মার্কিন কথাসাহিত্যিক অ্যালান গুরগানাস দীর্ঘ ৩০ বছর পর নতুন একটি উপন্যাস প্রকাশ করতে যাচ্ছেন। প্রকাশনা সংস্থা লিভারাইট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এটি ২০২৭ সালের ৬ এপ্রিল প্রকাশিত হবে।
'দ্য ইরোটিক হিস্ট্রি অব আ কান্ট্রি ব্যাপটিস্ট চার্চ: আ নভেল ইন টেলস' উপন্যাসটির কাহিনী যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার কাল্পনিক শহর 'ফলস' এর বাইরের একটি ব্যাপটিস্ট চার্চকে কেন্দ্র করে লেখা হয়েছে। গুরগানাস এই বইয়ে চার্চের সদস্যদের ব্যক্তিগত অদ্ভুত আচরণ, আর্থিক তছরুপ এবং গোপন প্রেমের জটিলতা তুলে ধরেছেন। লিভারাইট জানিয়েছে, বইটি একবিংশ শতাব্দীর জন্য যুক্তরাষ্ট্রের সেই চিরায়ত দক্ষিণাঞ্চলীয় উপন্যাসের ধারাকে পুনরুজ্জীবিত করেছে।
গুরগানাস, ১৯৮৯ সালে ‘ওল্ডেস্ট লিভিং কনফেডারেট উইডো টেলস অল’ উপন্যাসের মাধ্যমে সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন। এই উপন্যাসে ৯৯ বছর বয়সী লুসি মার্সডেন তার জীবনের গল্প তুলে ধরেন। তিনি বর্ণনা করেন, কীভাবে তিনি গৃহযুদ্ধের এক নিষ্ঠুর অভিজ্ঞতাসম্পন্ন প্রবীণ সৈনিকের বাল্যবধূ হয়েছিলেন এবং নয় সন্তানের জননী হিসেবে জীবন অতিবাহিত করেছিলেন। বইটি অত্যন্ত জনপ্রিয় ও বেস্টসেলার হয়েছিল। পরবর্তীতে এ বই অবলম্বনে একটি টিভি মিনি সিরিজ নির্মিত হয়, যাতে অভিনয় করেছিলেন ডায়ান লেন ও ডোনাল্ড সাদারল্যান্ড।
উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রকাশিত ‘প্লেজ ওয়েল উইথ আদার্স’ উপন্যাসটি ছিল তার দ্বিতীয় এবং সর্বশেষ উপন্যাস। এরপর তিনি আর কোনো পূর্ণাঙ্গ উপন্যাস লিখেননি। অবশ্য এই সময়ের মধ্যে তিনি ‘হোয়াইট পিপল’, ‘লোকাল সোলস’, এবং ‘দ্য আনকালেক্টেড স্টোরিজ অব অ্যালান গুরগানাস’ নামক গল্প সংকলনগুলো প্রকাশ করেন। পাশাপাশি ‘দ্য প্র্যাকটিক্যাল হার্ট’ নামে একটি নভেলা সংকলনও প্রকাশ করেছেন।