোস্ট ফেমাস’— লেখক: জেসিকা স্কট-হোয়াইট, চিত্রাঙ্কন: বেকা মুর
৩. ‘দ্য ওয়ার্স্ট থিং দ্যাট কুড পসিবলি হ্যাপেন’— লেখক: গাই ব্যাস , চিত্রাঙ্কন: ডেভিড রবার্টস
৪. ‘ট্যাডপোল সামার’— লেখক: ক্যাথরিন ব্রুটন
৫. ‘দ্য নাইট আই বরোড টাইম’— লেখক: ইকবাল হুসেইন
৬. ‘দ্য টেলার অব টল টেলস’— লেখক: লিজ হাইডার, চিত্রাঙ্কন: টম ডি ফ্রেস্টন
৭. ‘হোমটাউন’ — অস্ট্রেলীয় শিল্পী শন ট্যান এর লেখা এবং আঁকা
৮. ‘দ্য র্যাম্বলার্স কার্স’— মাইকি প্লিজের লেখা ও আঁকা