Posts

পোস্ট

মাঠেই অমলিন লিওনেল মেসি

June 24, 2026

MIZAN FARABI

Original Author মিজান ফারাবী

143
View

লিখছেন ইতিহাস, আবার নিজেই পাল্টে দেন সেই ইতিহাসের পাতা। যার পায়ের ছন্দে মুগ্ধতার পাঠ নিচ্ছে ফুটবল দুনিয়া

কার কথা বলছি? ইতোমধ্যেই টের পেয়েছেন। ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নিয়েছিলেন কোটি কোটি মানুষের আবেগ, অসংখ্য স্বপ্ন আর স্মরণীয় মুহূর্তের কারিগর হয়ে উঠা কিংবদন্তি লিওনেল মেসি।

রোজারিওর সাধারণ পরিবার থেকে উঠে আসা মেসির গল্পটা সবারই জানা। সেই শৈশবে মাঠের পথচলা থেকে নানান প্রতিকূলতার মাঝে বেড়ে উঠা।

বার্সেলোনার লা মাসিয়ায় যোগদানের পর সব বাধা পেরিয়ে তিনি হয়ে ওঠেন দুনিয়ার সবচেয়ে আলোচিত ফুটবলারদের একজন। সেই রোজারিও থেকে বিশ্বকাপের মঞ্চে স্বপ্নের শিরোপাটাও জয় করে নিলেন মেসি।

কীর্তিমানদের স্বীকৃতি আর  ফুটবলে প্রাপ্তি বলে আর কিছুই বাকি নেই তার। বার্সেলোনার জার্সিতে সম্ভাব্য প্রায় সব শিরোপা জয়ের পাশাপাশি গড়েছেন অসংখ্য রেকর্ড।

মাঠের খ্যাতি আর পারফরম্যান্সে রেকর্ডসংখ্যক আটবার ব্যালন ডি’অর জয় করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

মেসির জীবনের সবচেয়ে মহাকাব্যিক অধ্যায় লেখা হয় ২০২২ সালের কাতার বিশ্বকাপে। দীর্ঘ অপেক্ষার পর কাতারের লুসাইল স্টেডিয়ামে হাতে ওঠে সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপের ট্রফি।

আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘুছিয়ে নির্ভার হলেন তিনি। একইসাথে পূরণ করলেন নিজের সবচেয়ে বড় স্বপ্নও। অধরা শিরোপাটাও ছুঁয়ে দেখলেন ক্যারিয়ারের উজ্জ্বল সময়ে। বিশ্বকে জানান দিলেন কেন তিনি সেরা।

এই তো, জন্মদিনের মাত্র দুই দিন আগেই ২৮ ম্যাচে ১৮ গোলে করেছেন বিশ্বকাপের নতুন রেকর্ড। এক ম্যাচেই মাঠে নেমে চারটি বিশ্ব রেকর্ডে ইতিহাসের না দেখা পাতা উল্টালেন নিজেই।

হালের এমবাপ্পে, লামিন কিংবা তালের রোনালদো, হল্যান্ড সবাইকে ছাপিয়ে একাই যেন হয়ে উঠেছেন ফুটবলের মহাতারকা।

এই বয়সে ফুটবলাররা যখন ক্যারিয়ারে শেষের পথে হাঁটতে শুরু করে, তখন মেসি যেন নতুন করে নিজেকে আবারো আবিষ্কার করলেন।

৩৯-এ অমলিন মাঠের মেসি। পাসিং থেকে ফ্রি-কিক, খেলার নিয়ন্ত্রণ কিংবা ম্যাচের ভাগ্য বদলের ক্ষমতা এখনো ফুটবল দুনিয়াকে তাক লাগিয়ে দিচ্ছে।

সমালোচনার পাহাড় পেরিয়ে মেসি একাই দেখিয়েছেন কীভাবে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয়। ফুটবলের পেলে ও ম্যারাডোনার মতোই ইতিহাসের পাতায় নিজের নামটাও লেখালেন স্বর্ণাক্ষরে।

ফুটবলে ইউরোপ জয়ের পর ইন্টার মায়ামিতে যোগ দিয়ে শুধু একটি ক্লাব নয়, পুরো দেশের ফুটবল সংস্কৃতিতেই নতুন প্রাণ এনে দিয়েছেন এলএমটেন।

যেদিকে পা রাখছেন নিজেই নজির হয়ে যাচ্ছেন। ক্লাব থেকে বিশ্ব ফুটবলে তাকে ঘিরে দর্শকদের উন্মাদনা আজ সেটিরই প্রমাণ দিয়ে যাচ্ছে।

ফুটবল বিশ্বে যেন ওই এক নামেরই বন্দনা, সব দিকে মেসি, মাঠের মেসি, বিশ্বজয়ী কিংবদন্তি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

Comments

    Please login to post comment. Login