Posts

কবিতা

জন্মভূমি ও মাটি

February 21, 2026

মোঃ রেজওয়ানুল ইসলাম

43
View

তুমি নিস্তব্ধ, মায়াময়ী প্রকৃতি আর প্রেমময় শির,
তুমি চঞ্চল, মাতোয়ারা, যেন চিরকাল অধীর।
সময়মতো তুমি তাণ্ডব, হও অদম্য বীর
সত্যিই তুমি প্রেম আর ভালোবাসার নীড়।

তুমি উজ্জ্বল, সবার মঙ্গল,
তোমাতেই সকল বল।
কৃতকর্মের মধুর ফল,
আনন্দের বিহ্বল।

তুমি নীল, শান্তির হিল
প্রেম যেন অনন্ত শীল।
তুমি সবার উর্বর আশ্রয়;
তোমার পরশে কাটে সকল ভয়।
তুমি শত্রুর হানি, পবিত্র বাণী
এক সুন্দর মহীয়ান প্রাণ,
সকল প্রাণ করো আহ্বান।

তোমাতেই সকল স্বপ্ন
হোক সে সফল বা ভগ্ন;
তুমি অরুণ, পবিত্র মাটি
হয়েছ চিরখাঁটি;
যেন ইতিহাসের ঘাঁটি,
যার প্রতিটি কোণায় বিজয়ের উল্লাস,
তোমাতেই শায়িত-
লাখো বিজয়ী লাশ।

তুমি শ্রমিকের ঘামঝরা স্নান,
কৃষকের প্রাণের টান।
মায়ের অশ্রুস্নাত প্রার্থনা,
সন্তানের দৃঢ় আরাধনা।

তুমি বিপদে সাহসী হাত,
ঐক্যের দৃঢ় প্রভাত।
শস্যভরা সোনার মাঠ,
অসতিত্বের গর্বগাঁথা পাঠ।

তুমি বিপ্লবের অগ্নিবীর,
চির গৌরবের সমীর।
তুমি ভাষার অহংকার,
তুমি পতাকা স্বাধীনতার।
তুমি নদীর কলকল সুর,
তুমি সীমান্তের দৃপ্ত নুর।

তুমি সফল যুক্তি,
জনতার শক্তি,
বেঁচে থাকার চুক্তি;
তোমাতেই যেন মুক্তি।

তুমি বাংলার রানি,
ফুলের সৌন্দর্যের খনি,
হাজারো পাখির গান;
তোমাতেই পরিত্রাণ।

তুমি ভ্রমরের গুঞ্জন,
শত বীরের অর্জন,
করেছ অম্লান;
তোমাতেই পরিত্রাণ।

তুমি গ্রামের সৌন্দর্য,
শহরের শিল্প,
হাজারো প্রাণের আধান;
তোমাতেই পরিত্রাণ।

তুমি ধূসর, নীল সাগরের ধার,
তোমাতেই সবার নির্ভরতার ভার।
তুমি প্রাণের পরম উচ্ছ্বাস,
তোমাতেই সবার বসবাস।

হে মোর পবিত্র জন্মভূমি,
তুমি এই জনমের আধার।
সকলের আশা—
নিশ্চুপ প্রাণ—
আর প্রেমের পরম অবতার।
তোমাতেই যেন শেষ আশ্রয় -
তোমাতেই নিস্তার।

Comments