Poetry

ভ্রমের জগৎ

June 16, 2026

Original Author মোঃ সাইফুল ইসলাম

100
View

এই ভ্রমের জগৎ বারে বারে ছেয়ে যাক

ঘন কালো অন্ধকারে;

এভাবেই মেঘেরা রাজত্ব করুক

পুরো আকাশ জুড়ে।

আকাশ ভেঙে বৃষ্টি নামুক,

পুরো জগৎ যাক ভেসে;

ঢলের পানি তীব্র স্রোতে ছুটুক

নদীর দুকূল ছাপিয়ে।

একে একে ভেঙে পড়ুক

প্রাসাদ যত গড়া নরম পলিতে,

যেখানে মিথ্যারা রাজত্ব করে

বহুদিন অতি নিরাপদে।

এই মোহের জগৎ বারে বারে গ্রাস করুক

অতি আগ্রাসী ঝড়ে;

মুহূর্তে সব লন্ডভন্ড করে দিক,

যত অহমিকা আছে।

সব বৃক্ষ সমূলে উৎপাটিত হোক,

যারা আছে খাদের কিনারে;

সকল লতা ছিঁড়ে যাক,

যারা আছে বৃক্ষকে পেঁচিয়ে।

একে একে সব ডালপালা ভেঙে পড়ুক,

যারা বেড়েছে অতি বাড় বেড়ে;

এভাবেই বার বার ধ্বংস হয়ে যাক

আত্মঅহমিকার বৃক্ষ যত আছে।

Comments

    Please login to post comment. Login