Poetry

নিঃসঙ্গ ডাকবাক্স

April 21, 2026

166 views

রাস্তার মোড়ে দাঁড়িয়ে একা, মরচে ধরা গায়,

চুপচাপ এক ডাকবাক্স স্মৃতির প্রহর গুনছে থায়।

এক সময় তার পেটে জমা হতো হাজারো চিঠির ভীড়,

কারো কান্না, কারো হাসি, কারো বা চোখের নীড়।

হলুদ খামে জমা থাকতো দূর প্রবাসের টান,

লাল বাক্সের ভেতর গুমরে উঠত কত না অভিমান।

খটখট শব্দে খুলতো যখন রানারের চাবির ঘর,

মুহূর্তে ছড়িয়ে পড়তো খবর, কে আপন, কে পর।

এখন আর কেউ আসে না হাতে নিয়ে নীল খাম,

মোবাইলের স্ক্রিনে সব আবেগ পায় না কোনো দাম।

ডাকপিওন আজ পথ ভুলে গেছে, আসে না তো আর কেউ,

ডাকবাক্সের মনে এখন কেবল নিস্তব্ধতার ঢেউ।

তবুও সে আজো দাঁড়িয়ে আছে পথের ধারে ঠায়,

হয়তো কোনো হারানো চিঠি আসবেই প্রতীক্ষায়।

ডিজিটাল যুগেও ডাকবাক্সটা যেন এক নীরব সাক্ষী রয়ে যায়,

পুরানো দিনের মায়ার কথা সে একা একা গেয়ে যায়।

নিঃসঙ্গ ডাকবাক্স
Picked up where you left off

Comments

    Please login to post comment. Login