Story

আত্ম-অবমূল্যায়ন

November 27, 2026

Original Author মোঃ আবু হানিফ

297 views

"আমাকে আমারই আর ভালো লাগে না, অন্যের কাছে ভালো লাগা তো বিলাসিতা!”—কথাটি নিছক কোনো অভিমানী উচ্চারণ নয়, বরং নিজের অস্তিত্বের প্রতি জমে থাকা এক গভীর অনীহা, আত্ম-অবমূল্যায়নের এক নিঃশব্দ দলিল। জীবনের কোনো এক ক্লান্তিকর অধ্যায়ে এসে মানুষ কখনো কখনো নিজের কাছেই কেমন যেন অচেনা হয়ে যায়। আয়নার সামনে দাঁড়ালে প্রতিবিম্বটাকেও বড় অপরিচিত মনে হয়। নিজের চোখের দিকে তাকিয়েও খুঁজে পাওয়া যায় না সেই চেনা স্বপ্নময় মানুষটিকে। তখন নিজের অস্তিত্বই যেন নিজের কাছে এক অসহনীয় বোঝা হয়ে ওঠে। যে মানুষ নিজের সঙ্গেই আর স্বস্তি খুঁজে পায় না, নিজের ভেতরের ক্ষতগুলো নিয়েই প্রতিনিয়ত লড়াই করে, তার কাছে অন্য কারো ভালোবাসা কিংবা ভালো লাগার প্রত্যাশা সত্যিই এক দুর্লভ বিলাসিতা বলে মনে হয়।

অথচ এই অনুভূতি একদিনে জন্ম নেয় না। তিলে তিলে জমে থাকা অভিমান, প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির দীর্ঘশ্বাস, অবহেলার ক্ষত আর বারবার ভেঙে পড়েও নিজেকে সামলে নেওয়ার ক্লান্তি—সব মিলিয়েই একসময় মনের ভেতর অদৃশ্য এক দেয়াল গড়ে ওঠে। মানুষ ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়, নিজের অনুভূতিগুলোকে আড়াল করতে শেখে, এমনকি একসময় নিজের কাছেও নিজের কষ্টগুলো প্রকাশ করতে দ্বিধাবোধ করে। চারপাশের মানুষ যখন পূর্ণতার গল্প লেখে, তখন নিজের ভেতরের শূন্যতাগুলো আরও প্রকট হয়ে ওঠে। মনে হয়, এই বিশাল পৃথিবীর কোথাও তার জন্য কোনো স্থান নির্ধারিত নেই। প্রতিটি পদক্ষেপে সে নিজেকে অযোগ্য ভাবতে থাকে—কারো হাত ধরার অযোগ্য, কারো হাসির কারণ হওয়ার অযোগ্য, এমনকি কারো প্রার্থনায় থাকারও অযোগ্য। আসলে, সত্যিই কি সে কারো আপন হওয়ার যোগ্য?

অযোগ্যতার বোধ যখন হৃদয়ের গভীরে শিকড় গেড়ে বসে, তখন মানুষ ধীরে ধীরে নিজেকেই সবার জন্য এক অনাকাঙ্ক্ষিত বোঝা ভাবতে শুরু করে। মনে হয়, তার উপস্থিতি যেন অন্যের পথচলায় অদৃশ্য কোনো প্রতিবন্ধকতা তৈরি করছে, তার অস্তিত্ব যেন অন্যের স্বাভাবিক জীবনপ্রবাহে বাড়তি কোনো ভার হয়ে দাঁড়িয়েছে। তাই একসময় সে স্বেচ্ছায় নিজেকে সরিয়ে নেয় আলোর বৃত্ত থেকে, আড়াল করে ফেলে নিজের সমস্ত অনুভূতি। কোলাহলমুখর পৃথিবীর চেয়ে নিঃসঙ্গতার নীরব অন্ধকারই তখন তার কাছে অধিক নিরাপদ মনে হয়। কারণ, তার বিশ্বাস জন্মেছে—যে মানুষ নিজেকেই ভালোবাসতে শেখেনি, নিজের অস্তিত্বকে আপন করে নিতে পারেনি, সে অন্যের ভালোবাসার মর্যাদা কিংবা ভার বহন করবে কী করে!

অথচ ভালোবাসা তো এক পবিত্র অনুভূতি, হৃদয়ের এক অনাবিল আশ্রয়, যেখানে পূর্ণতা নয়, প্রয়োজন হয় পারস্পরিক গ্রহণযোগ্যতা আর মমতার। কিন্তু আত্ম-অবিশ্বাসে ক্ষতবিক্ষত একটি হৃদয় সেই সত্যটুকুও আর উপলব্ধি করতে পারে না। তার কাছে কারো ভালোবাসা পাওয়া যেন এক অলীক কল্পনা, অধরা কোনো স্বপ্নের নাম। দূর আকাশের নক্ষত্রের মতো সেই ভালোবাসা কেবল দূর থেকে মুগ্ধ চোখে দেখে যেতে হয়, অথচ ছুঁয়ে দেখার সাহস কিংবা অধিকার কোনোটাই যেন তার নেই। ঝরে পড়া শুকনো পাতার মতো, কিংবা সময়ের অবহেলায় পাপড়ি হারানো কোনো মলিন ফুলের মতো তার ভেতরের স্বপ্নগুলোও ক্রমশ বিবর্ণ হয়ে আসে। হৃদয়ের গহিনে জমতে থাকে এক অসহ্য চাপা আর্তনাদ, হাজারো না-বলা কথার দীর্ঘশ্বাস; অথচ সেই হাহাকার কখনোই ঠোঁটের কিনারায় এসে শব্দ হয়ে ফুটে ওঠে না। সবটুকু কষ্ট নীরবে নিজের ভেতরেই জমিয়ে রাখে সে, যেন পৃথিবীর কাছে তার কোনো অভিযোগ নেই, নেই কোনো প্রত্যাশা, এমনকি নিজের জন্য একটুখানি ভালবাসা পাওয়ার আকাঙ্ক্ষাটুকুও নেই।

দূরের কাশফুলের ওপর দিয়ে বয়ে যাওয়া হিমেল বাতাস যেন এই না-বলা কথাগুলোরই নীরব সাক্ষী হয়ে থাকে। যে চিঠিটি কখনো লেখা হয় না, কিংবা লেখা হলেও কোনো ঠিকানায় পৌঁছায় না, তার প্রতিটি অক্ষরে মিশে থাকে এমনই এক নিঃশব্দ আত্মসমর্পণের গল্প। সেখানে কোনো অভিযোগ থাকে না, থাকে না কারো প্রতি বিন্দুমাত্র অনুযোগ। থাকে কেবল নিজের প্রতি এক গভীর উদাসীনতা, হারিয়ে ফেলা আত্মবিশ্বাস আর না-পাওয়ার এক চিরন্তন দীর্ঘশ্বাস।

রাতের অন্ধকার আরও গাঢ় হয়ে নামে। রাত গভীরে থেমে যায় পৃথিবীর সব কোলাহল, চারপাশে নেমে আসে এক  নিস্তব্ধতা। পাহাড়ের কোলে কিংবা কোনো নিঃসঙ্গ উপত্যকায় দাঁড়িয়ে থাকা একাকী বাড়িটির চিমনি দিয়ে যেমন ধীরলয়ে ধোঁয়া উড়ে গিয়ে অন্ধকারে মিলিয়ে যায়, মানুষের বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসগুলোও ঠিক তেমনি নিঃশব্দে শূন্যতায় হারিয়ে যায়। আকাশজুড়ে তখন মেঘের আনাগোনা, চারপাশে আবছা অন্ধকার, আর সেই অন্ধকারের বুক চিরে জেগে থাকে কিছু নামহীন অনুভূতি, কিছু অপূর্ণ আকাঙ্ক্ষা, কিছু অসমাপ্ত কথামালা। ভোরের আলো ফোটার ঠিক আগমুহূর্তে যখন রাতের সমস্ত ক্লান্তি ধীরে ধীরে মুছে যেতে থাকে, তখনও এই অনুভূতিগুলো অমলিন থেকে যায়। একটি না-পাঠানো শেষ চিঠির মতোই তা বুকের ভেতর সযত্নে তোলা থাকে—যার কোনো প্রাপক নেই, কোনো প্রত্যুত্তরের অপেক্ষাও নেই। শুধু নিজের প্রতি ভালোবাসা ফুরিয়ে যাওয়ার পর অন্যের ভালোবাসা পাওয়া কেবলই এক অধরা স্বপ্ন হয়ে বেঁচে থাকে অনন্তকাল। তাই নিজের প্রতি অবহেলা নয়, ভালোবাসা ফুরিয়ে যাওয়ার আগেই নিজেকে ভালোবাসুন। কেননা, "জীবন একটাই তাকে ভালোবাসুন"।

মোঃ আবু হানিফ
১২ অগ্রহায়ণ ১৪৩৩

Picked up where you left off

Comments

সিলমিন জাহান ইলমা was this story’s first reader

+25 XP

    Please login to post comment. Login

  • তাই নিজের প্রতি অবহেলা নয়, ভালোবাসা ফুরিয়ে যাওয়ার আগেই নিজেকে ভালোবাসুন। একমত....

    • Abu Hanif 18 hours ago

      ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।