Poetry

প্রিয়তমা

May 18, 2024

Original Author আহমেদ ইসহাক

47
View
প্রিয়তমা!
[মেহেনাজ এ্যানিকে]

প্রিয়তমা!
সূর্যের মতো জেগে উঠেছে মানুষ।
দেখো—   
সূরা বাকারার মতো দীর্ঘ
ফ্যাসিবাদ বিরোধী মিছিল।

চলো— মিছিলে যাই
আমাদের অনুপস্থিতিতে মিছিলে
নেমে আসতে পারে অবক্ষয়।
পথ ভুলে বিপ্লবীরা চলে যেতে পারে ব্রোথেলে।
বিবেককে টয়লেটে ফ্লেশ করে
খেলা দেখতে;
কেউ কেউ বসে যেতে পারে
মহসিন হলের মাঠে।

প্রিয়তমা!
ওঠো! উঠে এসো!
এই অন্ধকারের দিনে
পাশ্চাতগামী স্কুল মাস্টারের শয্যাসঙ্গী হতে
তোমার জন্ম হয়নি।
শশুড়-শাশুড়ির খেদমতের ফজিলত
তোমার জন্য নয়।

দেখো—
সূর্যকে গিলে খেতে চায় নপুংসকের দল।
আর অন্ধকারে বসে জপে– উন্নয়ন! উন্নয়ন!
সাথে উচ্ছিষ্টলোভী এক পাল কুকুর
টকশোতে বসে করছে বিভ্রান্তিকর ঘেউ ঘেউ।

প্রিয়তমা!
উন্নয়ন এখন শুধুই শব্দদূষণের নাম।

চলো— মিছিলে যাই,
বিপ্লবে শরিক হই;
মিছিলেই খুঁজি জীবনের মানে।
রাজপথকে বানাই আমাদের বাসর;
স্লোগানে মিটাই অর্গাজমের সুখ।

কথা ছিলো আমাদের চিন্তার সঙ্গমে
জন্ম নিবে নতুন বিপ্লব!
তৈরি হবে মুক্তির পথ!
প্রতিশ্রুতি ভঙ্গ সবার জন্য শোভনীয় নয়।
ওঠো, উঠে এসো তুমি।

তুমি এভাবে অন্যের বিছানায়
শুয়ে থাকতে পারো না।

প্রিয়তমা!
আপনি অন্যের বিছানায় গেলে
আমার মানুষ জন্ম ব্যর্থ হয়ে যায়।


(বই: দ্বিতীয় ঈশ্বর, 
প্রকাশনী : দুয়ার প্রকাশনী)

Comments

    Please login to post comment. Login