Poetry

সময়ের ওপারে, পিছু ফেরার পথ খোলা নেই 

November 28, 2026

Original Author মোঃ আবু হানিফ

127 views

বেলাশেষে কখনো এমন এক বন্দরে এসে দাঁড়াতে হয়,
যেখান থেকে শেষ খেয়া ছেড়ে যায়—শুধু পারাপারের কড়ি মেলে না।
সবকিছু গুছিয়ে নিয়ে;
পুরনো আঙিনায় ফেরার তৃষ্ণা জাগতেই,
দেখা যায় চেনা গলিগুলো অচেনা কুয়াশায় ঢেকে গেছে।

যে ছায়াতলে বসে সমস্ত ক্লান্তি জুড়ানো যেত,
সেই আশ্রয়গুলো এখন কেবলই শূন্যতার হাহাকার।
না বলা অভিমানগুলো বুকের ভেতর পাথর হয়ে জমেছিল,
সেগুলো আজীবন নিঃশব্দেই থেকে যায় অন্তরালে।

পথ চলতে চলতে অনেক কিছুই হাতছাড়া হয়ে যায়—
কখনো অসাবধানতায়, কখনো বা বাস্তবতার কষাঘাতে।
আবার কখনো হিসেব মেলাতে গিয়ে হারিয়ে যায় জীবনের সকল সঞ্চয়।
ভুলগুলো যখন অনুশোচনার বিষ হয়ে বিঁধতে থাকে,
তখন আর নতুন করে সব সাজিয়ে নেওয়ার অবকাশ থাকে না।

চেনা চৌকাঠে এসে আজ কড়া নাড়লে—
ভেতর থেকে চেনা কণ্ঠে কেউ আর নাম ধরে ডাকে না।
কোনো এক নিঝুম গোধূলিতে পেছনের দিকে তাকালে
থমকে দাঁড়াতে হয় এক অদ্ভুত শূন্যতায়।

যান্ত্রিক কোলাহলে হাঁপিয়ে ওঠা মনটা শিকড়ের টানে বারবার পিছু ফেরে,
সময় তখন নির্মম সত্য হয়ে কানে কানে বলে যায়—
"বেলা বয়ে গেছে অনেক... তোমার আর পিছু ফেরার পথ খোলা নেই।"

মোঃ আবু হানিফ
১৩ অগ্রহায়ণ ১৪৩৩

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login