সম্পর্কের নিজের আত্মসম্মানবোধ নেই—
সময়ের প্রয়োজনে কাছে আসি,
সময়ের প্রয়োজনে ছেড়ে যাই;
স্বার্থের প্রয়োজনে কাছে আসি,
স্বার্থ ফুরালে ছেড়ে যাই।
সময়ের নিজের গতি নেই—
ভালো সময় দ্রুত যায় না,
আমরা হিসেব ভুলে যাই;
খারাপ সময় ধীরে চলে না,
আমরা হিসাব বুঝে নেই।
সত্য-মিথ্যের নিজস্ব পরিচয় নেই—
যে জিতে যায়, সেটাই সত্য,
যে হেরে যায়, সেটাই মিথ্যে;
যেটা মেনে নেই, সেটাই বাস্তব,
যেটা মেনে নেই না, সেটাই কল্পনা।
সফলতা বলতে আসলে কিছুই নেই—
এগুলো তো ব্যর্থতা ঢাকার গল্প,
দিনশেষে সবকিছু তো ছেড়েই দিতে হবে।
প্রত্যেকটা জীবনের গল্পই শেষ করা যাবে
একটা বিশ লাইনের কবিতায়।