নির্ঘুম এক হাজার উননব্বই রাতের ঘুম চোখে নিয়ে
তবু ঘুমকে দিয়েই ভালোবাসার চিঠি পাঠিয়েছি রাতকে।
বলেছি প্রিয়তমা রাত,
আপন জন্মক্ষণ আবিষ্কারের নেশা যখন আমাকে দাঁড় করিয়েছে মানবজন্মের রাজনীতির দরজায়
তখনও তুমি দিয়েছ নিঃশব্দ-নিঃশর্ত সঙ্গ।
সেইসব কতশত রাতের ঋণী হয়েও আমি মীমাংসাহীন রয়ে গেছি আজও।
আজ নয় শুধু, আরো কয়েক হাজার বছর খুঁজে ফিরেও জানি পাবোনা উত্তর।
হায় মানবজন্ম, হায় তার ব্যবচ্ছেদ।
আমিতো আপনজন্মমগ্ন হয়েই রয়ে গেলাম
তাই কখনও প্রেমের সাথে জনমের সুতা জোড়া লাগাতে গিয়েছি,
কখনও মায়ার পক্ষ নিয়ে ক্ষুধার সাথে হাতাহাতি করেছি,
তারপর কামের সুলুক চষে এসে অবশেষে অর্থ-বৃত্তের কাঙাল হয়েছি।
এও জানি এখন অগোচরে সম্মুখে অপেক্ষা করে আছে ক্রোধ-ঘৃণা-হিংসা
আর সাথে সব বদ মানব রিপুরা।
এখন হাজার বছরের ঘুম চোখে নিয়ে আমি এগুচ্ছি ভবিতব্যে,
রাজনীতি হেরে গেছে নেশার কাছে, জনম রহস্য পাঠের নেশা।
পাতা উল্টালেই সম্মুখে ক্রোধের অধ্যায় তারপর একে একে ঘৃণা লোভ হিংসা।
হে প্রিয়তমা রাত,
বলতে পারো আর কত অধ্যায় পড়া শেষ হলে,
দেখতে পাবো আপন জনম
বুঝতে পাবো মানবজন্মজট
জানতে পারবো এক হাজার উননব্বই রাতের জিজ্ঞাসা
"কেন এ মানব জনম আমার?"